মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৩ পি.এম
হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, সীমান্ত বাণিজ্য হালুয়াঘাটের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই বাণিজ্যকে আরও গতিশীল করার জন্য ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা, প্রশাসনিক জটিলতা দূর করা, অবকাঠামো উন্নয়ন করা এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, হালুয়াঘাটে সীমান্ত বানিজ্য শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সীমান্ত বাণিজ্যকে সম্প্রসারণ ও গতিশীল করার মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের অনিশ্চয়তার মধ্যে রেখে সীমান্ত অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। হালুয়াঘাটকে একটি সমৃদ্ধ সীমান্ত বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
আজ সন্ধ্যায় হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, সাংগঠনিক কার্যক্রম, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভারত থেকে কয়লা আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। কখনো আমদানিতে অনিশ্চয়তা, কখনো পরিবহন ব্যয় বৃদ্ধি, কখনো প্রশাসনিক জটিলতা, কখনো এলসি সমস্যা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবারের জীবিকায় প্রভাব পড়ছে। তিনি বলেন, শুধু কয়লা আমদানি নয়, অন্যান্য পণ্য আমদানি এবং একই সঙ্গে হালুয়াঘাট থেকে ভারতে বিভিন্ন পণ্য রফতানির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় কয়লা রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কয়লা আমদানিতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে। হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখা সম্ভব।
ব্যবসায়ী সংগঠনে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। এখানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক ব্যবসায়ীর সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সংগঠনকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল সদস্যের স্বার্থরক্ষায় কাজ করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ শুধুমাত্র আমদানিকারক-রপ্তানিকারকদের লাভবান করবে না, বরং পরিবহন, গুদামজাতকরণ, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সভায় তিনি হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থরক্ষা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সমিতির সহসভাপতি মো. জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, যুগ্ম মহাসচিব আ.স.ম. খালিদ ইকবাল নিটোল, অর্থসচিব মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব হাজী মো. আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত, শ্রমবিষয়ক সচিব হাজী মো. কামরুজ্জামান দুলাল, সাংস্কৃতিক সচিব মো. সামছুল আলম সামন, ক্রীড়া সচিব মো. আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য অধ্যাপক এমদাদুল ইসলাম, মো. আলিমুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. শাহাওয়াত হোসেন মল্লিক ও অপু সরকার উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর ইন্টারন্যাশনালের স্বপন ধর, মিন্টু ট্রেড লাইনের মো. সামছুল আলম মিন্টু, রোজামনি এন্টারপ্রাইজের মো. আলামিন, বি আর ইন্টারন্যাশনালের হুমায়ুন রেজা, বর্ণালী ট্রেডার্সের মো. রোহান মিয়া, জলিল এন্টারপ্রাইজের মোঃ মামুন, হাজী ট্রেডার্সের মোরশেদ আলম, রিয়া ট্রেড পয়েন্টের বিকাশ সরকার, রোজামনি এন্টারপ্রাইজের আল আমিন, অভিষেক এন্টারপ্রাইজের পিন্টু সরকার এবং তাহমিদ আলম এন্টারপ্রাইজের জাহাঙ্গীর আলম।
সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, কয়লা আমদানির ধারাবাহিকতা, সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা, সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পুলিশ ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল বেলা উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকেও পুলিশ গ্রেপ্তার করে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই দুই নেতার গ্রেপ্তারের ফলে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ফিরোজ খান রাজ দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি তাঁর গ্রামের বাড়িতে ফিরে আসেন। তাঁর বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের পুত্র।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক, শাশুড়ীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুকের অভিযোগে তার শাশুড়ি বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা দায়ের করেন। মামলার নাম্বার হলো নারী শিশু ৫৫/২৬।
এ ঘটনায় ২০২৫ সালের ২ নভেম্বর সাইফুল ইসলাম আলাউল আকবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। এর পরবর্তী সময়ে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাইফুল ইসলাম আলাউল মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে জামিননামা আদালতে দাখিল করেননি। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে তিনি ইউনিয়ন পরিষদে আসেন। মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে যাওয়ার ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁ পৌর এলাকার বাইপাস সড়কের গাবতলী মোড়ের কাছে আল বারাকা পরিবহনের দুটি বাসে রহস্যজনকভাবে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় স্থানীয় পুলিশ বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনায় জেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতাসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন স্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বিভিন্ন মহল্লায় পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং নওগাঁ শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)। মঙ্গলবার সন্ধ্যায় সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অন্য দুই ছাত্রলীগ নেতাকে পুলিশের বিশেষ দল নিজ নিজ বাসভবন থেকে হেফাজতে নেয়।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, শহরের গাবতলী মোড়ে বাসে অগ্নিকাণ্ড ও নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে, গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কের গাবতলী মোড়ে প্রধান সড়কের পাশে পার্কিং করে রাখা আল বারাকা পরিবহনের দুটি দূরপাল্লার বাসে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দুটি বাসেই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গাড়ি দুটির ভেতরের আসন, সিলিং, বডি ও অন্য সরঞ্জাম পুড়ে কেবল লোহার কঙ্কাল অবশিষ্ট থাকে। এ সময় বাস দুটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত বাসের মালিক মো. সাগির আহমেদ গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, অগ্নিকাণ্ডে তাঁর দুটি গাড়িরই কঙ্কাল ছাড়া কিছু অবশিষ্ট নেই। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রতিটি বাসে ১৫ থেকে ১৬ লাখ টাকা করে মোট ৩০ থেকে ৩২ লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। ধ্বংসপ্রাপ্ত বাসগুলো পুনরায় মেরামত করে চলাচলের উপযোগী করতে কমপক্ষে দুই থেকে তিন মাস সময় লাগবে, যার ফলে তিনি বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
এ ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় পরিবহন মালিক ও সাধারণ বাসিন্দারা। ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে পাঠদানকে আরও কার্যকর করার লক্ষ্যে ৯০ জন কোর ট্রেইনারের জন্য পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কোর ট্রেইনারদের এর আগে অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অনলাইন প্রশিক্ষণের যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি মন্তব্য করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান বিষয়ের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ শেখা অপরিহার্য হয়ে উঠেছে। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থায় পরিবর্তন আনছে। বাংলাদেশে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের অভাব কিংবা প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জ থাকলেও বসে থাকার সুযোগ নেই। সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া অনেক ভালো।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং আধুনিক প্রশিক্ষণের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে। কোর ট্রেইনার ও পরবর্তী সময়ে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের কলেজগুলোর শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসবে। এর সুফল পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী।
ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পিছিয়ে থাকা কলেজগুলোতে কম্পিউটার ও প্রজেক্টর সরবরাহসহ প্রয়োজনীয় আইসিটি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এ বিশাল কর্মযজ্ঞে সহযোগিতার জন্য ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর মতে, এই উদ্যোগ কোনো একটি প্রতিষ্ঠানের জন্য নয়; বরং দেশের ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল করার সম্মিলিত প্রচেষ্টা।
দেশের বিশিষ্ট এই শিক্ষাবিদ ও উন্নয়ন গবেষক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের এই প্রশিক্ষণ সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ ফাহমিদা শবনম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসানের সঞ্চালনায় দেশের বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