প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের জন্য নির্বাচিত দলে নাথান লায়ন বাদ পড়েছেন। এ কারণে লায়নের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা অভিজ্ঞ এই স্পিনারের ক্যারিয়ারের অবসান এখনই দেখতে চান না। তারা মন্তব্য করেছেন, ‘আশা করি, এটাই তার শেষ নয়।’
৩৯ বছর বয়সী লায়নের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন কোরি রচিচিওলি, যিনি লায়নের চেয়ে ১০ বছরের ছোট। তিনি ১৩ সদস্যের দলে নতুন মুখের মধ্যে একজন। সিরিজের প্রথম টেস্ট আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে।
শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডের পরে আরও একজন খেলোয়াড় দলে যুক্ত করা হবে। চলতি মাসে ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নতুন করে আলোচনায় আসার পর এটি অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ হবে।
ফর্মহীন মার্নাস লাবুশেন বাদ পড়ায় তার জায়গায় দলে ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ২৭ বছর বয়সী ব্যাটার জ্যাক ক্লেটন। তিন নম্বরে খেলার সম্ভাবনা রয়েছে তার, যাতে স্টিভ স্মিথ চার নম্বরে থাকতে পারেন।
শেফিল্ড শিল্ডে ক্লেটন দারুণ ফর্মে রয়েছেন। তিনি স্যাম কনস্টাস ও জেক ওয়েদারল্ডকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছেন।
২০১১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজের পর এটি প্রথমবারের মতো ফিট থাকা অবস্থায় অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন লায়ন।
১৪৫ টেস্টে ৫৭৭ উইকেট নিয়ে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা লায়ন খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি আগামী নয় মাসে ভারত ও ইংল্যান্ড সফরেও খেলতে চান।
তবে সাম্প্রতিক সময়ে ফর্ম ও ফিটনেস নিয়ে সমস্যায় পড়েছেন এই স্পিনার। নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, দল থেকে বাদ পড়ার খবরটি লায়নকে ফোনে জানানো তার জন্য কঠিন ছিল।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে স্পিন সহায়ক উইকেটে ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের কথা মাথায় রেখে অবসরের সিদ্ধান্ত তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন তিনি।
বেইলি সাংবাদিকদের বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, সাম্প্রতিক কয়েকটি ম্যাচে আমরা তার কাছ থেকে প্রত্যাশিত পারফরমেন্স পাইনি।
“আমরা আশা করি, এটাই তার শেষ নয়। সামনে তাকালে আমরা তার জন্য একটি পথ দেখতে পাচ্ছি। ভারতের মতো সফরে তার অভিজ্ঞতা দলের জন্য অনেক মূল্যবান হতে পারে বলে মনে করি।
“এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না নিয়ে তাকে কিছুটা সময় নিতে বলেছি।”
অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে একাধিকবার খেলা রচিচিওলি বিকল্প হিসেবে টড মারফি, ম্যাট কুনেমান ও মিচেল সুইপসনকে পেছনে ফেলেছেন।
বেইলি বলেন, “কোরি গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানানসই কিছু বৈশিষ্ট্যও রয়েছে তার।”
তবে প্রথম একাদশে তার খেলা নিশ্চিত নয়। পার্থের চিরাচরিত বাউন্সি উইকেটে অস্ট্রেলিয়া চার পেসার নিয়ে মাঠে নামতে পারে। সে ক্ষেত্রে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের সঙ্গে স্কট বোল্যান্ড থাকবেন।
অলরাউন্ডার কুপার কনোলি ও বিউ ওয়েবস্টারও দল থেকে বাদ পড়ায় ক্লেটনের অভিষেক প্রায় নিশ্চিত।
বেইলি বলেন, “জ্যাক বেশ গোছানো একজন খেলোয়াড়, দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে। ব্যাটিং অর্ডারের অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো খেলার ধরন রয়েছে তার।”
ওপেনিংয়ে ম্যাট রেনশ ও ট্রাভিস হেডের থাকাটা প্রায় নিশ্চিত। পাঁচ নম্বরে থাকবেন ক্যামেরন গ্রিন, ছয় নম্বরে নিজের জায়গা ধরে রাখবেন জশ ইংলিস। মিডল অর্ডারের বাকি অংশ সামলাবেন অ্যালেক্স ক্যারি।
অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাট রেনশ, কোরি রচিচিওলি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন