ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস


জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

॥ মো. আমিনুল ইসলাম ॥

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সরকার শিগগিরই ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু করতে যাচ্ছে, যা জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা সহজ করবে এবং অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাবে। এই সেবা চালু হলে, বর্তমানে বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছ থেকে আলাদাভাবে অনুমোদন ও ছাড়পত্র নিতে যে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে, তা ৫ থেকে ১০ দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ শিল্পের প্রয়োজনীয় অনুমোদন ও সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হবে। এর ফলে উদ্যোক্তাদের একাধিক দপ্তরে ঘুরতে হবে না, যা ব্যবসা পরিচালনার সময় ও ব্যয় কমাবে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এছাড়া, সেবা প্রদানে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগও তৈরি হবে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত ওয়ান-স্টপ সার্ভিসের নকশা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের গঠিত একটি কার্যকরী দল প্ল্যাটফর্মটির কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বাস্তবায়নপদ্ধতিও পর্যালোচনা করা হয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প এবং টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় এ সেবা চালুর কার্যক্রম নির্ধারিত রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বাসসকে জানান, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত। সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে। অংশীজনদের সঙ্গে পরামর্শের কাজ দ্রুত শেষ হওয়ায় চলতি নভেম্বর মাসের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের (বিএসআরবি) সূত্র জানায়, এ সেবা চালুর বিষয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সেবা সহজীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় প্রস্তাবিত প্ল্যাটফর্মের নকশা, কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়।

আরও পড়ুন: কক্সবাজারে বনবিভাগের অভিযানে ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

এর আগে, গত ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশমন্ত্রী উল্লেখ করেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিদর্শন এবং ছাড়পত্র নিতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। হংকং কনভেনশন অনুসরণের পরও ১০০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এত দিন অপেক্ষা করা কোনোভাবেই যুক্তিসংগত নয়। কারণ, জাহাজ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর থেকেই প্রতিদিন ব্যাংক সুদ পরিশোধ করতে হয়। অনুমোদন প্রক্রিয়ায় বিলম্বের কারণে ব্যবসায়ীদের ব্যয় বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে। জাহাজ পরীক্ষার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ার সময় কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি।

সংশ্লিষ্টরা মন্তব্য করেন, যদি জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা যায়, তবে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের পরিচালন ব্যয়ও কমবে। বিশেষ করে জাহাজ আমদানির পর অনুমোদনের অপেক্ষায় পড়ে থাকলে যে অতিরিক্ত সুদ ও অন্যান্য ব্যয় বহন করতে হয়, তা কমানো সম্ভব হবে। এতে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহ ব্যবস্থাও উপকৃত হবে।

এদিকে, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) প্রণীত হংকং কনভেনশন ২০২৫ সালের ২৬ জুন কার্যকর হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে ৭ জন গ্রেপ্তার, বিপুল মাদক উদ্ধার

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণের জন্য এ কনভেনশনে বিভিন্ন নির্দেশনা রয়েছে। বাংলাদেশ ২০২৩ সালে কনভেনশনটি অনুসমর্থন করেছে। ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশের এ শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড (বিএসআরবি) জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড স্থাপনের অনুমতি, ইয়ার্ড পরিচালনার অনুমোদন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি, আমদানি করা জাহাজ পরিদর্শন এবং জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার অনুমতিসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। এ ছাড়া ডিএএসআর ও কন্ডিশনাল ডিএএসআর-সংক্রান্ত সেবাও প্রদান করে সংস্থাটি।

এসব সেবা পেতে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাণিজ্য দপ্তর (এমএমও), পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদন প্রয়োজন হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতোমধ্যে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা সম্পন্ন হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে। এসব মতামতের ভিত্তিতে বিএসআরবি প্রয়োজনীয় নীতিমালা বা গাইডলাইন তৈরি করছে। গাইডলাইন চূড়ান্ত হলেই এর আলোকে কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শি জিনপিং ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


শি জিনপিং ট্রাম্প ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন

চলতি সপ্তাহের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ইকোনমিক লিডার্স সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে শি, পুতিন ও ট্রাম্প একত্রিত হবেন।

তিন নেতার বৈঠকে আলোচনা বিষয়ক বিস্তারিত তথ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেনি। তবে, গত শুক্রবার হোয়াইট হাউস এবং পর দিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের খবর নিশ্চিত করেছিলেন।

বৈঠকের বিষয়ে ওয়াশিংটনের অগ্রাধিকার তুলে ধরতে গিয়ে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ এই আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে।

ওয়েলস উল্লেখ করেন, ‘অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, এই ধরনের অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেলে ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে একটি আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন; এরপর ত্রিপাক্ষিক অধিবেশনে যোগদান করে চীনে সরকারি সফর শেষ করবেন।

চীনের প্রযুক্তিনগরী শেনজেনে ১৮ থেকে ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের বড়পর্দায় বিক্রম ও শোলাঙ্কি, আসছে 'রাজকন্যা'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


ফের বড়পর্দায় বিক্রম ও শোলাঙ্কি, আসছে

ভারতীয় টিভি সিরিয়ালের ছোটপর্দার জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় আবারও বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন। তাদের নতুন সিনেমার নাম রাখা হয়েছে 'রাজকন্যা'।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্রম ও শোলাঙ্কি জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইচ্ছে নদী’ এবং 'শহরের উষ্ণতম দিনে' একসঙ্গে কাজ করেছেন। এবার তারা নতুন সিনেমা ‘রাজকন্যা’ নিয়ে আসছেন। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং সম্পন্ন হয়েছে।

