প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চার দশক আগে প্রকাশিত একটি বাংলা গান এবার বিশ্বের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এ জায়গা করে নিয়েছে। কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের গাওয়া ‘আজ শনিবার’ গানটি গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিও স্টেশনে বাজছে। এর মাধ্যমে একসময় অবহেলায় হারিয়ে যেতে বসা গানটি নতুন করে আন্তর্জাতিক শ্রোতাদের নজরে এসেছে।
১৯৮২ সালে রূপা বিশ্বাসের একমাত্র অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’-এর অংশ হিসেবে গানটি প্রকাশিত হয়। কানাডার ক্যালগেরিতে রেকর্ড করা অ্যালবামটির সংগীতায়োজন ও প্রযোজনায় ছিলেন সরোদশিল্পী আশীষ খান। বাংলা ও হিন্দি গানের সঙ্গে পাশ্চাত্য ডিস্কো ও ফাঙ্ক সংগীতের মিশ্রণ ছিল অ্যালবামটির বিশেষত্ব। তবে প্রকাশের পর প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এটি বাণিজ্যিকভাবে সফল হতে পারেনি।
দীর্ঘদিন পর গানটির পুনরাবিষ্কারের গল্প ২০১৪ সালে শুরু হয়। কলকাতায় নিজেদের বাড়িতে একটি পুরোনো বাক্স থেকে অ্যালবামটির প্রচ্ছদ খুঁজে পান রূপার ছেলে দেবায়ন সেন। এরপর ২০১৬ সালে ইউটিউবে গানটি প্রকাশিত হলে ধীরে ধীরে নতুন শ্রোতাদের কাছে পৌঁছাতে শুরু করে। সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনেবলস এবং কানাডীয় সংগীতশিল্পী ড্যান স্নেইথ, যিনি ক্যারিবু নামে পরিচিত, গানটি নিজেদের পরিবেশনায় যুক্ত করলে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে এর পরিচিতি ছড়িয়ে পড়ে।
গানটির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সংগ্রাহকদের কাছে ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের পুরোনো ভিনাইল রেকর্ডও মূল্যবান হয়ে ওঠে। ২০১৭ সালে জার্মানির ওভুলার লেবেল থেকে এর একটি পুনঃপ্রকাশিত সংস্করণ বের হয়। পরে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নুমেরো গ্রুপ অ্যালবামটির আনুষ্ঠানিক পুনর্মিশ্রিত সংস্করণ প্রকাশ করে। এ ছাড়া ২০২০ সালে লোয়ের ফ্যাশন প্রচারাভিযানেও গানটি ব্যবহৃত হয়।
সম্প্রতি ‘গ্র্যান্ড থেফট অটো ৬’-এর আনুষ্ঠানিক সংগীত তালিকায় গানটির অন্তর্ভুক্তি একে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। গেমটির রেডিও স্টেশনে গানটি শুনতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতপ্রেমী ও গেমাররা। চার দশক আগে যে গান শ্রোতাদের কাছে তেমন পরিচিতি পায়নি, সেটিই এখন আন্তর্জাতিক পরিসরে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। সময়ের ব্যবধানে একটি বাংলা গানের এমন প্রত্যাবর্তন নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন