ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের


অপ্রয়োজনীয় হর্ন বন্ধে অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে এই কার্যক্রমগুলো পরিচালনা করতে বলা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ প্রদান করেন। পরে রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান। একই বিজ্ঞপ্তিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের দেওয়া অন্যান্য নির্দেশনাগুলোর কথাও উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- নীরব এলাকার (সাইলেন্ট জোনস) ক্ষেত্রে যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন; শব্দ নিয়ন্ত্রণে নীরব এলাকার জনগণের প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়; বিভিন্ন কর্মসূচি পালন এবং মোবাইলে বিশেষ বার্তা প্রদান।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

এছাড়া, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার ৮ বিধি অনুসারে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণের জন্যও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুযায়ী শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য একটি বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।

উচ্চ আদালত রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশও দিয়েছেন। এসব নির্দেশ বাস্তবায়নের জন্য পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্ট নির্দেশপ্রাপ্তদের তিন মাস পর পর আদালতে বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

রুলে প্রশ্ন করা হয়েছে, প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থি, বেআইনি, জননিরাপত্তা ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না। একই সঙ্গে প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকায় এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বর মাসে নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ এম


ডিসেম্বর মাসে নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন এসআরবির কর্মকর্তারা। "আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি।" দেশবাসীকে আশ্বস্ত করতে চেয়ে এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গতকাল রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, "গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।" বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান গত কয়েক দিনে সফল হয়েছে। খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে ইন্তেখাব চৌধুরী বলেন, "গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না।" রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে তিনি জানান, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। মোবাইল টহল ও ফুট পেট্রোল অব্যাহত রয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়। অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও নজরদারি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।

এত চেকপোস্ট ও টহলের পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুরো ঢাকা শহরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় একটি শহর।" তবে এসআরবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে তিনি বলেন, "ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।" সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ এম


ম্যানিলায় শুরু হলো আসিয়ানের ৪৯তম সম্মেলন, আলোচনায় রোহিঙ্গা সংকটসহ নানা বিষয়

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম সম্মেলন শুরু হয়েছে। গতকাল শনিবার থেকে এই সম্মেলনটি উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে শুরু হয়, যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে আসিয়ানের ১১ সদস্যদেশের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপানসহ বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। বাংলাদেশের স্বার্থ এবারের সম্মেলনের আলোচনার সঙ্গে গভীরভাবে জড়িত, যদিও বাংলাদেশ আসিয়ানের সদস্য নয়।

জ্বালানি নিরাপত্তা, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য প্রতিযোগিতা, দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং মিয়ানমারের গৃহযুদ্ধের মতো সংকটগুলো এবারের সম্মেলনের আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিয়েও আলোচনা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা মোকাবিলায় সদস্যদেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

আসিয়ান ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি ১১টি দেশ নিয়ে গঠিত। এই দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর। প্রায় ৬৯ কোটি মানুষের এই আঞ্চলিক জোটের সম্মিলিত অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ সম্মেলনের ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে। ট্রাম্প আসিয়ান নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশগ্রহণ করবেন ১৭ নভেম্বর।

বাংলাদেশের জন্য এবারের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং শ্রমবাজারের সম্পর্ক ক্রমেই বাড়ছে। মিয়ানমারের চলমান সংকট এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। ফলে সম্মেলনে আলোচনা হওয়া প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুর সঙ্গে বাংলাদেশের স্বার্থ জড়িত রয়েছে।

ঢাকা আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ জোটটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার পাশাপাশি আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। গত জুনে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জুলাইয়ে ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের এই আগ্রহের পক্ষে সমর্থন চেয়েছেন। সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ফিলিপাইনের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশের জন্য আসিয়ান বাণিজ্যের ক্ষেত্রে বড় সম্ভাবনার বাজার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি হয়েছে প্রায় ৮৮ কোটি ২০ লাখ ডলারের। তবে আমদানি তুলনায় রপ্তানি অনেক কম। ফলে বাণিজ্য ঘাটতি কমানো, তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিনিয়োগ আকর্ষণের সুযোগ রয়েছে। আরসিইপিতে যুক্ত হতে পারলে আঞ্চলিক সরবরাহব্যবস্থা ও উৎপাদন নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর সম্ভাবনাও তৈরি হবে।

রোহিঙ্গা সংকট সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা এবং সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হচ্ছে না। বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে। আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবারের সম্মেলনে পর্যালোচনা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাশিত ফল দিতে পারেনি। বাংলাদেশের প্রত্যাশা, আসিয়ান মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ সৃষ্টি করে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

দক্ষিণ চীন সাগরের বিরোধও সম্মেলনের আলোচনার অন্যতম বিষয়। চীন এবং আসিয়ানের কয়েকটি সদস্যদেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধ নিষ্পত্তিতে আচরণবিধি বা কোড অব কন্ডাক্ট চূড়ান্ত করার আলোচনা চলছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত বিরোধ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট আন্তসীমান্ত ধোঁয়া নিয়েও উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, এবারের সম্মেলনের সিদ্ধান্তগুলো বাংলাদেশের জন্য সরাসরি বাধ্যতামূলক না হলেও আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, বিনিয়োগ ও নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব পড়বে। আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক সমর্থন আদায়ে সম্মেলনটি বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। সদস্যপদের বাইরে থেকেও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই জোটের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলা এখন ঢাকার অন্যতম কৌশলগত অগ্রাধিকার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ এম


সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বালিশকাণ্ড এবং ফরিদপুর মেডিকেল কলেজের পর্দাকাণ্ড নিয়ে দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছিল। সরকারি কেনাকাটায় অস্বাভাবিক মূল্য নির্ধারণ, পণ্য সরবরাহে অনিয়ম এবং রাষ্ট্রীয় অর্থের অপচয়ের অভিযোগের কারণে এই ঘটনাগুলো দুর্নীতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার বিভাগের কেনাকাটায় ডিপিএমের মাধ্যমে কোটি কোটি টাকার ব্যয় এবং আসবাব ও যন্ত্রপাতি সরবরাহ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, ফ্যাসিবাদি আমলা যুগ্মসচিব ড. মনিরুল ইসলাম বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিছু কর্মকর্তা এই তদন্ত প্রতিবেদন গায়েব করার অভিযোগ করেছেন। দুর্নীতির প্রতিবাদ করার কারণে এক যুগ্মসচিবকে বদলী করা হলেও ফ্যাসিবাদি ও অনিয়মের সাথে যুক্ত কর্মকর্তারা এখনও স্থানীয় সরকার বিভাগে বহাল রয়েছেন।

এই বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসান ইনকিলাবকে জানান, "আসলে মন্ত্রণালয়ের বিষয় নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে পারেন।"

জানা গেছে, জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্‌যাপন এবং ২০২৪ সালের ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর বিভিন্ন মালামাল কেনার নামে কোটি কোটি টাকা ব্যয়ের হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিযোগিতামূলক দরপত্র এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনাকাটা, বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক দাম নির্ধারণ এবং কাগজে-কলমে মালামাল সরবরাহ দেখিয়ে বিল পরিশোধের ঘটনা ঘটেছে। এসব দুর্নীতির মাস্টার মাইনে রয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. মনিরুল ইসলাম এবং প্রশাসন-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা হোসাইন আহমদ। সচিবালয়ের অগ্নিকাণ্ড-পরবর্তী কেনাকাটার সময় প্রশাসন-২ শাখার দায়িত্বে থাকা তৎকালীন সিনিয়র সহকারী সচিব মো. শফিকুর আলমের ভূমিকাও খতিয়ে দেখার দাবি উঠেছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের বিরুদ্ধে একইভাবে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরেও তিনি বহাল রয়েছেন।

পূর্বনির্ধারিত দিবস, তবু জরুরি ক্রয়! জাতীয় স্থানীয় সরকার দিবস ২৫ ফেব্রুয়ারি। প্রতিবছর একই তারিখে দিবসটি পালনের বিষয়টি পূর্বনির্ধারিত। ফলে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় থাকার কথা। কিন্তু ২০২৫ সালের দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগের কেনাকাটায় জরুরি পরিস্থিতির যুক্তি দেখানো হয়েছে। তদন্ত প্রাপ্ত নথিপত্র সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এক সভায় নেওয়া হয়। অথচ সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্যয়ের অনুমোদন ও অর্থ ছাড়ের যৌক্তিকতা তুলে ধরে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয় ১০ ফেব্রুয়ারি। অর্থাৎ অনুষ্ঠানের মাত্র ১৫ দিন আগে। চিঠিতে ভেন্যু প্রস্তুত, মেডিকেল টিম, বিদ্যুৎ, অগ্নিনির্বাপণ, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, পানি সরবরাহ, ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং আপ্যায়নের মতো বিষয়গুলোকে জরুরি ব্যবস্থার আওতায় আনার কথা বলা হয়। এখানে প্রশ্ন উঠেছে- প্রতি বছর নির্দিষ্ট তারিখে অনুষ্ঠিত একটি জাতীয় দিবসের আয়োজন কেন শেষ মুহূর্তে জরুরি ক্রয়ের আওতায় নিতে হলো? নিয়মিত পরিকল্পনা ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনাকাটা করা সম্ভব ছিল না কেন? অর্থ বিভাগের কাছে পাঠানো প্রস্তাবে সরাসরি চুক্তির বিশেষ বিধানের উল্লেখ করে ব্যয়ের অনুমোদন চাওয়া হয়। এ খাতে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির ‘অনুষ্ঠান উৎসবাদি’ খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দ থাকার কথা উল্লেখ করা হয়।

চার খাতে প্রায় ৯০ লাখ টাকার বিল: তথ্য অনুযায়ী, জাতীয় স্থানীয় সরকার দিবস উদ্‌যাপনের নামে চারটি খাতে বিল পরিশোধ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ ২০২৫ সালের ১৮ মার্চ ৩২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা, রোড ব্র্যান্ডিং বাবদ ৩০ লাখ ৬১ হাজার ৩০০ টাকা, ভিডিও ডকুমেন্টরি বাবদ ১৩ লাখ ৩০ হাজার টাকা এবং আপ্যায়ন বাবদ ১৩ লাখ ৬৪ হাজার টাকা পরিশোধের তথ্য রয়েছে। চার খাতে মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৮৯ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা। ইভেন্ট ব্যবস্থাপনার বিলের তালিকায় মঞ্চের ব্যাকড্রপ, কার্পেট, ফুল, টেলিভিশন, এলইডি, সাউন্ড সিস্টেম, লাইট, বেলুন গেট, প্রবেশপথের সাজসজ্জা, ব্যানার এবং পরিবহন ব্যয়ের মতো খাত রয়েছে। রোড ব্র্যান্ডিংয়ের তালিকায় ল্যাম্পপোস্টের ফেস্টুন, সড়কের বিভিন্ন মোড়, ফুটওভার ব্রিজ এবং বিভিন্ন স্থানে কাঠের ফ্রেমিং ও ব্যানার স্থাপনের ব্যয় দেখানো হয়েছে। এসব ব্যয়ের পরিমাণ ও প্রকৃত সরবরাহ যাচাইয়ের দাবি উঠেছে। বিশেষ করে একই ধরনের সাজসজ্জা ও প্রচারণাসামগ্রীর জন্য একাধিক খাতে ব্যয়ের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

১২০০ লাঞ্চ বক্স, ৮০০ চালকের খাবার: আপ্যায়ন খাতের ব্যয় সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। নথি অনুযায়ী, ১২০০ প্যাকেট লাঞ্চ বক্সের জন্য ১০ লাখ ২০ হাজার টাকা এবং ৮০০ প্যাকেট চালকের খাবারের জন্য ৩ লাখ ৪ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। অথচ অভিযোগ রয়েছে, ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকায় অবস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার সীমিতসংখ্যক কর্মকর্তা অংশ নিয়েছিলেন। এ অবস্থায় ১২০০ প্যাকেট খাবার কারা গ্রহণ করেছেন, ৮০০ চালকের খাবার কাদের জন্য সরবরাহ করা হয়েছে এবং খাবার বিতরণের কোনো তালিকা বা গ্রহণপত্র সংরক্ষিত আছে কি না-এসবের নানান প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানে উপস্থিতির তালিকা, খাবার সরবরাহকারীর বিল, ভাউচার এবং বিতরণ সংক্রান্ত নথি যাচাই করলেই প্রকৃত রহস্য বের হবে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) ড. মো. মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন, গাজীপুরে বিজিবি ও আনসার মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ এম


সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা কাজে ফিরেছেন, গাজীপুরে বিজিবি ও আনসার মোতায়েন

গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি কারখানার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, শ্রমিক সেজে নাশকতার অভিযোগে গত শনিবার গ্রেফতারকৃত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং শ্রমিক অসন্তোষ নিরসন করে উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখার জন্য এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এছাড়া, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এস আর বি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্প কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০ টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্য কাজ করছেন। গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানান, গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের কারণে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০ টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। গতকাল সকালে কালিয়াকৈরের মৌচাক এবং কোনাবাড়ী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকেরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ২০০৬ সালের শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানাসহ মৌচাক ও কোনাবাড়ী এলাকার ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ক্রমাগত অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

স্টাফ রিপোর্টার, সাভার থেকে জানান, টানা কয়েকদিনের অস্থিরতা ও আন্দোলনের পর গতকাল সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কারখানায় প্রবেশ করতে দেখা গেছে।

সরেজমিনে শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর এবং সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই শ্রমিকরা কারখানার সামনে জড়ো হন এবং আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন। কারখানাগুলোতে সকাল থেকেই পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।

এদিকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি বিজিবি টহল দলকেও সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছেন। কোথাও কোথাও কৃতিকার ঘটনার খবর পাওয়া যায় কিনা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ কারখানার শ্রমিকরা আজ বাসা থেকে বের হয়নি।

আশুলিয়া শিল্প পুলিশ-১- এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, এপর্যন্ত ৪০টির বেশি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%