প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাসপাতালের বারান্দা, হাঁটার পথ এবং সিঁড়িকোঠা- কোথাও খালি জায়গা নেই। শিশু রোগীদের শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীরা আশানুরূপ চিকিৎসা পাচ্ছে না।
এটি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অবস্থা, কিন্তু এই হাসপাতাল একমাত্র নয়, জেলার সরকারি হাসপাতালগুলোর প্রতিদিনের চিত্র এটি।
জেলায় সাতটি হাসপাতালের মধ্যে পাঁচটিতে দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে জেলার ছয় লাখের বেশি শিশুর চিকিৎসার দায়িত্ব বর্তমানে মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপর নির্ভরশীল।
জেলার বাসিন্দাদের মতে, উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে জেলা শহরে আসলেও কাঙ্খিত সেবা মিলছে না। ফলে নামমাত্র চিকিৎসা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের।
ভোলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ শিশু হলেও বছরের পর বছর ধরে তাদের চিকিৎসায় এই অবস্থার অব্যাহত রয়েছে। এই সংকট সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপও নেই।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা ৬০টি, কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি থাকে। ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় শিশুদের মতো সংবেদনশীল রোগীদের হাসপাতালের বারান্দা, চলাচলের রাস্তা ও সিঁড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেখানে দৈনিক গড়ে ৩০০ থেকে ৩৫০ জন শিশু ভর্তি হয়। আউটডোরে চিকিৎসা নিচ্ছে পাঁচ শতাধিক শিশু। এই বিপুল সংখ্যক শিশু রোগীর চিকিৎসার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র একজন।
সম্প্রতি সরেজমিনে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক মো. সালাহউদ্দীন হাসপাতালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোগীদের দেখতে ছুটোছুটি করছেন। শিশু ওয়ার্ড থেকে হাম ও ডেঙ্গু ওয়ার্ডে, সেখান থেকে আবার ডায়রিয়া ওয়ার্ডে। ইনডোরের রোগী দেখা শুরু হয় সকাল থেকে, দুপুর গড়িয়ে গেলেও রোগী দেখা শেষ হচ্ছে না।
অন্যদিকে, বহির্বিভাগেও অসুস্থ শিশু নিয়ে অপেক্ষা করছেন অনেক অভিভাবক। অক্লান্ত পরিশ্রম করেও রোগীর অভিভাবকদের মন জয় করতে পারছেন না এ চিকিৎসক।
২০২২ সালের শেষ জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী মোট শিশুর সংখ্যা ছয় লাখ ৪১ হাজার, যা মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা চার লাখ ২৭ হাজার।
তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে পাঁচ বছরের নিচে শিশুর সংখ্যা দুই লাখ ২৫ হাজার। এসব শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলার সাতটি হাসপাতালে মোট আটজন শিশু বিশেষজ্ঞের পদ রয়েছে। এর মধ্যে সদরে জেনারেল হাসপাতালে একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
উপজেলা পর্যায়ে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটতে হচ্ছে অভিভাবকদের। আর সদর হাসপাতালের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষে বিপুল সংখ্যক শিশু রোগীর কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
শিশু নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ফারিয়া আক্তার ও ইকবাল হোসেনসহ চার-পাঁচজন অভিভাবক জানান, উপজেলা হাসপাতালে আশানুরূপ চিকিৎসা না পেয়ে জেলা শহরের হাসপাতালে এসেছেন, কিন্তু এখানেও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশুদের সঠিক চিকিৎসা মিলছে না।
হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগমের ভাষ্য, ‘তিন বছর বয়সী অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু হাসপাতালেও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নাই। বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ্যও আমাদের নাই। তাহলে আমরা কই যামু?’
ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন কামরুল ইসলাম। তিনি জানান, তার বাড়ির পাশেই তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোলা জেনারেল হাসপাতালে এসেছেন, কিন্তু কোনো শয্যা পাচ্ছেন না। বসার জায়গা পর্যন্ত নেই শিশু ওয়ার্ডে। ভর্তির ২৪ ঘণ্টা পরও চিকিৎসকের দেখাও পাচ্ছেন না। তাই উৎকণ্ঠায় রয়েছেন তিনি।
ভোলা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দিনের বক্তব্য, তার একার পক্ষে এত রোগীর সঠিক চিকিৎসা দেওয়া অসম্ভব। শিশুর অভিভাবকদের সব কথা শোনাও সম্ভব হচ্ছে না। তার পরও সামর্থ্য অনুযায়ী যথাযথ চিকিৎসা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।
ডা. সালাহউদ্দিন বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জেলা সদরে সবসময় রোগীর চাপ বেশি থাকে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।
ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান কালের কণ্ঠকে বলেন, চিকিৎসক সংকটের কারণে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা চ্যালেঞ্জ মুখে পড়ছে। শিশু বিভাগের দুইজন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন একজন। স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে শিশুরোগের চিকিৎসক প্রয়োজন।
ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সদর জেনারেল হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি ছয়টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এতে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কষ্টকর। শূন্য পদে চিকিৎসক দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন