প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
তেহরান, আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, যা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার পাল্টা পদক্ষেপ। বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আর্জেন্টিনা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইআরজিসি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক অংশ, এবং তেহরানের দাবি, আর্জেন্টিনার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্পরিক পদক্ষেপের নীতি এবং ২০১৯ সালে প্রণীত একটি আইনের ভিত্তিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই আইনে উল্লেখ রয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার মার্কিন সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
ইরানের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই আইনের আওতায় আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটির স্থলবাহিনীর বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।
এ পদক্ষেপের ফলে উদ্ভূত যেসব পরিণতি হবে, তার সম্পূর্ণ দায় আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
চলতি বছরের ৩১ মার্চ, আর্জেন্টিনা সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ১৯৯২ সালে বুয়েনস এইরেসে ইসরাইলি দূতাবাসে এবং ১৯৯৪ সালে ইহুদি কমিউনিটি সেন্টার এএমআইএতে বোমা হামলার ঘটনায় ইরান-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৪ সালের হামলায় ৮৫ জন নিহত হন। তথ্যসূত্র: তাসনিম নিউজ, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন