০৪:১২ পি.এম
ঝিনাইদহ, ২১ নভেম্বর, ২০২৬ : ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবে দুই দিনের টানা বৃষ্টির কারণে ঝিনাইদহের বিস্তীর্ণ ধানের মাঠ তলিয়ে গেছে। বৃষ্টির পানি জমে ধানের ডগা কোথাও কোথাও পানির নিচে পড়ে রয়েছে। কৃষকরা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাধ্য হয়ে কেটে নিচ্ছেন ধানের ডগা। এ ছাড়া, হালকা বাতাসের কারণে জেলার অনেক মাঠে কাঁচা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে, পড়ে যাওয়া ধান কাটতে ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত পারিশ্রমিক গুনতে হচ্ছে। ধানের পাশাপাশি শীতকালীন শাক-সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ধানের মাঠে পানি জমে রয়েছে। এ কারণে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এতে সরিষা, ছোলা, মসুরি ও গমের বীজ বপনের সময় পিছিয়ে যেতে পারে।
টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজির আবাদেও প্রভাব পড়েছে। সবজি চাষীরা আশঙ্কা করছেন, জমিতে বৃষ্টির পানি দু’দিন আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
এদিকে, জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও প্রায় একই।
সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, "দুইদিন একটানা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হচ্ছে। ধানের মাঠে পানি জমে গেছে। নিচু জমিতে হাটু পানি। কেটে রাখা ধান পানির নিচে। পানিতে তলিয়ে থাকা ধানের দাম বাজারে কম পাওয়া যায়। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।"
ভবানীপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, "বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া পালংশাক, ধনিয়াপাতাসহ শীতের সবজি ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে যাবে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াই খরচ দ্বিগুণ হয়ে গেছে। আমরা এতো খরচ কিভাবে মেটাবো সেই দুশ্চিন্তায় আছি।"
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় চলতি আমন মৌসুমে মোট ১ লক্ষ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে জেলার প্রায় ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া, জেলার ৬টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে। জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫শ’ ২৬ হেক্টর জমিতে।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে গম বপনের সময় দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বাসস’কে বলেন, "বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজি ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।"
এ ছাড়া, সরিষা, গম ও ভুট্টার বীজ বপন-রোপণেও কিছুটা বিলম্ব হতে পারে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন: সংকট সমাধানে সংস্কারে ঐকমত্য জরুরি: শফিকুল ইসলাম
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন