প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থান একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি বিগত ১৮ বছর ধরে চলমান ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একটি চূড়ান্ত ফল।
আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন, গত ১৮ বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার এবং নির্মম নির্যাতন চালিয়েছে। তারা বিনা ভোটে এবং রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে তরুণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন শুরু হয়েছিল, যা পরে রিকশাচালক, শ্রমিক ও মেহনতি মানুষসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে গড়ে ওঠে। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর যখন নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তখন ছাত্র-জনতা বুক পেতে আত্মাহুতি দিয়েছে।
অবশেষে, ২০২৪ সালের ৫ আগস্ট, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটি মানুষ রাজপথে নেমে এলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং তারা পালিয়ে যায়।
মন্ত্রী শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সরকারি রেকর্ডে শহীদদের সংখ্যা ৮৫৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া, ২০ হাজার মানুষ আহত হয়েছেন, অনেকেই চোখ হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারের এই শোক গোটা জাতির শোক।
তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের মূল লক্ষ্য হলো শহীদ পরিবারের আত্মত্যাগ, শোক এবং গণমানুষের লড়াইয়ের স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করা।
মন্ত্রী জানান, জাদুঘরের কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় ১ হাজার ৮০০ স্মারক সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে আরও স্মারক সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।
জাদুঘরের পরিসর সম্প্রসারিত করে এসব স্মৃতিচিহ্ন একটি সুপরিসর স্থানে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা জানতে পারে।
অনুষ্ঠানের শুরুতেই, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের জন্য উন্মুক্ত আহ্বান করা হলে অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। এই সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়া, শহীদদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন