০৪:১১ পি.এম
মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এই ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এক পর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করার পর পৌনে ১১টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার পর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, "পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে।" তিনি আরও বলেন, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চলমান পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন