০৭:৩৬ পি.এম
শফিকুল ইসলাম বেবু
কুড়িগ্রাম, ২১ নভেম্বর ২০২৬ : জেলার নাগেশ্বরীতে দুধকুমার নদে আকস্মিক ভাঙন ঘটেছে। শুষ্ক মৌসুমে নদীর ভাঙনের কারণে দুধকুমারের দুই পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতির মোকাবেলায় স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র কাছে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন করেছেন।
নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগানসহ দুটি ওয়ার্ডের আশপাশের এলাকায় নদী ভাঙনের ফলে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। এর ফলে নদী তীরবর্তী কয়েক শত পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
স্থানীয় সূত্রে জানা যায়, গত বর্ষা মৌসুমে দুধকুমার নদের ভাঙনে ওই এলাকার শতাধিক পরিবার বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার নদীর বাঁধে কিংবা অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। বর্ষা শেষ হলেও নদীর ভাঙন বন্ধ হয়নি। শুষ্ক মৌসুমে নতুন করে ভাঙন শুরু হওয়ায় এসব পরিবারের শেষ আশ্রয়টুকুও এখন হুমকির মুখে রয়েছে।
কাঠগিরি এলাকার ষাটোর্ধ্ব নারী কমলা বেগম জানান, গত বর্ষায় নদী ভাঙনে তার বসতভিটা বিলীন হয়ে যায়। পরে তিনি অন্যের জমিতে আশ্রয় নেন। কিন্তু বর্তমানে সেই জমির কাছেও নদী ভাঙন শুরু হয়েছে। এতে নতুন করে আশ্রয় হারানোর শঙ্কায় রয়েছেন তিনি।
কমলা বেগম বাসস’কে বলেন, ‘নদী আমার সব কেড়ে নিয়েছে। এখন অন্যের জমিতে কোনোমতে থাকি। এবার এই জায়গাটুকুও ভাঙনে বিলীন হয়ে গেলে থাকার কোনো জায়গা থাকবে না।’
একই এলাকার খোদেজা বেগম জানান, দুধকুমার নদের ভাঙনে এ পর্যন্ত পাঁচ থেকে ছয়বার তার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। এক চর থেকে অন্য চরে গিয়ে বারবার বসতি গড়েছেন। এভাবে জমিজমা ও ঘরবাড়ি হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। বর্তমানে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেই জায়গাটিও নদীর কাছে চলে এসেছে। এবার সেটি বিলীন হলে তার আশ্রয়ের আর কোনো জায়গা থাকবে না।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
স্থানীয় বাসিন্দা নুর জামাল হোসেন বাসস’কে বলেন, গত বর্ষা মৌসুমে নদী ভাঙনে এলাকার অনেক ফসলি জমি, সুপারি বাগান, বসতভিটা ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা শেষ হলেও শুষ্ক মৌসুমে একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরের মানুষ।
তিনি বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি এলাকাবাসীর দুর্ভোগের কথা ভেবে কর্তৃপক্ষ দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত নদীতীর সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হলে কাঠগিরি, হাজীপাড়া ও কালাবাগান এলাকায় আরও বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হবে। পাশাপাশি ঝুঁকির মুখে থাকা মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও বাজারও রক্ষা পাবে না।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, তিনি ভাঙন কবলিত এলাকার খোঁজখবর নিয়েছেন। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম
নদী ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা নদীতীর সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন