০৩:৫০ পি.এম
রাজশাহী, ২৫ নভেম্বর, ২০২৬ : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
রাজশাহী সিটি কর্পোরেশন পাঁচটি ক্যাটাগরিতে এ স্বীকৃতি অর্জন করেছে। ক্যাটাগরিগুলো হলো: দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা, পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা, সেবায় অনুপ্রেরণা, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা।
দেশসেরা হওয়ার এই পুরস্কার রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক মন্তব্য করেন, "নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার কারণেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। তাই এ পুরস্কার আমি রাজশাহী মহানগরবাসী, সিটি কর্পোরেশনের সব পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগসহ সব কর্মকর্তা-কর্মচারীদের প্রতি উৎসর্গ করছি। এ অর্জন আমাদের আগামী দিনের কাজকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো এবং প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশারফ হোসেন এবং রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন