ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভোলার হাসপাতালে ছয় লাখ শিশুর চিকিৎসায় দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক


ভোলার হাসপাতালে ছয় লাখ শিশুর চিকিৎসায় দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

হাসপাতালের বারান্দা, হাঁটার পথ এবং সিঁড়িকোঠা- কোথাও খালি জায়গা নেই। শিশু রোগীদের শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীরা আশানুরূপ চিকিৎসা পাচ্ছে না।

এটি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অবস্থা, কিন্তু এই হাসপাতাল একমাত্র নয়, জেলার সরকারি হাসপাতালগুলোর প্রতিদিনের চিত্র এটি।

জেলায় সাতটি হাসপাতালের মধ্যে পাঁচটিতে দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে জেলার ছয় লাখের বেশি শিশুর চিকিৎসার দায়িত্ব বর্তমানে মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপর নির্ভরশীল।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

জেলার বাসিন্দাদের মতে, উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে জেলা শহরে আসলেও কাঙ্খিত সেবা মিলছে না। ফলে নামমাত্র চিকিৎসা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের।

ভোলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ শিশু হলেও বছরের পর বছর ধরে তাদের চিকিৎসায় এই অবস্থার অব্যাহত রয়েছে। এই সংকট সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপও নেই।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা ৬০টি, কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি থাকে। ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় শিশুদের মতো সংবেদনশীল রোগীদের হাসপাতালের বারান্দা, চলাচলের রাস্তা ও সিঁড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেখানে দৈনিক গড়ে ৩০০ থেকে ৩৫০ জন শিশু ভর্তি হয়। আউটডোরে চিকিৎসা নিচ্ছে পাঁচ শতাধিক শিশু। এই বিপুল সংখ্যক শিশু রোগীর চিকিৎসার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র একজন।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

সম্প্রতি সরেজমিনে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক মো. সালাহউদ্দীন হাসপাতালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোগীদের দেখতে ছুটোছুটি করছেন। শিশু ওয়ার্ড থেকে হাম ও ডেঙ্গু ওয়ার্ডে, সেখান থেকে আবার ডায়রিয়া ওয়ার্ডে। ইনডোরের রোগী দেখা শুরু হয় সকাল থেকে, দুপুর গড়িয়ে গেলেও রোগী দেখা শেষ হচ্ছে না।

অন্যদিকে, বহির্বিভাগেও অসুস্থ শিশু নিয়ে অপেক্ষা করছেন অনেক অভিভাবক। অক্লান্ত পরিশ্রম করেও রোগীর অভিভাবকদের মন জয় করতে পারছেন না এ চিকিৎসক।

২০২২ সালের শেষ জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী মোট শিশুর সংখ্যা ছয় লাখ ৪১ হাজার, যা মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা চার লাখ ২৭ হাজার।

তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে পাঁচ বছরের নিচে শিশুর সংখ্যা দুই লাখ ২৫ হাজার। এসব শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলার সাতটি হাসপাতালে মোট আটজন শিশু বিশেষজ্ঞের পদ রয়েছে। এর মধ্যে সদরে জেনারেল হাসপাতালে একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম

উপজেলা পর্যায়ে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটতে হচ্ছে অভিভাবকদের। আর সদর হাসপাতালের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষে বিপুল সংখ্যক শিশু রোগীর কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

শিশু নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ফারিয়া আক্তার ও ইকবাল হোসেনসহ চার-পাঁচজন অভিভাবক জানান, উপজেলা হাসপাতালে আশানুরূপ চিকিৎসা না পেয়ে জেলা শহরের হাসপাতালে এসেছেন, কিন্তু এখানেও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশুদের সঠিক চিকিৎসা মিলছে না।

হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগমের ভাষ্য, ‘তিন বছর বয়সী অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু হাসপাতালেও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নাই। বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ্যও আমাদের নাই। তাহলে আমরা কই যামু?’

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন কামরুল ইসলাম। তিনি জানান, তার বাড়ির পাশেই তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোলা জেনারেল হাসপাতালে এসেছেন, কিন্তু কোনো শয্যা পাচ্ছেন না। বসার জায়গা পর্যন্ত নেই শিশু ওয়ার্ডে। ভর্তির ২৪ ঘণ্টা পরও চিকিৎসকের দেখাও পাচ্ছেন না। তাই উৎকণ্ঠায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: মানিকগঞ্জে টানা বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষতি, মালিকরা দুশ্চিন্তায়

ভোলা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দিনের বক্তব্য, তার একার পক্ষে এত রোগীর সঠিক চিকিৎসা দেওয়া অসম্ভব। শিশুর অভিভাবকদের সব কথা শোনাও সম্ভব হচ্ছে না। তার পরও সামর্থ্য অনুযায়ী যথাযথ চিকিৎসা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।

ডা. সালাহউদ্দিন বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জেলা সদরে সবসময় রোগীর চাপ বেশি থাকে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান কালের কণ্ঠকে বলেন, চিকিৎসক সংকটের কারণে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা চ্যালেঞ্জ মুখে পড়ছে। শিশু বিভাগের দুইজন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন একজন। স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে শিশুরোগের চিকিৎসক প্রয়োজন।

ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সদর জেনারেল হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি ছয়টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এতে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কষ্টকর। শূন্য পদে চিকিৎসক দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধার ধাপেরহাটে এসআরবি-১৩ ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এই ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এক পর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করার পর পৌনে ১১টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার পর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, "পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে।" তিনি আরও বলেন, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চলমান পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি গোষ্ঠী

হুথি গোষ্ঠী দাবি করেছে যে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। জোটের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’ বলে উল্লেখ করা হয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র পরিবহণের কার্যক্রম লক্ষ্য করে হামলা করা হয়েছে। পাশাপাশি, রাজধানী সানা, সা'দা এবং তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে।

হুদাইদাহ বন্দরে হামলার পর, হুথিরা জেদ্দাসহ সউদী আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে, সউদী আকাশসীমাকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে গোষ্ঠীটি। তারা সউদী আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে।

সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহণে ব্যবহৃত কার্যক্রমের সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

পরে দেওয়া আরেক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সউদী আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

এদিকে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। তবে হামলায় নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে হুথিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

ঝিনাইদহ, ২১ নভেম্বর, ২০২৬ : ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবে দুই দিনের টানা বৃষ্টির কারণে ঝিনাইদহের বিস্তীর্ণ ধানের মাঠ তলিয়ে গেছে। বৃষ্টির পানি জমে ধানের ডগা কোথাও কোথাও পানির নিচে পড়ে রয়েছে। কৃষকরা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাধ্য হয়ে কেটে নিচ্ছেন ধানের ডগা। এ ছাড়া, হালকা বাতাসের কারণে জেলার অনেক মাঠে কাঁচা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে, পড়ে যাওয়া ধান কাটতে ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত পারিশ্রমিক গুনতে হচ্ছে। ধানের পাশাপাশি শীতকালীন শাক-সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ধানের মাঠে পানি জমে রয়েছে। এ কারণে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এতে সরিষা, ছোলা, মসুরি ও গমের বীজ বপনের সময় পিছিয়ে যেতে পারে।

টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজির আবাদেও প্রভাব পড়েছে। সবজি চাষীরা আশঙ্কা করছেন, জমিতে বৃষ্টির পানি দু’দিন আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে।

এদিকে, জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও প্রায় একই।

সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, "দুইদিন একটানা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হচ্ছে। ধানের মাঠে পানি জমে গেছে। নিচু জমিতে হাটু পানি। কেটে রাখা ধান পানির নিচে। পানিতে তলিয়ে থাকা ধানের দাম বাজারে কম পাওয়া যায়। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।"

ভবানীপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, "বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া পালংশাক, ধনিয়াপাতাসহ শীতের সবজি ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে যাবে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াই খরচ দ্বিগুণ হয়ে গেছে। আমরা এতো খরচ কিভাবে মেটাবো সেই দুশ্চিন্তায় আছি।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় চলতি আমন মৌসুমে মোট ১ লক্ষ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে জেলার প্রায় ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া, জেলার ৬টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে। জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫শ’ ২৬ হেক্টর জমিতে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে গম বপনের সময় দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বাসস’কে বলেন, "বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজি ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।"

এ ছাড়া, সরিষা, গম ও ভুট্টার বীজ বপন-রোপণেও কিছুটা বিলম্ব হতে পারে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন পাকিস্তানি তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন পাকিস্তানি তারকা

এক বছর আগে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে ১৩ মাসের ব্যবধানে এবার তিনি কেন্দ্রীয় চুক্তি হারালেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে রিজওয়ান ছাড়া আরও দুই বড় তারকা বাদ পড়েছেন।

বাদ পড়াদের মধ্যে সাবেক অধিনায়ক শান মাসুদের নামও রয়েছে। তিনি গত জুলাই মাসে অধিনায়কত্ব হারিয়েছিলেন এবং ৪ মাসের ব্যবধানে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন। ওপেনার সাইম আয়ুবও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া হাসান আলী, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদিরাও চুক্তিতে জায়গা পাননি।

শনিবার সকালে পিসিবি ৩৮ খেলোয়াড়ের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় বোর্ড সম্পূর্ণ বেতন কাঠামো পুনর্গঠন করেছে।

আগের ক্যাটাগরিভিত্তিক কাঠামোর পরিবর্তে ফরম্যাটভিত্তিক চুক্তি এসেছে। নতুন কাঠামোয় ৫টি ক্যাটাগরি রয়েছে, যথা: এ (শুধু টেস্ট), এবি (টেস্ট ও ওয়ানডে), বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি), সি (শুধু টি-টোয়েন্টি), এবং ডি (উদীয়মান)। নতুন এই চুক্তির মেয়াদ ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৩০ জুন ২০২৭ পর্যন্ত থাকবে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তি

এবি (টেস্ট ও ওয়ানডে): বাবর আজম, সালমান আগা।

এ (টেস্ট): আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সাউদ শাকিল।

বি-সি (ওয়ানডে ও টি-টোয়েন্টি): আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

সি (টি-টোয়েন্টি): হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক।

ডি (ডেভেলপমেন্ট): আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তায়েব আরিফ, গাজি ঘোরি, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%