০৭:৩৫ পি.এম
সুনামগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৬ : সুনামগঞ্জে ঐতিহ্যবাহী বাঁশ শিল্পের চাহিদা হ্রাস পেয়েছে, যা প্লাস্টিকের সামগ্রী এবং আধুনিক নির্মাণ উপকরণের ব্যবহারের কারণে ঘটেছে। এর ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগর এবং ব্যবসায়ীরা জীবিকা নির্বাহে সংকটে পড়ছেন। অনেক পরিবার দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।
গ্রামীণ জনপদে একসময় বাঁশের ব্যাপক ব্যবহার ছিল ঘরবাড়ি নির্মাণ, বেড়া, চালা, মাচা এবং কৃষিকাজে। বিশেষ করে আমন ধান কাটার মৌসুম এবং বোরো চাষের প্রস্তুতির সময় সুনামগঞ্জ পৌর শহর, জগন্নাথপুর, জামালগঞ্জ, দোয়ারাবাজার এবং বিশ্বম্ভরপুর উপজেলার বাঁশের বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যেত। দূর-দূরান্ত থেকে মানুষ ঘরবাড়ি নির্মাণ ও মেরামতের জন্য বাঁশ কিনতে আসতেন। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চিত্র অনেকটাই বদলে গেছে।
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে বাঁশের তৈরি আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রী নিয়ে বসে থাকলেও ক্রেতাদের উপস্থিতি খুবই কম।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
পলাশ ইউনিয়নের দুধপুর গ্রামের আল-আমিন জানান, তিনি গত ১০ বছর ধরে নিজে বাঁশের জিনিস তৈরি করে বিক্রি করছেন। একই ইউনিয়নের মাঝাইর গ্রামের আবেদ আলী ২৫ বছর ধরে কৃষিকাজের পাশাপাশি বাঁশের তৈরি সামগ্রী বিক্রি করছেন। কুটিপাড়া গ্রামের শাহাবুদ্দিনও গত ২০ বছর ধরে এই পেশায় যুক্ত রয়েছেন।
সুনামগঞ্জ সদর উপজেলার ওয়েজখালীর বাঁশ ব্যবসায়ী দিলোয়ার মিয়া বলেন, আগে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি বাঁশ বিক্রি হলেও এখন ১৫ থেকে ২০টির বেশি বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। প্রতিটি বাঁশের দাম ৩০০ থেকে ৪০০ টাকা হওয়ায় ক্রেতারাও আগ্রহ হারাচ্ছেন। আগে অগ্রহায়ণ ও বৈশাখ মাসের আগেই ক্রেতারা অগ্রিম টাকা দিয়ে বাঁশ বুকিং করতেন। বর্তমানে নির্মাণকাজ ছাড়া বাঁশের চাহিদা অনেক কমে গেছে।
বাঁশের তৈরি কুলা, ঝুড়ি, ডালা, চালুনি ও চাটাইয়ের চাহিদাও কমেছে। প্লাস্টিকের সামগ্রীর সহজলভ্যতায় ঐতিহ্যবাহী পণ্যের ব্যবহার কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারিগররা।
ওয়েজখালী গ্রামের আজুর মিয়া বলেন, আগে বাড়িতে বাঁশের তৈরি কলই, ঝুড়ি ও ডালা ব্যবহার করা হতো। কিন্তু এখন এসব পণ্যের জায়গা দখল করেছে প্লাস্টিকের সামগ্রী। ফলে বাঁশের জিনিসের কদর কমে গেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামের লাল মিয়া বলেন, তিনি বাঁশের তৈরি পাখা, ঝুড়ি ও অন্যান্য গৃহস্থালি সামগ্রী তৈরি করে বিক্রি করেন। কিন্তু একটি বাঁশ কিনতেই এখন ৪০০ টাকা পর্যন্ত খরচ হয়।
বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলা গ্রামের আব্দুল হাই বলেন, ছোটবেলায় কৃষিকাজে বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রীর ব্যাপক ব্যবহার দেখেছেন। তখন বিশ্বম্ভরপুর বাজারে কৃষিপণ্যের কেনাবেচাও বেশি হতো। কিন্তু সময়ের সঙ্গে এসব পণ্যের ব্যবহার ও চাহিদা কমে গেছে।
বর্তমানে বাজারে বাঁশের তৈরি কুলা ২০০ টাকা, চালুনি ১০০ টাকা, দাঁড়িপাল্লা ১৫০ টাকা, ধান রাখার টাইল ৮০০ টাকা এবং টুকরি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিশ্বম্ভরপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম বলেন, পরিবেশবান্ধব এই ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম
ব্যবসায়ীরা বাঁশ চাষে প্রণোদনা, বাজার সম্প্রসারণ এবং বাঁশজাত পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন যে, প্রয়োজনীয় উদ্যোগ না নিলে শত বছরের ঐতিহ্যবাহী এই শিল্প হারিয়ে যেতে পারে।
সুনামগঞ্জ জেলা রেঞ্জ বন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, জেলায় সরকারি কোনো বাঁশবাগান নেই। তবে বিভিন্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন অনেক বাঁশবাগান রয়েছে। প্রশাসনিকভাবে এসব বাগানের মালিকদের সচেতন করা গেলে বাঁশের বাগান সম্প্রসারণ করা সম্ভব হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন