ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

লালমোহনে ভাঙা ব্রিজে সুপারি গাছের সাঁকো, ১৬ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল


লালমোহনে ভাঙা ব্রিজে সুপারি গাছের সাঁকো, ১৬ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

ভোলার লালমোহনে একটি গার্ডার ব্রিজের ভাঙা স্লাবের ওপর সুপারি গাছ ফেলে সাঁকো তৈরি করে দীর্ঘ ১৬ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন কয়েক গ্রামের মানুষ। সামান্য অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় থাকা এই জনদুর্ভোগের শিকার হচ্ছেন কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা।

উপজেলার মোতাহারনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গণেশপুর এলাকার নয়া ভাঙানী খালের ওপর ১২ মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি অবস্থিত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ২০০৯ সালে যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণের মাত্র এক বছরের মাথায়, ২০১০ সালের দিকে ব্রিজটির পূর্ব পাশ ও মাঝের অংশের স্লাব ধসে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ ১৬ বছরেও ব্রিজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা জানান, ব্রিজটির ভাঙা অংশ দিয়ে চলাচলের কোনো উপায় না থাকায় পূর্ব পাশ ও মাঝখানে সুপারি গাছ ফেলে সাঁকো এবং পশ্চিম পাশে কাঠ দিয়ে মই তৈরি করে কোনোমতে পারাপার হচ্ছেন তাঁরা। বর্তমানে ব্রিজটির ওপর দিয়ে কেউ হাঁটলেই সেটি থরথর করে কাঁপতে থাকে। ইতোমধ্যে ব্রিজটি থেকে খালে পড়ে শিশুসহ বিভিন্ন বয়সের অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো

স্থানীয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া, পঞ্চম শ্রেণির বাবুল ও চতুর্থ শ্রেণির কালাম জানায়, ব্রিজটি দিয়ে পার হওয়ার সময় প্রচণ্ড ভয় লাগে। মনে হয়, এই বুঝি ব্রিজটি ভেঙে খালে পড়ে যাবে। প্রতিদিন আতঙ্ক নিয়ে পারাপার হতে গিয়ে অনেকেরই বইখাতা ভিজে যায় বা পড়ে গিয়ে তারা আহত হয়।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মাতাব্বর, শাহে আলম ও শামছুল হক সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ার পর থেকে এ পথে অটোরিকশাসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অসুস্থ রোগী, বয়োবৃদ্ধ ও গর্ভবতী নারীদের জরুরি প্রয়োজনে উপজেলা সদর হাসপাতালে নিতে হলে বাঁশ দিয়ে পালকি তৈরি করে বাজার পর্যন্ত নিয়ে যেতে হয়। এলাকাবাসীর এই চরম দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের জন্য ভোলা-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ওই ব্রিজটিসহ উপজেলায় যত জরাজীর্ণ ব্রিজ রয়েছে, সেগুলোর তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটিসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্রিজগুলোর সংস্কার বা নতুন করে নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ইনানীতে একাধিক স্থান থেকে বের হচ্ছে আগুন ও কালো ধোঁয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


কুড়িগ্রামে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

মাঠজুড়ে সোনালি হওয়ার অপেক্ষায় রয়েছে আমন ধান। কিছু জায়গায় ধানে পাক ধরেছে, আবার কিছু স্থানে শিষ বেরিয়েছে। এমন পরিস্থিতিতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির কারণে কৃষকদের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় রাতে শিলাবৃষ্টির ফলে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কিছু অঞ্চলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পচে যাওয়ার ভয়ে কৃষকেরা কাঁচা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ঘটে। স্থানীয় বাসিন্দাদের মতে, হঠাৎ করেই শুরু হয় বৃষ্টি ও শিলাপাত। শিলাবৃষ্টি প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। অপ্রত্যাশিত এই বৃষ্টিতে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন মাঠের আমন ধান নিয়ে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম জানান, ‘রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান। শিলার আঘাতে কতটুকু ক্ষতি হয়েছে, তা নিয়ে চিন্তায় আছি।’

একই এলাকার কৃষক সামছুল হকের কয়েক বিঘা জমির ধানও পাকতে শুরু করেছে। তিনি বলেন, ‘ধান পাকার ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?’

শিলাবৃষ্টির প্রভাব কাঠালবাড়ী এলাকার তালুক কালোয়া গ্রামেও পড়েছে। সেখানকার কৃষক রবিউল ইসলামের ১৫ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল পচে যাওয়ার আশঙ্কায় তিনি নিরুপায় হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে রাতের শিলাবৃষ্টিতে কতটুকু জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে মাঠপর্যায় থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম কৃষি বিভাগের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবিরের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে রাজারহাট আবহাওয়া অফিসের কর্মকর্তা সুবল চন্দ্র গত রাতে শিলাবৃষ্টির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে আগামী সপ্তাহে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কপ-৩১

প্রধানমন্ত্রীর উজবেকিস্তান ও চীনের নেতাদের সঙ্গে বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


প্রধানমন্ত্রীর উজবেকিস্তান ও চীনের নেতাদের সঙ্গে বৈঠক আজ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও করবেন।

এছাড়া, প্রধানমন্ত্রী শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখবেন। দিনের শেষ কর্মসূচিতে তিনি তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন।

কূটনৈতিক পর্যবেক্ষকরা প্রধানমন্ত্রীর এ দিনের কর্মসূচিতে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ বৈঠক বাংলাদেশের জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনায় দেশের অবস্থান তুলে ধরার সুযোগও সৃষ্টি করবে।

কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষ বিআর-১২-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, যা বিআর-০৩ কক্ষে অনুষ্ঠিত হবে।

দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় আসতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশগ্রহণ করবেন। দুপুর ২টা থেকে উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ বিষয়ক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্কের ফার্স্ট লেডি এ বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের পুনর্ব্যবহার ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার সেনাবাহিনীকে সন্ত্রাসী বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


আর্জেন্টিনার সেনাবাহিনীকে সন্ত্রাসী বলল ইরান

তেহরান, আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, যা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পাল্টা পদক্ষেপ। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আর্জেন্টিনা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইআরজিসি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ, এবং তেহরানের দাবি, আর্জেন্টিনার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক পদক্ষেপের নীতি এবং ২০১৯ সালে প্রণীত একটি আইনের ভিত্তিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই আইনে উল্লেখ রয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার মার্কিন সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

ইরানের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই আইনের আওতায় আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটির স্থলবাহিনীর বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

এ পদক্ষেপের ফলে উদ্ভূত যেসব পরিণতি হবে, তার সম্পূর্ণ দায় আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

চলতি বছরের ৩১ মার্চ, আর্জেন্টিনা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ১৯৯২ সালে বুয়েনস এইরেসে ইসরাইলি দূতাবাসে এবং ১৯৯৪ সালে ইহুদি কমিউনিটি সেন্টার এএমআইএতে বোমা হামলার ঘটনায় ইরান-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৪ সালের হামলায় ৮৫ জন নিহত হন। তথ্যসূত্র: তাসনিম নিউজ, রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পাঠদান ও পরীক্ষা কার্যক্রমের অবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১০ নভেম্বর) এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। একই সঙ্গে, নির্ধারিত দায়িত্বে থাকলেও কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং যদি থাকেন, তবে তিনি ছুটি নিয়েছিলেন কি না—এ বিষয়েও তথ্য দিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়। অফিস আদেশে সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগগুলোর চেয়ারম্যানদের প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রুটিন অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটে ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করে জানাতে হবে। পাশাপাশি, ওই দিনের ক্লাস ও পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকদের মধ্যে কেউ অনুপস্থিত ছিলেন কি না, সেটিও উল্লেখ করতে হবে।

যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকেন, তবে তিনি যথাযথ নিয়মে ছুটি নিয়েছিলেন কি না, সে সংক্রান্ত তথ্যও প্রশাসনের কাছে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষকদের উপস্থিতির বিষয়টিও যাচাই করতে চায়।

নির্দেশনা অনুযায়ী, চাওয়া তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে হবে। উপাচার্যের নির্দেশক্রমে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%