ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা


২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করার জন্য ব্যাপক অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের মতো বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এই দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ডিএসইতে গত সপ্তাহে লেনদেন ২৬ শতাংশ বেড়ে, ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বৃদ্ধি

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে জানিয়েছেন, ‘বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিকে সমন্বিতভাবে যুক্ত করে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যমান নেতিবাচক দুষ্টচক্র থেকে বেরিয়ে এসে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে একটি ইতিবাচক ও টেকসই চক্র প্রতিষ্ঠা করতে চায়।

তিতুমীর বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনা ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি টেকসই জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় অর্থনৈতিক খাতের জন্য নীতিগত সহায়তা, বিনিয়োগ ও উৎপাদনে পর্যাপ্ত অর্থায়ন এবং রেল ও সড়কপথের বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরবরাহব্যবস্থার দক্ষতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সরকারি খরচে আইনগত সহায়তা পেয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৬৭ জন

চলতি অর্থবছরের বাজেটে জনমিতিক সুবিধা ও মানুষের বর্ধিত আয়ুষ্কালের সুফল কাজে লাগানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বাহ্যিক অভিঘাত, দুর্নীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার অবনতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।

২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। পরবর্তী অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ২২ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৩ দশমিক ৪৯ শতাংশে।

চলতি অর্থবছরের বাজেট দলিলে প্রবৃদ্ধির এই মন্থরতার পেছনে কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদের হার, সুশাসনের ঘাটতি এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। ওই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা পরিবারের ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়।

আরও পড়ুন: প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টের শাখাসমূহে আমলার নথি প্রেরণের নির্দেশ

এদিকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ শতাংশ, জিডিপির ২ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং জিডিপির ৪০ শতাংশের সমপরিমাণ মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সরকার তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করবে। এগুলো হলো— পুনরুদ্ধার ও স্থিতিশীলতা (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন), পুনঃপ্রতিষ্ঠা (রেস্টোরেশন) এবং ত্বরান্বিত উন্নয়নের জন্য পুনর্গঠন (রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন)।

প্রথম পর্যায়ে, যা এক বছর মেয়াদি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগণের সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, সরকারি সেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়, যা তিন বছর মেয়াদি, রাজস্ব সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করা এবং ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে

তৃতীয় পর্যায়, যা পাঁচ বছর মেয়াদি, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্তি জোরদারের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নেওয়া হয়েছে।

অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

শিল্প পুনরুজ্জীবনের অংশ হিসেবে পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে ইতোমধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও তিনটি পাটকল পুনরায় চালুর প্রস্তুতি চলছে। বৃহত্তর এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ন্যাশনাল জুট মিলস ও স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপের সঙ্গে প্লাটিনাম জুবিলি জুট মিলসের ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন এবং বিদেশি বাজার সম্প্রসারণে বিনিয়োগ উৎসাহিত করছে সরকার।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম সপ্তাহজুড়ে নিম্নমুখী, ব্রেন্ট ক্রুড ৯৫.৮৪ ডলারে

সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় প্রায় ৪১ লাখ অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ ও পর্যায়ক্রমে কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। কর্মসূচিটি বাস্তবায়নে প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ার কথা রয়েছে।

কৃষকদের সহায়তায় ফার্মার কার্ড কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি উপকরণের ব্যয় মেটানো এবং উৎপাদন অব্যাহত রাখতে বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।

পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে, যা নির্ধারিত ৩৬০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি।

ধর্মীয় সেবাদানকারীদের সামাজিক সুরক্ষাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত এবং মন্দিরের সেবায়েতদের সহায়তা দেওয়ার এ কর্মসূচিতে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৬০ হাজার উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১, আহত ৩; বাসে আগুন ধরানো হয়

জননিরাপত্তা জোরদারেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পুলিশ নিয়োগ, প্রশিক্ষণ এবং কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে চায় সরকার। হত্যা, ডাকাতি, অপহরণসহ অন্যান্য অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলএনজি টার্মিনালের সক্ষমতা উন্নয়ন এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানির মধ্যে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে প্রস্তাবিত প্রণোদনার মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির সুযোগ। এ ছাড়া সরকারি দপ্তর ও উপযুক্ত সরকারি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু, পরিবহন নেটওয়ার্ক ও জ্বালানি অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সরবরাহ ব্যয় কমানো এবং গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শিল্পবাজারের সংযোগ জোরদার হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের সামগ্রিক উন্নয়ন কৌশলে শিল্প সম্প্রসারণ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে আরও সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সরকার বিশ্বাস করে, সুশাসন উন্নয়ন, বিনিয়োগ আহরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি এসব উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-পরবর্তী যুগের শুরুতেই আর্জেন্টিনার পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


মেসি-পরবর্তী যুগের শুরুতেই আর্জেন্টিনার পরাজয়

লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন যুগের সূচনা হলো পরাজয়ের মাধ্যমে। লিওনেল স্কালোনির দল ঘরের মাঠে উরুগুয়ের কাছে হেরে গেছে।

শুক্রবার বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে পরাজিত হয়েছে, যা ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ দলের জন্য একটি হতাশাজনক ফলাফল। অক্টোবরের শুরুতে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এটি ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, যিনি সম্প্রতি ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, তার বিশ্বাস যে মেসিকে ছাড়াও তার দল পুনরুদ্ধারের জন্য যথেষ্ট প্রতিভাবান।

স্কালোনি মন্তব্য করেন, “লিও মেসিকে ছাড়া আমাদের নতুন করে দল গড়তে হবে এবং এই হার থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। ফলাফল ছাড়া ম্যাচটি ভালো ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি। বিশ্লেষণের জন্য অনেক কিছু পেয়েছি। আমরা জানতাম ম্যাচটি কঠিন হবে। এখন আমাদের কাজ করে যেতে হবে।”

ম্যাচের ৪৮তম মিনিটে আর্জেন্টিনা আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে। লিওনার্দো বালের্দির সেই ভুলের কারণে উরুগুয়ে এগিয়ে যায়। এরপর ৫৩তম মিনিটে নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে ম্যাক্সি আরাউহো ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৭৩তম মিনিটে হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ দেন স্বাগতিকদের হয়ে।

ম্যাচ শেষে আলভারেজ বলেন, “এটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং আমরা জিততে চেয়েছিলাম। ফল যাই হোক, আমরা কিছু ভালো কাজ করেছি। উন্নতির সুযোগ সবসময়ই থাকে। কোচ যা চেয়েছেন তার কিছুটা আমরা মাঠে বাস্তবায়ন করতে পেরেছি। সামনে আরেকটি ম্যাচ আছে। এটি নতুন একটি যুগ, যেখানে অনেক তরুণ খেলোয়াড় আছে। আমাদের কঠোর পরিশ্রম করে পূর্বসূরিদের রেখে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে হবে।”

নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের ম্যাচটি ছিল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ অফিসিয়াল ম্যাচ। এর আগে গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন প্রীতি ম্যাচে ভক্তদের বিদায় জানিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে বিদায় নেন এই কিংবদন্তি।

মেসির অবসরের ক্ষত এখনো সমর্থকদের মনে তাজা রয়েছে। তার অনুপস্থিতিতে লা বোম্বোনেরা স্টেডিয়ামে বিরল এক দৃশ্য দেখা গেছে, যেখানে পুরো স্টেডিয়াম দর্শকপূর্ণ হয়নি, যা মেসি খেললে প্রায় কখনোই ঘটত না।

গ্যালারিতে অধিকাংশ সমর্থক মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে এলেও স্কালোনি এ ম্যাচে কাউকেই সেই নম্বর দেননি। তার মতে, মেসির উত্তরসূরি এখনো নির্ধারণ করা হয়নি। যেহেতু ১০ নম্বর জার্সি ব্যবহার বাধ্যতামূলক নয়, তাই আপাতত সেটি খালি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাঠে আর্জেন্টিনা তাদের চিরচেনা বল দখলের ফুটবল খেললেও আক্রমণভাগে মেসির মতো সৃজনশীলতা ও বিস্ফোরণক্ষমতার অভাব স্পষ্ট ছিল। নিকো পাস কিংবা থিয়াগো আলমাদা কেউই সেই শূন্যতা পূরণ করতে পারেননি।

এখন ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার কর্দোবায় কোস্তারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। একই দিনে উরুগুয়ে নিজেদের মাঠে ডমিনিকান রিপাবলিককে আতিথ্য দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ জেব্রার বিনিময়ে সাফারি পার্কে আনা হলো ৩ বাঘ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১০ পি.এম


৬ জেব্রার বিনিময়ে সাফারি পার্কে আনা হলো ৩ বাঘ

চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে প্রাণী বিনিময়ের মাধ্যমে। বিনিময়ের অংশ হিসেবে সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে তিনটি জেব্রা হস্তান্তর করা হয়েছে, এবং বাকি তিনটি পর্যায়ক্রমে পাঠানো হবে।

বিশেষ ব্যবস্থায় পরিবহনের মাধ্যমে শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। এর আগে, বুধবার রাতে ছয়টি জেব্রা একটি বিশেষায়িত ট্রাকে করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানিয়েছেন, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কিছু বাঘ আনা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন রোগের কারণে কিছু বাঘের মৃত্যু ঘটে, আবার নতুন বাঘের জন্মও হয়েছে। এ ছাড়া, পার্কের টাইগার বেষ্টনীতে থাকা কয়েকটি বাঘের বয়সও বেড়ে যাচ্ছিল। এই অবস্থায় নতুন বাঘ আনার প্রস্তুতি নিচ্ছিল পার্ক কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রয়োজনের তুলনায় বেশি বাঘ থাকলেও সেখানে জেব্রা ছিল না। অন্যদিকে, গাজীপুর সাফারি পার্কে জেব্রার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এই পরিস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাণী বিনিময়ের উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে বুধবার রাতে ছয়টি জেব্রা চট্টগ্রামে পাঠানো হয় এবং পরে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়। শুক্রবার ভোরে বাঘগুলো পার্কে পৌঁছায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আসরে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, বর দিশেহারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


বিয়ের আসরে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, বর দিশেহারা

হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে এসেছিলেন ব্রুনাই প্রবাসী ফয়ছল আহমেদ। বরযাত্রীদের আনন্দ এবং বিয়ের আয়োজন যখন চারপাশকে মুখরিত করে রেখেছিল, ঠিক সেই মুহূর্তে ঘটে বিপত্তি। বিয়ের পিঁড়িতে বসার আগেই কনে ও তার সঙ্গে থাকা কথিত স্বজনেরা চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান। বরকে শেষ পর্যন্ত কনে ছাড়াই খালিহাতে ফিরতে হয়েছে বরযাত্রীদের নিয়ে।

‎

এই ঘটনা রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে ঘটে ১১ নভেম্বর বিকেলে। বর ফয়ছল আহমেদ পরদিন ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় প্রতারণা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুন (১৯)।

‎

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী শুক্রবার (১৩ নভেম্বর) রাতে। তিনি জানান, "তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হবে।"

‎

বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনাইপ্রবাসী। বিয়ের উদ্দেশ্যে তিনি পাঁচ মাস আগে দেশে আসেন। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

‎

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে চট্টগ্রামে হয়েছে। তিনি স্বামী ও শ্বশুরের সঙ্গে সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের স্বামী-স্ত্রী এবং গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তারা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার যোগাযোগ ছিল।

‎

তামান্না জানান, বড় ভাই ফয়ছলের বিয়ের কথা জানালে সুমি তার কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। মোবাইল ফোনের ভিডিও কলে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। শ্যামলাকে পছন্দ হওয়ার পর ১১ নভেম্বর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সে অনুযায়ী বরসহ ৪২ নারী-পুরুষ সকালে হবিগঞ্জ থেকে রংপুরে আসেন।

‎

তামান্নার দাবি, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেয়া হয়। কনের বোন হিসেবে পরিচয় দেয়া তিন নারী স্বর্ণালংকারের মান যাচাই করতে আগ্রহ দেখান। এরপর বর, তার দুই বোন, ভগ্নিপতি, বাবা এবং কনের বোনের পরিচয় দেয়া তিন নারী ও কনেকে নিয়ে নগরীর দেওয়ানবাড়ি রোডে লক্ষ্মী জুয়েলার্সে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। মান ঠিক পেয়ে গহনাগুলোসহ কনেকে সাজানোর জন্য নগরীর একটি বিউটি পার্লারে নেয়া হয়।

‎

মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, বিউটি পার্লারে বর ফয়ছল দুই বোনকে রেখে তার বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।

‎

অন্য অটোরিকশাটি রংপুর নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামানো হয়। বিকেল ৫টার দিকে সেখানে তারা অটোরিকশা থেকে নামেন। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন হিসেবে পরিচয় দেয়া দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বরকে বিষয়টি ফোন করে জানান তার দুই বোন।

‎

তামান্নার অভিযোগ, কনের গায়ে তার ভাইয়ের দেয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়িসহ বিয়ের নতুন কাপড় নিয়েও উধাও হয়েছে কনে ও তার লোকজন।

তামান্না বলেন, "তারা আগে কখনো রংপুরে আসেননি। এ কারণে এখানকার পথঘাটও তাদের অজানা ছিল। দীর্ঘদিনের সুসম্পর্কের সূত্র ধরে সুমিকে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণা করা হবে, তা ভাবতেও পারিনি।"

‎

বর ফয়ছল আহমেদ শুক্রবার রাতে মোবাইল ফোনে বলেন, "ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।"

‎

বিয়ের আয়োজন করা হয়েছিল রংপুরের কামাল কাছনার আগামীর চাষি কমিউনিটি সেন্টারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, তাদের কমিউনিটি সেন্টার ভাড়া নিতে এক সপ্তাহ আগে বুকিং দিতে হয় এবং ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু বুধবার সকালে বাসভর্তি লোকজন কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয় দেয়া তিনজন তাদের কাছে আসেন। তারা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন আসার কথা ছিল। কিন্তু ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে তারা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান।

‎

রাকিবুল ইসলাম বলেন, "মানবিক দিক বিবেচনায় তাদের কমিউনিটি সেন্টার ভাড়া দেয়া হয়। ভাড়া নির্ধারণ করা হয় ৪২ হাজার টাকা। দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা ঠিক হয়। টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা বলেন। পরে ধাপে ধাপে প্রতারণার বিষয়টি নজরে আসে। এসব আয়োজনের টাকাও পরিশোধ করেনি কনেপক্ষ। খাওয়া-দাওয়ার পর্বও হয়নি। কনেপক্ষের কাউকে পেলে এ আয়োজনের টাকা আদায় করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আনারকলি ফল চাষে সফল যুবক রায়হান আহমেদ রিপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


দিনাজপুরে আনারকলি ফল চাষে সফল যুবক রায়হান আহমেদ রিপন

দিনাজপুর, ১৪ নভেম্বর, ২০২৬ : ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ার ২৮ বছর বয়সী যুবক রায়হান আহমেদ রিপন বিদেশি আনারকলি ফল চাষে সফলতা অর্জন করেছেন। তিনি এখন নিজের পৈতৃক জমিতে বাণিজ্যিকভাবে এই ফল চাষের পরিকল্পনা করছেন।

গতকাল শুক্রবার সরেজমিনে ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামে গিয়ে রায়হান আহমেদ রিপনের কাছে জানতে চাওয়া হয়, কিভাবে তিনি বিদেশি আনারকলি ফল চাষে আগ্রহী হলেন। এ বিষয়ে তিনি বাসস’কে জানান, গত জুন মাসে দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ পরিচালক মো. এজামুল হকের পরামর্শ ও সহযোগিতায় ইউটিউব দেখে শখের বসে দু’টি বিদেশি আনারকলি ফলের চারা ক্রয় করেন। কৃষিবিদ মো. এনামুল হক তাকে আনারকলি ফলের চাষে বিভিন্ন পদ্ধতি ব্যবহারের জন্য পরামর্শ দেন এবং সার্বিক সহযোগিতা করেন। তার পরামর্শ অনুযায়ী, তিনি নিজের বাড়ির আঙিনায় মাচা তৈরি করে দু’টি চারা রোপণ করেন। এরপর থেকে তিনি হর্টিকালচার বিভাগের উপ পরিচালক এবং ফল নিয়ে গবেষণায় নিয়োজিত গবেষকদের সাথে আনারকলি গাছের চারা বেড়ে ওঠা এবং ফল ধরার বিষয় নিয়ে আলোচনা করতে থাকেন।

অক্টোবর মাস থেকে তার চারা ফুল ও ফলের গুটি এবং আনারকলি ফল বড় হতে শুরু করে। টক-মিষ্টি স্বাদের এবং ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফল দিনাজপুরে মাটিতে ফলানো সম্ভব হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ তার বাড়িতে এসে আনারকলি ফল দেখতে আসছেন। কেউ ফলের স্বাদ নিচ্ছেন, আবার কেউ রায়হানের তৈরি আনারকলি ফলের চারা কিনে নিয়ে যাচ্ছেন।

রায়হান আহমেদ রিপনের বাড়ি ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামে। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের পুত্র। বিএ পাশ করে চাকরির পিছনে না ছুটে তিনি ফ্রিল্যান্সার হিসেবে অনলাইনে কাজ করার পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা করেন। কয়েক বছর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম প্যাশন ফ্রুট বা আনারকলি ফলের স্বাদ নেন। ফলটি তার ভালো লাগায় সেখান থেকে বীজ নিয়ে এসে রোপণের চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি। পরে দিনাজপুর হর্টিকালচার বিভাগ থেকে ৮শ’ টাকা দিয়ে দু’টি চারা কিনে বাড়ির আঙিনায় রোপণ করেন। ইউটিউব দেখে এবং কৃষিবিদদের পরামর্শ নিয়ে পরিচর্যা শুরু করেন।

চারা রোপণের প্রায় ৫ মাসের মধ্যে মাচাজুড়ে গাছ ছড়িয়ে পড়ে। সেখানে আসতে শুরু করে ফুল ও ফল। রিপনের দাবি, দু’টি গাছ থেকেই এক বছরের মধ্যে এক হাজারের বেশি আনারকলি ফল পেয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, বাড়ির ৪ শতাংশ জায়গায় মাচা তৈরি করে লাগানো হয়েছে দু’টি আনারকলি ফলের গাছ। লতানো গাছের মাচায় ঝুলছে অসংখ্য সবুজ ফল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফলপ্রেমী ও সম্ভাব্য উদ্যোক্তারা তার বাড়িতে আসছেন। দর্শনার্থীদের আগ্রহ নিয়ে ফলের স্বাদ দিচ্ছেন রিপন। পাশাপাশি তাদের আনারকলি চাষের পদ্ধতি ও ফলের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন। আগ্রহীদের জন্য তিনি নিজেই চারা উৎপাদন করছেন। ইতিমধ্যে ৫০ থেকে ৬০টি চারা বিক্রি করেছেন। বাণিজ্যিকভাবে চাষের জন্য আরও ১শ’টি চারা তৈরি করেছেন।

স্থানীয় বাসিন্দা বারেকুল ইসলাম জানান, উত্তরবঙ্গে প্রথমবারের মতো তিনি আনারকলি চাষ হতে দেখেছেন। ফলটি খেতে খুবই সুস্বাদু। চাষ করতেও বেশি কষ্ট করতে হয় না। তিনি রিপনের কাছ থেকে কয়েকটি চারা নিয়ে নিজের জমিতে রোপণ করবেন।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক মো. রবিউল ইসলাম বলেন, আগে কখনো আনারকলি ফল দেখেননি। ফলটি খেতে ভালো লাগায় তিনি কয়েকটি চারা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের বাড়িতে চাষের চেষ্টা করবেন।

রিপনের ছোট ভাই ইমরান আহমেদ রাসেল বলেন, গাছ লাগানোর পর প্রথম দিকে সেগুলো শিম গাছের মতো লতিয়ে বাড়তে থাকে। পরে তারা মাচা তৈরি করে দেন। গাছ লাগানোর প্রায় ৪ মাস পর ফুল আসতে শুরু করে। তখন তারা পরাগায়নে সহায়তা করেন। এরপর গাছে ফল ধরতে শুরু করে। তিনি সব সময় ভাইকে সহযোগিতার চেষ্টা করেছেন। তিনি বলেন, ফুলবাড়ীর অনেক মানুষ এখনও ফলটি চেনেন না। তাই যারা বাগান দেখতে আসেন, তাদের ফল খাওয়ানোর পাশাপাশি এ সম্পর্কে ধারণা দেয়া হয়।

আনারকলি চাষে আগ্রহী তরুণ উদ্যোক্তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলার ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোত্তাকিন। তিনি বাসস’কে বলেন, ফুলবাড়ীর মাটি আনারকলি চাষের উপযোগী। আনারকলির দু’টি জাত রয়েছে। রিপনের কাছে থাকা জাতটির ফল পাকলে হলুদ হয়। ফুলবাড়ীতে আরও একজন এই ফল চাষ করেছেন, তার গাছের ফল পাকলে বেগুনি রং ধারণ করে।

তিনি বলেন, আনারকলির বাজার তৈরি করা জরুরি। রিপন বিভিন্ন মানুষকে ফলটি খাওয়াচ্ছেন। কৃষি বিভাগের বিভিন্ন সভায় ফলটির প্রসারের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। রিপন বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

কৃষি কর্মকর্তা বলেন, ফুলবাড়ী উপজেলার অনেক মানুষ এখনও ফলটি দেখেনি বা চেনেন না। তাই যারা বাগান দেখতে আসেন, তাদের ফল খাওয়ানোর পাশাপাশি এ সম্পর্কে ধারণা দেয়া হয়।

তিনি আরও বলেন, আনারকলির বাজার তৈরি করা জরুরি। রিপন বিভিন্ন মানুষকে ফলটি খাওয়াচ্ছেন। কৃষি বিভাগের বিভিন্ন সভায় ফলটির প্রসারের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। রিপন বাণিজ্যিকভাবে উৎপাদনে যেতে চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

দিনাজপুর হর্টিকালচার বিভাগের উপ পরিচালক মো. এজামুল হক বলেন, আমি এই উদ্যোক্তাকে বিদেশি আনারকলি ফল চাষে শুরু থেকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছি। তার বাগানে আনারকলি ফলের গাছ সফলভাবে বেড়ে ওঠেছে এবং বিপুল ফল ধরেছে। এটি একটি সাফল্যের বিষয়, এই বিষয়টিকে দিনাজপুরে সফলভাবে চাষে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যুবক সমাজকে সহযোগিতা করতে প্রস্তুত। আমরা হর্টিকালচার বিভাগ চাই যুবকরা এ ধরনের নতুন কিছু ফল চাষে এগিয়ে আসবে এবং সফলতা অর্জনে নিজেরা স্বাবলম্বি হবে এটাই আমাদের প্রত্যাশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%