প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা প্রকল্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে সময় কাটান।
ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন, শিক্ষা ও কর্মসংস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। রোহিঙ্গা শিক্ষার্থীরা তাকে মিয়ানমারে ফেলে আসা বাড়িঘর ও স্বাভাবিক জীবনের স্মৃতি তুলে ধরে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা জানায়।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সোফি সোমবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দর থেকে স্বাগত জানানো পর তিনি সৈকতপাড়ের তারকামানের হোটেলে রাতযাপন করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন এবং সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে ক্যাম্পে পৌঁছান।
ক্যাম্পে পৌঁছানোর পর প্রথমে ১৮ নম্বর ক্যাম্পে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সোফি। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তাদের পড়াশোনা, পছন্দের বিষয়, ইংরেজি শেখার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। মিয়ানমারে তাদের লেখাপড়ার সুযোগ কেমন ছিল, তাদের অভিভাবকেরা কী করতেন, এসব বিষয়েও আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলারও সুযোগ পান তিনি।
পরে সোফি রোহিঙ্গা নারীদের জন্য পরিচালিত একটি বিশেষায়িত কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি শুধুমাত্র নারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাপন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নেন।
এরপর যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগিতা সংস্থা ইউকে এইডের অর্থায়নে পরিচালিত সাবান তৈরির একটি প্রকল্প ঘুরে দেখেন। সেখানে কর্মরত বাংলাদেশি ও রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন এবং সাবান তৈরির প্রক্রিয়া দেখেন। এ সময় যুক্তরাজ্যের নাগরিকদের করের অর্থে এ ধরনের সেবা দিতে পারাকে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রকল্প পরিদর্শনের সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও স্থানীয় সংস্থা পালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সোফিকে অবহিত করেন।
সফরকালে রোহিঙ্গাদের জীবিকায়ন, কর্মসংস্থান এবং মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়েও জানতে চান সোফি। তিনি ক্যাম্পে সেবা অব্যাহত রাখা এবং শরণার্থীদের জন্য সরকারের নীতিমালা সম্পর্কেও খোঁজ নেন। সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে গৃহীত উদ্যোগ ও নীতিগত অবস্থান তুলে ধরা হয়।
পরে ইউএন উইমেন পরিচালিত একটি উইমেন মাল্টিপারপাস সেন্টার পরিদর্শন করেন সোফি। সেখানে তিনি নারীদের সঙ্গে কথা বলেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, যুক্তরাজ্য সরকারের অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম সরেজমিনে দেখাই ছিল সোফির সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।
সফরকালে রোহিঙ্গা শিক্ষার্থীরা মিয়ানমারে নিজেদের ফেলে আসা বাড়িঘর, জমিজমা, পুকুর ও গবাদিপশুর স্মৃতিচারণ করে। তারা ক্যাম্পের সীমাবদ্ধ পরিবেশের পরিবর্তে নিজেদের মাতৃভূমিতে নিরাপদে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপনের ইচ্ছার কথা জানায়।
মো. মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে শরণার্থীরা নানা সংকট ও দুর্ভোগের মধ্যে রয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মানবিক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতা শরণার্থী জনগণের প্রতি রয়েছে। রোহিঙ্গাদের প্রতিও সেই আন্তরিকতার প্রতিফলন ঘটেছে সোফির এই সফরে।
২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাজ্য সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা কমিউনিটির সদস্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও প্রতিনিধিরা।
তবে সফরকালে ভবিষ্যতে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সোফি কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেননি।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের দেয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতেও রোহিঙ্গাদের পাশে থাকার প্রত্যাশার কথা জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন