ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি গোষ্ঠী


ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি গোষ্ঠী

হুথি গোষ্ঠী দাবি করেছে যে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। জোটের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’ বলে উল্লেখ করা হয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র পরিবহণের কার্যক্রম লক্ষ্য করে হামলা করা হয়েছে। পাশাপাশি, রাজধানী সানা, সা'দা এবং তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে।

হুদাইদাহ বন্দরে হামলার পর, হুথিরা জেদ্দাসহ সউদী আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে, সউদী আকাশসীমাকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে গোষ্ঠীটি। তারা সউদী আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহণে ব্যবহৃত কার্যক্রমের সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

পরে দেওয়া আরেক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সউদী আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

এদিকে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। তবে হামলায় নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে হুথিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


আকভান’র প্রভাবে ঝিনাইদহে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান

ঝিনাইদহ, ২১ নভেম্বর, ২০২৬ : ঘূর্ণিঝড় আকভান’র প্রভাবে দুই দিনের টানা বৃষ্টির কারণে ঝিনাইদহের বিস্তীর্ণ ধানের মাঠ তলিয়ে গেছে। বৃষ্টির পানি জমে ধানের ডগা কোথাও কোথাও পানির নিচে পড়ে রয়েছে। কৃষকরা ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাধ্য হয়ে কেটে নিচ্ছেন ধানের ডগা। এ ছাড়া, হালকা বাতাসের কারণে জেলার অনেক মাঠে কাঁচা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে, পড়ে যাওয়া ধান কাটতে ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত পারিশ্রমিক গুনতে হচ্ছে। ধানের পাশাপাশি শীতকালীন শাক-সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অধিকাংশ ধানের মাঠে পানি জমে রয়েছে। এ কারণে এসব ধান কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এতে সরিষা, ছোলা, মসুরি ও গমের বীজ বপনের সময় পিছিয়ে যেতে পারে।

টানা বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন মাঠে শীতকালীন সবজির আবাদেও প্রভাব পড়েছে। সবজি চাষীরা আশঙ্কা করছেন, জমিতে বৃষ্টির পানি দু’দিন আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে।

এদিকে, জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠের চিত্রও প্রায় একই।

সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, "দুইদিন একটানা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হচ্ছে। ধানের মাঠে পানি জমে গেছে। নিচু জমিতে হাটু পানি। কেটে রাখা ধান পানির নিচে। পানিতে তলিয়ে থাকা ধানের দাম বাজারে কম পাওয়া যায়। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।"

ভবানীপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, "বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া পালংশাক, ধনিয়াপাতাসহ শীতের সবজি ক্ষেত অনেকটাই নষ্ট হয়ে যাবে। সরিষা ও গমের আবাদও পিছিয়ে যাবে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াই খরচ দ্বিগুণ হয়ে গেছে। আমরা এতো খরচ কিভাবে মেটাবো সেই দুশ্চিন্তায় আছি।"

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় চলতি আমন মৌসুমে মোট ১ লক্ষ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এর মধ্যে জেলার প্রায় ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া, জেলার ৬টি উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে। জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫শ’ ২৬ হেক্টর জমিতে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে গম বপনের সময় দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বাসস’কে বলেন, "বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজি ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।"

এ ছাড়া, সরিষা, গম ও ভুট্টার বীজ বপন-রোপণেও কিছুটা বিলম্ব হতে পারে। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মীদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন পাকিস্তানি তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ তিন পাকিস্তানি তারকা

এক বছর আগে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে ১৩ মাসের ব্যবধানে এবার তিনি কেন্দ্রীয় চুক্তি হারালেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে রিজওয়ান ছাড়া আরও দুই বড় তারকা বাদ পড়েছেন।

বাদ পড়াদের মধ্যে সাবেক অধিনায়ক শান মাসুদের নামও রয়েছে। তিনি গত জুলাই মাসে অধিনায়কত্ব হারিয়েছিলেন এবং ৪ মাসের ব্যবধানে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়লেন। ওপেনার সাইম আয়ুবও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া হাসান আলী, আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদিরাও চুক্তিতে জায়গা পাননি।

শনিবার সকালে পিসিবি ৩৮ খেলোয়াড়ের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় বোর্ড সম্পূর্ণ বেতন কাঠামো পুনর্গঠন করেছে।

আগের ক্যাটাগরিভিত্তিক কাঠামোর পরিবর্তে ফরম্যাটভিত্তিক চুক্তি এসেছে। নতুন কাঠামোয় ৫টি ক্যাটাগরি রয়েছে, যথা: এ (শুধু টেস্ট), এবি (টেস্ট ও ওয়ানডে), বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি), সি (শুধু টি-টোয়েন্টি), এবং ডি (উদীয়মান)। নতুন এই চুক্তির মেয়াদ ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৩০ জুন ২০২৭ পর্যন্ত থাকবে।

পিসিবির কেন্দ্রীয় চুক্তি

এবি (টেস্ট ও ওয়ানডে): বাবর আজম, সালমান আগা।

এ (টেস্ট): আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সাউদ শাকিল।

বি-সি (ওয়ানডে ও টি-টোয়েন্টি): আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।

সি (টি-টোয়েন্টি): হাসান নওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক।

ডি (ডেভেলপমেন্ট): আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তায়েব আরিফ, গাজি ঘোরি, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম, উবাইদ শাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা গণহত্যার রায় গাজা মামলায় ইসরাইলের বিপক্ষে যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


রোহিঙ্গা গণহত্যার রায় গাজা মামলায় ইসরাইলের বিপক্ষে যেতে পারে

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় একটি গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে বিবেচিত হতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় প্রতিষ্ঠা করেছে যে সামরিক লক্ষ্য ও গণহত্যার উদ্দেশ্য একই সঙ্গে বিদ্যমান থাকতে পারে।

গাজা ও মিয়ানমারের সংঘাতের আইনি প্রেক্ষাপট আলাদা হলেও, উভয় মামলাই ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে রাষ্ট্রের দায়িত্ব লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে গঠিত। শুক্রবার (২০ নভেম্বর) হেগে রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগণের ওপর নির্যাতনের ঘটনায় গণহত্যা সনদের একাধিক বিধান লঙ্ঘনের রায় প্রদান করেছে।

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়েরকারী দক্ষিণ আফ্রিকা এই রায়কে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা উল্লেখ করেন, "প্রথমবারের মতো কোনো রাষ্ট্র গণহত্যা করেছে" বলে আদালতের এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। ইসরাইলের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে এর বিশেষ তাৎপর্য রয়েছে। তবে মামলাটির মূল শুনানি ২০২৯ সালের আগে হওয়ার সম্ভাবনা নেই।

মিয়ানমার ও ইসরাইল উভয় দেশই নিজেদের সামরিক অভিযানকে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তবে ১৫ বিচারকের বেঞ্চের ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মত অনুযায়ী, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, শিশুদের হত্যা, বাড়িঘর ধ্বংস, ব্যাপক যৌন সহিংসতা এবং সাত লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত করার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।

আদালত এই রায়ে আরও উল্লেখ করেছে যে, গণহত্যা প্রতিরোধে মিয়ানমার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আদালত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনে সহায়তা এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও প্রদান করেছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। মামলাটি সাত বছর আগে গাম্বিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পক্ষে দায়ের করেছিল।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনগুলোর কয়েকটি সিদ্ধান্ত বিচারকেরা গ্রহণ করেছেন। এসব প্রতিবেদনের মধ্যে একটি উল্লেখ করে বলা হয়েছিল, ব্যাপক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ বহন করে।

ইসরাইলি আইন বিশেষজ্ঞ ইউভাল শানি মন্তব্য করেন, রোহিঙ্গা মামলার রায় দক্ষিণ আফ্রিকার সামনে ইসরাইলের বিরুদ্ধে মামলায় নতুন আইনি যুক্তি উপস্থাপনের সুযোগ তৈরি করতে পারে। তাঁর মতে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আদালত ‘একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা’ হওয়ার শর্ত বহাল রেখেছেন। তবে কোনো ঘটনার ধরন ও ধারাবাহিকতার পাশাপাশি অপরাধের ব্যাপকতা, পদ্ধতিগত চরিত্র এবং অতীতের নিপীড়নের ইতিহাসও বিবেচনায় নেওয়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে।

গণহত্যা প্রমাণ করা আন্তর্জাতিক আইনে অত্যন্ত কঠিন। এজন্য কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য প্রমাণ করতে হয়। গণহত্যার অপরাধের মধ্যে রয়েছে কোনো জনগণের সদস্যদের হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, তাদের ধ্বংসের উপযোগী জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা, জন্ম রোধ করা এবং জোর করে শিশুদের অন্য জনগণের কাছে স্থানান্তর করা।

লামোলা বলেন, রোহিঙ্গা মামলার রায় দক্ষিণ আফ্রিকা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে। এর মাধ্যমে জাতিগত নিধন, শিশু হত্যা, যৌন সহিংসতা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ড কীভাবে গণহত্যার সংজ্ঞার আওতায় পড়তে পারে, তা ইসরাইলের বিরুদ্ধে মামলায় তুলে ধরার বিষয়টি বিবেচনা করা হবে।

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফৌজদারি আইনের অধ্যাপক মারিকে দে হুন বলেন, মিয়ানমারের অপরাধের পদ্ধতিগত চরিত্র ও ব্যাপকতার ওপর আদালতের গুরুত্ব দেওয়ার বিষয়টি ইসরাইলের মামলাতেও প্রভাব ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরাইলের সামরিক অভিযান এমন পরিস্থিতি তৈরি করেছে, যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের মধ্যে জন্ম রোধ করা এবং এতে নারী ও শিশুরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইসিজেতে দেওয়া আবেদনে দক্ষিণ আফ্রিকা দাবি করেছে, গাজায় নিহতদের আনুমানিক ৭০ শতাংশই যোদ্ধা ছিলেন না। তবে ইসরাইল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সামরিক অভিযান আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে।

দে হুনের মতে, সামরিক উদ্দেশ্য থাকলেই যে গণহত্যার উদ্দেশ্য থাকতে পারে না, এমন যুক্তি আদালত নাকচ করেছেন। তাঁর ভাষ্য, নারী ও শিশুদের ওপর হামলা এবং যৌন সহিংসতার মতো কিছু কর্মকাণ্ডকে শুধু সামরিক লক্ষ্য দিয়ে ব্যাখ্যা করা যায় না। এসব ক্ষেত্রে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হতে পারে বলে বিচারকেরা মনে করেছেন।

অন্যদিকে, ইসরাইলপন্থি গোষ্ঠীগুলোর অর্থায়নে পরিচালিত থিংক ট্যাংক ‘দ্য হেগ ইনিশিয়েটিভ ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন’ (থিঙ্ক) মন্তব্য করেছে, এই রায় গণহত্যার অভিযোগ মূল্যায়নের ক্ষেত্রে আদালতগুলোর দৃষ্টিভঙ্গি মৌলিকভাবে বদলে দিতে পারে। প্রতিষ্ঠানটির পরিচালক অ্যান্ড্রু টাকার এক প্রতিক্রিয়ায় দাবি করেন, রায়টি গণহত্যার উদ্দেশ্য প্রমাণের সীমা কমিয়ে দিতে পারে, যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত পশ্চিমা সামরিক বাহিনীগুলোর জন্য গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের সামরিক অভিযানও এর মধ্যে পড়ে।

টাকারের মতে, এই রায় শুধুমাত্র একটি নির্দিষ্ট মামলার সিদ্ধান্ত নয়, ভবিষ্যতের মামলাগুলোর জন্যও একটি কাঠামো তৈরি করেছে। তাঁর দাবি, এতে বলা হয়েছে, বৈধ সামরিক লক্ষ্য ও গণহত্যার উদ্দেশ্য পাশাপাশি থাকতে পারে এবং প্রবেশাধিকার না থাকা অবস্থায় তৈরি জাতিসংঘের প্রতিবেদনও আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি মন্তব্য করেন, আইসিজে এর আগে কখনো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেনি। আদালতে এই অপরাধ প্রমাণের আইনি মানদণ্ড অত্যন্ত কঠিন। তবে মিয়ানমারের বিরুদ্ধে মামলার রায় দেখিয়েছে, সেই কঠিন মানদণ্ডও অতিক্রম করা সম্ভব। তথ্যসূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, ১৫০ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


মণিপুরে ভেজাল মদপানে ১৫ জনের মৃত্যু, ১৫০ জন হাসপাতালে

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় ভেজাল মদপানের কারণে তিন দিনের মধ্যে ১৫ জনের মৃত্যু ঘটেছে। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ খবরটি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস প্রকাশ করেছে।

শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন চান্দেল জেলা সদর দফতরের সুমিল লাংহু। তিনি জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর তার কাছে এসেছে। ইম্ফলের শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী চিকিৎসার জন্য এসেছেন। এছাড়া বাবিনা হাসপাতালে আরও অনেকেই একই ধরনের চিকিৎসা নিচ্ছেন।

লাংহু আরও জানান, গত দুই থেকে তিন দিনের মধ্যে এই ঘটনা ঘটেছে। তার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মদপানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি যে, মদটি কোথা থেকে এসেছে।

চান্দেল জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তিরা যে মদপান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চান্দেলে স্থানীয়ভাবে মদ তৈরি বা উৎপাদনের কোনো তথ্য নেই।

বৃহস্পতিবার চান্দেলের জেলা প্রশাসক জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। এতে স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক উৎস থেকে আসা মদ্যপ পানীয় পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। সতর্কবার্তায় আরও বলা হয়, মদপানের পর কারও মধ্যে বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আক্রান্ত রোগী ও চিকিৎসা দলের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, সরকার এ ঘটনার তদন্ত করবে এবং দায়ীদের শাস্তি দেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%