ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

২৮ কোটি টাকার সেতু, কিন্তু নৌকাই স্থানীয়দের ভরসা


২৮ কোটি টাকার সেতু, কিন্তু নৌকাই স্থানীয়দের ভরসা

নির্মাণকাজ ৯ বছরের দীর্ঘ সময় পর সম্পন্ন হয়েছে। তবে দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না দুই পাড়ের বাসিন্দারা। এর ফলে দিনাজপুর সদর ও বিরল উপজেলার কিছু গ্রামের মানুষের নদী পারাপারের একমাত্র ভরসা এখনো নৌকা।

পূর্ণভবা নদী দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা ও বিরল উপজেলার বসন্তপুর এলাকার মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৫০ মিটার দীর্ঘ ঘুঘুডাঙ্গা সেতুর নির্মাণ কাজ ২০২৬ সালের আগস্টে শেষ হয়েছে। কিন্তু দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখনও চালু করা সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে ২০১৯ সালের জানুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এতে মোট ব্যয় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার ২৬৭ টাকা।

আরও পড়ুন: হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য দেশের অর্থনীতির চালিকাশক্তি: সৈয়দ এমরান সালেহ প্রিন্স

সেতুটি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মান্ত্রীপাড়া থেকে বিরল উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বুজুরুক বসন্তপুর এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংযোগ সড়ক না থাকার কারণে সেতুটি কোনো কাজে আসছে না। নদী পারাপারের সময় ইতোমধ্যে দুইজনের মৃত্যু ঘটেছে। বর্ষাকালে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, রোগী ও কৃষকেরা। তারা দ্রুত সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শেখ ছগীর আহমেদ কমল জানিয়েছেন, সেতু চালু না হওয়ায় প্রতিষ্ঠানটির প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হচ্ছে।

এ বিষয়ে দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আলী হোসেন জানিয়েছেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদিত হলে কাজ শুরু হবে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ফতুল্লায় মাদ্রাসায় আগুন: বার্ন ইনস্টিটিউট থেকে ৫৩ জন ছাড়া পেলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ ছাত্রদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ ছাত্রদলের বিক্ষোভ

দেশজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান শোনা যায়, যেমন ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্তান’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি।

সংক্ষিপ্ত সমাবেশে আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, "সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও নৈরাজ্য সৃষ্টি, বোমাবাজি এবং গাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে আমরা এ বিক্ষোভ মিছিল করেছি। গতরাতে আমরা ক্যাম্পাসে পাহারা দিয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মোকাবিলা করব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবক মাসুম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবক মাসুম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মাসুম মিয়া (৩৫) নামে এক যুবক।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় মাসুম ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরি করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে মঙ্গলবার সকালে স্থানীয় পথচারীরা সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা ক্যাম্পে সোফি, শুনলেন শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আশা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


রোহিঙ্গা ক্যাম্পে সোফি, শুনলেন শিশুদের স্বপ্ন ও প্রত্যাবাসনের আশা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে সময় কাটান।

ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন, শিক্ষা ও কর্মসংস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। রোহিঙ্গা শিক্ষার্থীরা তাকে মিয়ানমারে ফেলে আসা বাড়িঘর ও স্বাভাবিক জীবনের স্মৃতি তুলে ধরে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানায়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সোফি সোমবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে স্বাগত জানানো পর তিনি সৈকতপাড়ের তারকামানের হোটেলে রাতযাপন করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন এবং সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে ক্যাম্পে পৌঁছান।

ক্যাম্পে পৌঁছানোর পর প্রথমে ১৮ নম্বর ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সোফি। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশোনা, পছন্দের বিষয়, ইংরেজি শেখার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। মিয়ানমারে তাদের লেখাপড়ার সুযোগ কেমন ছিল, তাদের অভিভাবকেরা কী করতেন, এসব বিষয়েও আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলারও সুযোগ পান তিনি।

পরে সোফি রোহিঙ্গা নারীদের জন্য পরিচালিত একটি বিশেষায়িত কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শুধুমাত্র নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।

এরপর যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতা সংস্থা ইউকে এইডের অর্থায়নে পরিচালিত সাবান তৈরির একটি প্রকল্প ঘুরে দেখেন। সেখানে কর্মরত বাংলাদেশি ও রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন এবং সাবান তৈরির প্রক্রিয়া দেখেন। এ সময় যুক্তরাজ্যের নাগরিকদের করের অর্থে এ ধরনের সেবা দিতে পারাকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রকল্প পরিদর্শনের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় সংস্থা পালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সোফিকে অবহিত করেন।

সফরকালে রোহিঙ্গাদের জীবিকায়ন, কর্মসংস্থান এবং মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়েও জানতে চান সোফি। তিনি ক্যাম্পে সেবা অব্যাহত রাখা এবং শরণার্থীদের জন্য সরকারের নীতিমালা সম্পর্কেও খোঁজ নেন। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে গৃহীত উদ্যোগ ও নীতিগত অবস্থান তুলে ধরা হয়।

পরে ইউএন উইমেন পরিচালিত একটি উইমেন মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। সেখানে তিনি নারীদের সঙ্গে কথা বলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম সরেজমিনে দেখাই ছিল সোফির সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

সফরকালে রোহিঙ্গা শিক্ষার্থীরা মিয়ানমারে নিজেদের ফেলে আসা বাড়িঘর, জমিজমা, পুকুর ও গবাদিপশুর স্মৃতিচারণ করে। তারা ক্যাম্পের সীমাবদ্ধ পরিবেশের পরিবর্তে নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছার কথা জানায়।

মো. মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে শরণার্থীরা নানা সংকট ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মানবিক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা শরণার্থী জনগণের প্রতি রয়েছে। রোহিঙ্গাদের প্রতিও সেই আন্তরিকতার প্রতিফলন ঘটেছে সোফির এই সফরে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাজ্য সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা কমিউনিটির সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা।

তবে সফরকালে ভবিষ্যতে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সোফি কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেননি।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের দেয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতেও রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যাশার কথা জানান তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন।

তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন। এই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট জবাব দাবি করেন।

জামায়াত আমির দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গেল কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। মাঠে মাঠে, এমনকি আর্মি গল্ফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবি’র সদর দফতরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর তিন দিন হয়েছে। আজকে দুইজন সেখানে আহত হয়েছেন।’

তিনি সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়েও কথা বলেন, ‘অতি সম্প্রতি সীমান্ত এলাকায়, পার্বত্য এলাকায় সন্ত্রাসীদেরকে দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনা সদস্য জীবন হারিয়েছেন। কয়েক দিন আগে আমরা দেখলাম সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, ‘এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই।’

তিনি দেশের বিভিন্ন বাহিনীর উপস্থিতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের বিজিবি আছে, আমাদের এসআরবি আছে, আমাদের এপিবিএন আছে, আমাদের রেগুলার পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার ব্যাটালিয়ন আছে; আমাদের তো স্তরে স্তরে দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে।’

এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এটার। পুরো দায় নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

ফ্যাসিবাদের পুনরাবৃত্তির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেয়া যাবে না।’

সরকারের উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনও বলছেন, ‘ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব’; আবার দুই দিন পরে বলছেন যে ‘না, এটা অসম্ভব’। একই ব্যক্তি ‘এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যে জাতির সামনে কী বার্তা যাচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।’

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিক বলেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছে। এইমাত্র একজন সংসদ সদস্য বললেন যে, কোনো একটা গোয়েন্দা দফতর থেকে তাকে ফোন করে বলা হয়েছে যে, আপনি জামায়াত ছেড়ে দেন।’

এ ঘটনাকে তিনি ধৃষ্টতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ? আমরা ওই যুগটাতো আর ফিরে আসুক, তা দেখতে চাই না।’

বক্তব্যের শেষে তিনি বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা চাই পরিস্থিতি মোকাবিলায় সরকার তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটা দেখতে চাই। এইক্ষেত্রে বিরোধী দল হিসেবে যদি আমাদের কোনো সহযোগিতা সরকার চায়, তা আমরা অত্যন্ত আন্তরিকভাবে, সক্রিয়ভাবে বিবেচনা করে দেখব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%