০৪:৩৩ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রোববার প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচের প্রেক্ষিতে সিটিকে কোনভাবেই খাটো করে না দেখার আহ্বান জানিয়েছেন গানার্সের প্রধান মিকেল আর্তেতা।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে আর্সেনাল শীর্ষে অবস্থান করছে, যেখানে তারা সিটির চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। সিটি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে।
মৌসুমের শুরুতে সিটি পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের পারফরম্যান্সে উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে।
আরও পড়ুন: চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সব প্রতিযোগিতা মিলিয়ে এনজো মারেস্কার দলের সর্বশেষ সাত ম্যাচে তারা মাত্র একটি জয় পেয়েছে। লিগে তারা টানা চার ম্যাচ ধরে জয়হীন রয়েছে।
আর্তেতা সিটির এই ছন্দপতনের কারণ ব্যাখ্যা করতে পারেননি। তবে তিনি নিশ্চিতভাবে তিন পয়েন্ট পাওয়ার বিষয়টি নিয়ে আশাবাদী নন।
শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আর্তেতা বলেন, “আমি জানি না, এটা তাদেরই প্রশ্ন করা উচিত। আমি শুধু বলতে পারি তাদের খেলা দেখলে মনে হয় যেসব ম্যাচে তাদের জেতা প্রয়োজন, সেগুলোর অনেকগুলোতেই তারা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলে। কিন্তু এটাই ফুটবল।”
“শিরোপার লড়াইয়ে বড় দলগুলোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, এ ধরনের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। তবে অন্য দিকটাও দেখতে হবে- এখন নভেম্বর, মৌসুম শেষ হতে এখনও অনেক সময় বাকি।”
আরও পড়ুন: মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন
“চ্যালেঞ্জটা আমাদের নিজেদের জন্য। অন্য প্রতিপক্ষরা কী করবে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না।”
সিটির বাজে ফর্মের কারণে কোচ মারেস্কা সমালোচনার মুখে পড়েছেন। তবে আর্তেতার কাছে ইতালিয়ান এই কোচের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। মারেস্কা পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে প্রথম মৌসুমে সিটির দায়িত্ব পালন করছেন।
আর্তেতা মন্তব্য করেন, “এনজোকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অসাধারণ একজন মানুষ তিনি। ফুটবলই তার জীবন, ফুটবল নিয়েই তিনি বাঁচেন। বিশ্লেষণী ক্ষমতাও অসাধারণ। কোচ হিসেবে তার ক্যারিয়ার ইতোমধ্যেই দারুণ উচ্চতায় পৌঁছেছে। সবকিছুই অত্যন্ত ইতিবাচক।”
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের সেরা ছন্দে না থাকলেও আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে।
আরও পড়ুন: আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল
প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে ড্র করেছে গানাররা।
এর আগে টানা তিন ম্যাচে তারা মাত্র এক গোলের ব্যবধানে জয় পেয়েছিল। চতুর্থ বিভাগের দল ফ্লিটউডের কাছে হেরে লিগ কাপ থেকেও বিব্রতকরভাবে বিদায় নিতে হয়েছিল তাদের।
আর্তেতার বিশ্বাস, আর্সেনাল এখনও নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়ার পথে রয়েছে। সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তাদের নতুন করে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, “হ্যাঁ, আবারও এটা অর্জনের ক্ষুধা আরও বেড়েছে। একসঙ্গে সেই মুহূর্তগুলো আবার উপভোগ করতে চাই।”
আরও পড়ুন: সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলার ভূমিকা রয়েছে: ফকির মাহবুব আনাম
“প্রতি সপ্তাহে সবাই অসাধারণ পরিশ্রম করছে। প্রতিপক্ষকে বিশ্লেষণ করা, খেলোয়াড়দের চারপাশে সঠিক পরিবেশ তৈরি করা এবং সপ্তাহের পর সপ্তাহ ম্যাচ জেতার জন্য সবাই নিজেদের উজাড় করে দিচ্ছে।”
গার্দিওলার অধীনে সিটির দীর্ঘদিনের আধিপত্য আর্তেতার জন্য অনুপ্রেরণা, যদিও সাম্প্রতিক সময়ে দলটি কিছুটা পথ হারিয়েছে।
আর্তেতা বলেন, “নিশ্চিতভাবেই আপনি সেখান থেকে শিখবেন। এটি আপনাকে আরও উচ্চ পর্যায়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। ম্যানচেস্টার সিটি এই লিগে সেই মানদন্ড তৈরি করেছে, কারণ তারা যা করেছে, তা নজিরবিহীন।”
নিউক্যাসলের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পাওয়ায় ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে পারেননি গোলরক্ষক ডেভিড রায়া। আর্তেতা জানিয়েছেন, তিনি আবার অনুশীলনে ফিরেছেন। ডর্টমুন্ডের বিপক্ষে রায়ার পরিবর্তে খেলেছিলেন কেপা আরিজাবালাগা।
আরও পড়ুন: টেস্ট সিরিজে বাদ পড়লেও লায়নের জন্য অস্ট্রেলিয়ার দরজা খোলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন