১০:৩৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : সরকারের উদ্যোগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে ১০ ধরনের খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
তিনি জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে এসব খেলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে আজ মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়েছে।
মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।
গত ৮ অক্টোবর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।
পত্রে তিনি প্রখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন (ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ) এবং বিশ্বখ্যাত লেখক লরি মায়ার্স-এর উক্তি—‘ট্রু স্পোর্টসম্যানশিপ ইজ এক্সিলেন্স ইন মোশন’-এর প্রসঙ্গ টেনে বলেন, প্রাথমিক স্তর থেকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের সাথে সম্পৃক্ততা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর লক্ষ্য নম্বর ৪ (অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ) অর্জনে সহায়তা করবে।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
এছাড়া আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ-এর বিখ্যাত গ্রন্থ ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট : দ্য সিঙ্গাপুর স্টোরি (১৯৬৫-২০০০)’-এর উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সিঙ্গাপুরে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস (সিসিএ) হিসেবে একাডেমিক ক্যালেন্ডারের সাথে মিল রেখে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং তরুণ শিক্ষার্থীদের ফিটনেস অ্যাসেসমেন্ট (যেমন, এনএপিএফএ টেস্ট) পরিচালনার মাধ্যমে একটি সমুন্নত জাতি গঠন সম্ভব হয়েছিল।
প্রতিমন্ত্রী তার আবেদনে আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের দফা-২৫ এ বর্ণিত ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসার নিশ্চিতকরণ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি)-এর শর্তানুযায়ী মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ‘মাঠমুখী’ করা জরুরি। এর মাধ্যমে মানবসম্পদকে প্রকৃত দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি দৃঢ়বিশ্বাস ব্যক্ত করেন।
এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম বাসস-কে বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী।
তিনি আরও বলেন, আগে সাধারণত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলা এবং প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের সংগৃহীত ক্রীড়া ফি দিয়ে কিছু টুর্নামেন্ট পরিচালিত হতো, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে বছরব্যাপী কোনো সুনির্দিষ্ট একাডেমিক শিডিউল ছিল না। এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
এ বিষয়ে শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন