ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি’র আহত সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন


স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি’র আহত সদস্যদের দেখতে হাসপাতালে গিয়েছেন

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাসপাতালে গিয়েছেন।

আজ ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে তিনি তাদের দেখতে যান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

এতে উল্লেখ করা হয়, হাসপাতালে মন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে আলোচনা করেন।

তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

মন্ত্রী এরপর বিজিবি’র অপস রুম পরিদর্শন করেন। সেখানে তিনি অপস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন(৪০) মাথায় আঘাতপ্রাপ্ত হন।

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন

প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন।

এতে লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

বর্তমানে আহত তিনজন বিজিবি সদস্যই বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফসল: সংস্কৃতিমন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মন্তব্য করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থান একটি আকস্মিক ঘটনা নয়, বরং এটি বিগত ১৮ বছর ধরে চলমান ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের একটি চূড়ান্ত ফল।

আজ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, গত ১৮ বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার এবং নির্মম নির্যাতন চালিয়েছে। তারা বিনা ভোটে এবং রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে এবং নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে তরুণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন শুরু হয়েছিল, যা পরে রিকশাচালক, শ্রমিক ও মেহনতি মানুষসহ ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে গড়ে ওঠে। নিরস্ত্র ছাত্র-জনতার ওপর যখন নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, তখন ছাত্র-জনতা বুক পেতে আত্মাহুতি দিয়েছে।

অবশেষে, ২০২৪ সালের ৫ আগস্ট, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটি মানুষ রাজপথে নেমে এলে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং তারা পালিয়ে যায়।

মন্ত্রী শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সরকারি রেকর্ডে শহীদদের সংখ্যা ৮৫৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া, ২০ হাজার মানুষ আহত হয়েছেন, অনেকেই চোখ হারিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারের এই শোক গোটা জাতির শোক।

তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘরের মূল লক্ষ্য হলো শহীদ পরিবারের আত্মত্যাগ, শোক এবং গণমানুষের লড়াইয়ের স্মৃতিকে যথাযথভাবে সংরক্ষণ করা।

মন্ত্রী জানান, জাদুঘরের কার্যক্রমের অংশ হিসেবে ইতিমধ্যে প্রায় ১ হাজার ৮০০ স্মারক সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে আরও স্মারক সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।

জাদুঘরের পরিসর সম্প্রসারিত করে এসব স্মৃতিচিহ্ন একটি সুপরিসর স্থানে স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের কথা জানতে পারে।

অনুষ্ঠানের শুরুতেই, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের জন্য উন্মুক্ত আহ্বান করা হলে অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। এই সংগৃহীত স্মৃতিচিহ্নগুলো যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন এবং তাদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এছাড়া, শহীদদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক কার্ডের মাধ্যমে ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


কৃষক কার্ডের মাধ্যমে ৫ লাখ কৃষকের মধ্যে বিতরণ হবে ১০২ কোটি টাকা

॥ একেএম রাশেদ শাহরিয়ার ॥

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : কৃষক কার্ড কর্মসূচি কৃষকদের আর্থিক সুরক্ষা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কৃষিতে সামাজিক নিরাপত্তা জোরদারের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

এই কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হবে প্রায় ৫ লাখ কৃষকের। ইতোমধ্যে ৪ লাখ ৪৩ হাজার ৪৮৪ জন কৃষকের তথ্য হালনাগাদ সম্পন্ন হয়েছে। বাকি ৫৬ হাজার ৫১৬ জনের তথ্য যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বর মাসের মধ্যেই এই তথ্য হালনাগাদ করা সম্ভব হবে।

আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের ভিত্তিতে ৪ লাখ ৬ হাজার ৫৯১ জন কৃষক এই দুই কর্মসূচিতে সহায়তা পাবেন। নির্ধারিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন।

কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান, কৃষি উপকরণ ক্রয়ে সহযোগিতা এবং কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন ও সরকারি সহায়তা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুই জেলার কর্মসূচি কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কৃষি অর্থনীতিতে অর্থপ্রবাহ এবং গ্রামীণ জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। দেশের বিপুল জনগণের জীবন-জীবিকা কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি, বাজারদরের ওঠানামা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন অব্যাহত রাখতে মৌসুমি অর্থসংকট ও কৃষি উপকরণের ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলা করতে হয়।

এ পরিস্থিতিতে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান এবং কৃষিসেবাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে সরকার কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কৃষক কার্ডের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এই অর্থ বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহে কৃষকদের সহায়ক হবে। সরাসরি কৃষকের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ফলে কৃষি উৎপাদন কার্যক্রমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ হবে।

কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষি উপকরণ সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হবে।

২ ডিসেম্বর কুষ্টিয়ার কর্মসূচির আওতায় খুলনা ও ঢাকা বিভাগের সংশ্লিষ্ট এলাকায় মোট ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৩৬ জনের। এই কর্মসূচিতে কৃষকদের জন্য ২ হাজার ৫০০ টাকা হারে মোট ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় খুলনা বিভাগের ১০টি উপজেলায় ১১০টি কৃষি ব্লকে ১ লাখ ৪০ হাজার ৫৯৭ জন কৃষক এবং ঢাকা বিভাগের ১৩টি উপজেলায় ১৪৭টি কৃষি ব্লকে ১ লাখ ৫২ হাজার ২২০ জন কৃষক রয়েছেন।

অন্যদিকে, ৫ ডিসেম্বর গাইবান্ধার কর্মসূচির আওতায় রংপুর বিভাগের আটটি উপজেলার ৫০টি কৃষি ব্লকে ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। তাঁদের মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব রয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৫৫ জনের। এই কর্মসূচিতে কৃষকদের জন্য মোট ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা সহায়তা নির্ধারণ করা হয়েছে।

দুই কর্মসূচি মিলিয়ে পাঁচ লাখ কৃষক কৃষি উপকরণ সহায়তার আওতায় রয়েছেন। এর মধ্যে আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাবের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৫৯১। দুই কর্মসূচিতে কৃষি উপকরণ সহায়তার মোট অর্থের পরিমাণ ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। কৃষকের সংখ্যার সাথে এই অর্থও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

কুষ্টিয়া সদর উপজেলার একটি কৃষি ব্লকে ২ হাজার ৮৫০ জন কৃষকের হাতে কৃষক কার্ড বিতরণ করা হবে।

একইভাবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কৃষি ব্লকে ১ হাজার ৯৯০ জন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। কার্ড বিতরণে সোনালী ব্যাংক পিএলসি সংশ্লিষ্ট থাকবে।

কৃষক কার্ড কর্মসূচির বাস্তবায়নে কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব সংযুক্তির কার্যক্রম এগিয়ে চলছে। কৃষক কার্ড কর্মসূচির ২৬ নভেম্বরের সর্বশেষ সরকারি সারসংক্ষেপ অনুযায়ী, দেশব্যাপী কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে ২৬ দশমিক ৯৮ লাখ জনের। কমিটি কর্তৃক অনুমোদিত কৃষকের সংখ্যা ১৯ দশমিক ০২ লাখ। ব্যাংক হিসাব সংযুক্ত হয়েছে ১৬ দশমিক ৫২ লাখ এবং আইবাস++ এর মাধ্যমে যাচাই করা ব্যাংক হিসাব ও কৃষকের সংখ্যা ১৫ দশমিক ৩২ লাখ।

মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকের পরিচয় ও কৃষি কার্যক্রমের তথ্য সমন্বিতভাবে সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে কৃষি সহায়তা, প্রণোদনা এবং বিভিন্ন সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।

কৃষিখাতকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কৃষক কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত কৃষকদের শনাক্তকরণ, ব্যাংক হিসাব যাচাই এবং তথ্যভিত্তিক নিবন্ধনের মাধ্যমে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইবাস++ এর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সহায়তা বণ্টনের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একসময় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মৌসুমি খাদ্যসংকট, কর্মসংস্থানের অভাব ও দারিদ্র্যের কারণে মানুষের জীবনযাত্রা ছিল কঠিন। বিশেষ করে রংপুর অঞ্চলে ‘মঙ্গা’ শব্দটি ছিল অভাব ও অনিশ্চয়তার প্রতীক। কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার সম্প্রসারণ, উন্নত জাতের ফসল, কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিভিত্তিক কর্মসংস্থানের প্রসারে সেই পরিস্থিতির অনেক পরিবর্তন ঘটেছে।

কৃষক কার্ডের মতো সরাসরি সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন পরিকল্পনা গ্রহণে আর্থিক সহায়ক ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র কৃষকের হাতে কৃষি উপকরণ সহায়তা পৌঁছালে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ কেনার ক্ষেত্রে তাদের আর্থিক চাপ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার সঙ্গে কৃষকদের সম্পৃক্ততা বাড়লে গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়তে পারে।

উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে কৃষি অর্থনৈতিক অঞ্চল, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, সংরক্ষণাগার, হিমাগার এবং কৃষিপণ্যের বাজারজাতকরণ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ গুরুত্বপূর্ণ।

কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ ও শিল্পায়নের সুযোগ সৃষ্টি হলে কৃষকের উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন, কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতির বিকাশের সম্ভাবনা বাড়বে।

কৃষক কার্ড কর্মসূচির পাশাপাশি কৃষকদের উৎপাদন সহায়তা, সার ও বীজ সরবরাহ, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক তথ্য সরবরাহের কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষকদের মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ পৌঁছে দেওয়ার ব্যবস্থা কৃষি কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর সুযোগ তৈরি করছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কৃষক কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলার কৃষকদের আওতায় সম্প্রসারণ করা হবে। কৃষকদের তথ্যভিত্তিক নিবন্ধন ও যাচাই কার্যক্রমের মাধ্যমে সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত কৃষকদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কৃষক কার্ড শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানের একটি মাধ্যম নয়, এটি কৃষকদের রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার একটি উদ্যোগ হিসেবেও বিবেচিত হচ্ছে। কৃষকের উৎপাদন ব্যয়, কৃষি উপকরণ সংগ্রহ, কৃষি কার্যক্রম পরিচালনা এবং গ্রামীণ অর্থনীতিতে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কুষ্টিয়া ও গাইবান্ধায় কৃষক কার্ড কর্মসূচির সম্প্রসারণ তাই কৃষি সহায়তা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য পর্ব।

কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন কার্যক্রমে সহায়তা এবং কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার মাধ্যমে এই উদ্যোগ দেশের কৃষি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, কৃষক কার্ড কর্মসূচি মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের যোগাযোগ ও সেবা কার্যক্রমকে আরও সুসংহত করবে। এই কর্মসূচির আওতায় কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং নিবন্ধনের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা হচ্ছে, যাতে সরকারি সহায়তা যথাযথভাবে তাদের কাছে সহজে পৌঁছানো যায়।

তিনি বলেন, কৃষি উপকরণ সহায়তার পাশাপাশি উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ এবং আবহাওয়াভিত্তিক কৃষি পরামর্শের সমন্বয় ঘটাতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। কৃষক কার্ড কৃষকের সঙ্গে কৃষি সম্প্রসারণ সেবার একটি কার্যকর সংযোগ তৈরি করবে।

এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান রাষ্টীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের কাছে সরকারি কৃষি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের কল্যাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে কৃষক কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে দেশের কৃষকদের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ সংগ্রহে সহায়তা প্রদান তাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে এবং আর্থিক চাপ মোকাবিলায় সহায়ক হবে।

কৃষি সচিব বলেন, কৃষকের তথ্যভিত্তিক নিবন্ধন, ব্যাংক হিসাব যাচাই এবং স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণের মাধ্যমে আমরা কৃষিসেবাকে আরও সহজ, কার্যকর ও কৃষকবান্ধব করতে চাই। কুষ্টিয়া ও গাইবান্ধায় এই কর্মসূচির সম্প্রসারণ কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বন্দরে অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


ইরানের বন্দরে অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী একটি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে, কারণ এটি ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল।

শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার ‘প্যাসিফিক আর্চার’ নামের জাহাজটির ওপর হামলা চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান দ্বারা। জাহাজটি অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, এর পেছনের অংশ লক্ষ্য করে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হামলার ফলে জাহাজটির ইঞ্জিন ও চলাচলব্যবস্থা অচল হয়ে পড়ে। তবে, জাহাজে থাকা বেসামরিক নাবিকদের মধ্যে কেউ আহত হননি। এই ঘটনা ঘটে ওমান উপসাগরে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের আব্বাস বন্দর থেকে যাত্রা করেছিল।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরে অবরোধ কার্যকর করতে তারা কঠোর অবস্থান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ছয়টি জাহাজ অচল করে দেওয়া হয়েছে এবং আরও ১৫৮টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের সঙ্গে স্বল্পস্থায়ী একটি সমঝোতা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র দেশটির বন্দরে অবরোধ আরোপ করে।

অন্যদিকে, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নিজস্ব অবরোধ আরোপের চেষ্টা করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, তেহরান যেসব নৌপথকে নিষিদ্ধ ঘোষণা করেছে, সেসব পথে চলাচলের সময় কয়েকটি জাহাজে আগুন লাগার খবরও দিয়েছে ইরানি বাহিনী।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবরোধ মোকাবিলায় দেশের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের অঙ্গীকার করেছেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এ সংকটের সূত্রপাত হয়। সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এখনো থমকে আছে। বিশেষ করে গত জুনে স্থায়ী সমাধানের পথনির্দেশনা দেওয়া একটি চুক্তি ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটেছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দাবিগুলো মেনে নিলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া সম্ভব। এসব দাবির মধ্যে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে।

আজ শনিবার সকালে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মিলন, যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত রয়েছেন।

সম্মিলনে প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটে পৌঁছান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করা হয়।

‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে— ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

উচ্চশিক্ষার মান উন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সম্মিলন আয়োজন করা হয়েছে।

এছাড়া, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করার উদ্দেশ্যও রয়েছে এই আয়োজনের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করছে।

সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করা হবে, পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%