ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রংপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫


রংপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

রংপুর ক্যাডেট কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। কলেজটির ৪৭ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। শুধু পাসই নয়, প্রত্যেক পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, রংপুরের অন্যান্য শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও ভালো ফলাফল করেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮ জন পাস করেছেন। তাদের মধ্যে ৬১ জন জিপিএ-৫ অর্জন করেছেন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪৯ জন পাস করেছেন। তাদের মধ্যে ৩১০ জন জিপিএ-৫ পেয়েছেন। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ৭১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯৩ জন পাস করেছেন। ১২২ জন জিপিএ-৫ পেয়েছেন। রংপুর সরকারি কলেজের ১ হাজার ২৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২০৭ জন পাস করেছেন। ৪২৮ জন জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন: জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নে অগ্রাধিকার দিতে চান ইশরাক

অন্যদিকে, কারমাইকেল কলেজের ১ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮২ জন পাস করেছেন। তাদের মধ্যে ১১৬ জন জিপিএ-৫ পেয়েছেন। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৫ জন পাস করেছেন। ২৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

এদিকে, বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৮ জন পাস করেছেন। তাদের মধ্যে তিনজন জিপিএ-৫ পেয়েছেন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৫৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০০ জন পাস করেছেন। ৫ জন জিপিএ-৫ পেয়েছেন। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের ৯৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬১ জন পাস করেছেন। ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন।

এ ছাড়া, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আরসিসিআই পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৯ জন পাস করেছেন। তবে পাস করা কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

এবারও রংপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৮ বছরে সর্বনিম্ন পাসের হার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ইসরাইলে ইহুদি-আরব জোট সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক

ইসরাইলের পরিবর্তনকামী জনতা নতুন সরকার গঠনের জন্য ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে বিক্ষোভের ডাক দিয়েছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশজুড়ে বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত সপ্তাহের নির্বাচনে সরকার পরিবর্তনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেওয়ায় এই বিক্ষোভের ডাক দিয়েছে ‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের একটি সংগঠন।

আয়োজকরা জানিয়েছেন, আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, বিয়ারশেবা, হাইফা ও তাইবেতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবারের নির্বাচনে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী জোট ৬৭টি আসন পেয়েছে, যার মধ্যে ৪৮টি ইহুদি জায়নবাদী দলগুলোর এবং ১৯টি আরব ফিলিস্তিনি দলগুলোর দখলে। ফলে সরকার গঠনে আরব দলগুলোর সঙ্গে জোট গড়া নিয়ে ইহুদি নেতাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

ইহুদি জায়নবাদী চারটি দল হলো গাদি আইজেনকোটের ইয়াশার, নাফতালি বেনেটের বি'ইয়াহাদ, ইয়ার গোলানের দ্য ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরাইল বেইতেনু। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দুটি দল হলো ইউসুফ জাবারিনের জয়েন্ট লিস্ট এবং মনসুর আব্বাসের রা'আম।

বিক্ষোভের আয়োজকরা বলেন, ‘পরিবর্তনের পক্ষে থাকা জোটের নেতারা নির্বাচনে নিজেদের বিজয় স্বীকার করে ইহুদি-আরব অংশীদারত্বের ভিত্তিতে সরকার গঠন করবেন, এটাই বিক্ষোভকারীদের দাবি।’

তারা আরও বলেন, ‘পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে। এখন অংশীদারত্ব থেকে সরে আসার সময় নয়, বরং এটিকে এমন রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে, যা বাস্তবতা বদলে দিতে পারে। আরবদের ভোটের মূল্য ইহুদিদের ভোটের সমান। দেশের ভবিষ্যৎ নির্ধারণে আরব নাগরিকদেরও পূর্ণ অংশীদার হতে হবে।’

শুক্রবার রাতে বিরোধী নেতা ইয়ার গোলান আশাবাদ প্রকাশ করেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে পরিবর্তনের জোট সরকার গঠন করতে পারবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে কোনো জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

গোলানের ভাষায়, বিরোধী দলগুলো সরকার গঠন করতে পারে এবং তাদের অবশ্যই তা করতে হবে। যদিও ১২০ আসনের নেসেটে জায়নবাদী বিরোধী দলগুলোর আসন মাত্র ৪৮টি। রা'আমকে সঙ্গে নিলে তাদের আসন দাঁড়াবে ৫৬টিতে। আর জয়েন্ট লিস্টের রয়েছে আরও ১১টি আসন।

গোলান জানান, বৃহস্পতিবার তিনি ইয়াশার নেতা গাদি আইজেনকোট, বি'ইয়াহাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়ার লাপিদ এবং রা'আমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। তার ভাষায়, তিনজনকেই সরকার গঠনের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়েছে।

তবে আভিগদর লিবারম্যান শুক্রবার আবারও স্পষ্ট করেন, পরবর্তী নেসেটে আরব নেতৃত্বাধীন দল দুটিকে নিয়ে কোনো জোট সরকারে অংশ নেবে না তার দল। ফেসবুকে তিনি লেখেন, ‘আমরা সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে বসব না!’ এ সময় রা'আম ও জয়েন্ট লিস্টের কয়েকজন সংসদ সদস্যের বক্তব্য ও কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন তিনি।

লিবারম্যান এর আগে নেতানিয়াহুর সঙ্গেও কোনো সরকারে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

এদিকে নির্বাচনে আরব ভোটারদের ঐতিহাসিকভাবে বেশি অংশগ্রহণ দেশটির আরব নেতৃত্বাধীন দলগুলোকে সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। ফলে তাদের সমর্থন ছাড়া সরকার গঠন করতে না পারার বাস্তবতায় পড়েছে জায়নবাদী বিরোধী দলগুলো।

অন্যদিকে নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এলেও নেতানিয়াহুর সামনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্পষ্ট পথ নেই। তার বর্তমান কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ধর্মীয় মিত্রদের বাইরে নতুন সমর্থন না পেলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাওয়া কঠিন।

এমন পরিস্থিতিতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান মোশে ইয়ালনও আরব দল রা'আমকে নিয়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিনি ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোকে মনসুর আব্বাসকে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও দেন।

ইয়ালন উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের কর্মকাণ্ডের সঙ্গে মনসুর আব্বাসের অবস্থানের তুলনা করেন।

বেন গভির সম্পর্কে তিনি বলেন, একসময় হেবরন এলাকায় ঘৃণা, উসকানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগে তিনি ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের নজরদারিতে ছিলেন। ইহুদি সন্ত্রাসী সংগঠনকে সমর্থনসহ বিভিন্ন কর্মকাণ্ডে আটটি পৃথক অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

অন্যদিকে স্মোত্রিচকে ২০০৫ সালে গাজা থেকে ইসরাইলের প্রত্যাহার পরিকল্পনার আগে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একটি মহাসড়কে ৭০০ লিটার জ্বালানি বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন।

ইয়ালন বলেন, ‘মনসুর আব্বাস ইহুদি নন। কিন্তু আমি আশা করি, অধিকাংশ ইসরাইলি নাগরিকের মূল্যবোধ উগ্র ধর্মীয় জাতীয়তাবাদী, বর্ণবাদী ও ফ্যাসিবাদী মনোভাবাপন্নদের চেয়ে তার মূল্যবোধের সঙ্গে বেশি মিলবে।’

নির্বাচনের পর ইসরাইলের রাজনীতিতে সরকার গঠন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে আরব দলগুলোর সমর্থন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে বিরোধী জোটের অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে ইহুদি-আরব অংশীদারত্বের সরকার গঠন সম্ভব হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপ্তি

দিনাজপুরে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই জীবনমুখী এবং তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি শনিবার (৩১ অক্টোবর ২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন ভবনের ৩য় তলার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সমাজকল্যাণ মন্ত্রী তাঁর বক্তব্যে স্তন ক্যানসার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, স্তন ক্যান্সার চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা অত্যন্ত জরুরি। সঠিক সময়ে রোগ শনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম এবং খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর যৌথভাবে এই মাসব্যাপী কর্মসূচির আয়োজন করে।

সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে সভাপতিত্ব করেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, দিনাজপুর এর সহ-সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মূসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

অধিবেশনে বক্তারা বলেন, স্তন ক্যানসার বিষয়ে নারীদের সামাজিক সংকোচ ও দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। একই সাথে দেশজুড়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং ( শনাক্তকরণ) সুবিধা আরও জোরদার করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তারা।

এর আগে অনুষ্ঠিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা স্তন ক্যানসার আধুনিক চিকিৎসা পদ্ধতি, চিকিৎসাবিজ্ঞানের নতুন অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির নানাবিধ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাসব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি স্তন ক্যানসার প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নতুন সচেতনতার জোয়ার তৈরি করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকল্প সরকার গঠনের প্রস্তুতির আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


বিকল্প সরকার গঠনের প্রস্তুতির আহ্বান জানালেন হাসনাত আব্দুল্লাহ

এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, বিরোধী দলের জন্য কেবল নামেমাত্র সরকারের সমালোচনা যথেষ্ট নয়। বরং নিজেদের কার্যকর ও বিকল্প সরকার হিসেবে প্রস্তুত করতে হবে। আপসহীন অবস্থানে থাকতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসের কোনো সুযোগ নেই।

শনিবার (৩১ অক্টোবর) যশোরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন, যা ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজন করা হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।

হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, সুশাসন নিশ্চিত করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। লোকদেখানো বিরোধিতা নয়, বরং কোথাও কোনো অনিয়ম বা কারচুপি ঘটলে তা শক্ত হাতে ও দ্ব্যর্থহীন ভাষায় জনগণের সামনে তুলে ধরতে হবে।

তিনি স্পষ্টভাবে জানান, আপসকামী রাজনীতির দিন শেষ। কারচুপির ঘটনায় নমনীয়তা দেখানো যাবে না, বরং চোখে চোখ রেখে প্রতিবাদ জানাতে হবে। বিরোধী দলে থেকে কোনো ধরনের আপসকামিতা বা ছাড় দেওয়ার মানসিকতা জনগণ মেনে নেবে না।

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কেবল চেয়ার পরিবর্তন বা নির্বাচনই যথেষ্ট নয়; বরং পিএসসি, নির্বাচন কমিশন এবং ব্যাংক খাতসহ রাষ্ট্রের মৌলিক কাঠামোগুলোর আমূল সংস্কার করতে হবে। বর্তমান প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের ফিটনেস ও ইঞ্জিন ঠিক না করলে দেশ সঠিকভাবে এগোতে পারবে না।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম পরিবর্তনের স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে। এই প্রজন্ম শুধু রক্ত দিয়েই ক্ষান্ত হবে না বরং নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেবে। বেকারত্ব দূরীকরণ ও সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা না করলে জনগণ ফের রাজপথে নামতে বাধ্য হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে রাজপথে সোচ্চার থাকার ঘোষণা দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


লঘুচাপ নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে চারটি সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নিম্নচাপটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%