রোমান্টিক এই সিনেমার কাহিনী স্কুলজীবন থেকে কলেজ এবং পরিণত বয়সে পৌঁছানোর এক দীর্ঘ যাত্রাকে তুলে ধরেছে। সিনেমাটিতে বিক্রম ‘দিব্য’ চরিত্রে এবং শোলাঙ্কি ‘সোমদত্তা’ চরিত্রে অভিনয় করবেন।

সিনেমাটি প্রসঙ্গে বিক্রম বলেন,

এটি প্রেম ও বন্ধুত্বের গল্প। স্কুল, কলেজ এবং তিরিশোর্ধ্ব— তিনটি ভিন্ন সময়ের কাহিনী। যে ধরনের প্রেমের গল্প আমরা বড় হয়ে দেখে এসেছি, সেই আবেগ এবং আন্তরিকতাকে ‘রাজকন্যা’য় ধারণ করার চেষ্টা করা হচ্ছে। একটি ছোট শহরের প্রেমের গল্পে যে অনুভূতি থাকার কথা, সেটাই এই ছবির মূল সুর।

তিনি আরও বলেন,

সিনেমায় তিনটি ভিন্ন টাইমলাইন উপস্থাপন করা হবে। যেখানে স্কুলের সপ্তম-অষ্টম শ্রেণির বয়সের চরিত্রে অপেক্ষাকৃত কমবয়সি অভিনেতারা অভিনয় করবেন। আর কলেজ ও পরিণত বয়সের দুটি চরিত্রে আমি অভিনয় করছি। এর ফলে দুটো ভিন্ন লুক তৈরি করতেই হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় নানা কর্মসূচির মাধ্যমে নবান্ন উৎসব পালিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


নওগাঁয় নানা কর্মসূচির মাধ্যমে নবান্ন উৎসব পালিত

নওগাঁ, ১৬ নভেম্বর, ২০২৬ : আজ নবান্ন উৎসব জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা, আবৃত্তি, সংগীত এবং নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়।

সকাল ৮টা থেকে নওগাঁর মুক্তির মোড়স্থ কেন্দ্রীয় পার্কে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংগঠন’ এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. মোসাদ্দেক হোসেন।

উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. সালাহউদ্দিন মিন্টু। অনুষ্ঠানে বাঙালী সংস্কৃতির মধ্যে নবান্নের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. কায়েস উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. হাসমত আলী, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আজহার উদ্দীন এবং স্থানীয় বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এদিকে, বেলা সাড়ে ১০টায় আবৃত্তি পরিষদ নওগাঁ নবান্ন উৎসব উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি পরিষদ নওগাঁ’র সভাপতি এবং প্রবীণ সাংবাদিক মো. কায়েস উদ্দিন।

আলোচনা করেন আবৃত্তি পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো. শরিফুল ইসলাম খান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফরিদুল করিম তরফদার, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং মাগফুরুল হাসান বিদ্যুৎ।

পরে সংগঠনের সদস্যরা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে তিন দিনের সফরে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


ভারতে তিন দিনের সফরে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ভারতে তিন দিনের সফরে পৌঁছেছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। তাঁরা মুম্বাইয়ে বার্ষিক আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। ২০২৪ সালে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর এটি কেটের সবচেয়ে আলোচিত বিদেশ সফর বলে জানা যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) ভারতের মুম্বাইয়ে পৌঁছান এই রাজদম্পতি। মঙ্গলবার (১৭ নভেম্বর) আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সফরের শেষ দিনে, বুধবার (১৮ নভেম্বর), নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন দিনের সফরে উইলিয়াম ও কেটের জন্য বেশ কিছু কর্মসূচি নির্ধারিত রয়েছে। এর মধ্যে রয়েছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলা এবং মুম্বাইয়ের মেট্রোরেলে চড়ার আয়োজন। এছাড়া, বলিউডের কয়েকজন জনপ্রিয় তারকার সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। এসব তারকার মধ্যে অনেকেই আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট পুরস্কার চালু করেন। এই উদ্যোগের উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকট মোকাবিলায় কার্যকর সমাধান খুঁজে বের করা এবং সেগুলোকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া। প্রতিবছর পাঁচটি প্রকল্প বিজয়ী হিসেবে নির্বাচিত হয় এবং প্রতিটি বিজয়ী প্রকল্প ১০ লাখ ব্রিটিশ পাউন্ড পেয়ে থাকে, যা প্রকল্পগুলোর কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করে।

৪৪ বছর বয়সী কেটের শরীরে ২০২৪ সালে ক্যানসার শনাক্ত হয়। এরপর তিনি প্রতিরোধমূলক কেমোথেরাপি গ্রহণ করেন। তবে ক্যানসারের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। চিকিৎসার সময় রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অনেকটাই দূরে সরে যান তিনি।

বর্তমানে কেট ক্যানসার থেকে সুস্থ হয়ে উঠেছেন। ধীরে ধীরে তিনি জনসমক্ষে উপস্থিতি ও রাজকীয় দায়িত্ব পালনের পরিমাণ বাড়াচ্ছেন। তবে ক্যানসারের অভিজ্ঞতা এখনও তাঁর জীবনে প্রভাব ফেলছে বলে তিনি জানিয়েছেন। চিকিৎসার পর উইলিয়ামের আগের বিদেশ সফরগুলোতে কেটকে দেখা যায়নি।

২০২৪ সালের পর কেটের উল্লেখযোগ্য বিদেশ সফর ছিল গত মে মাসে। সে সময় শিশুদের প্রাথমিক বিকাশ নিয়ে নিজের কাজের অংশ হিসেবে তিনি একা দুই দিনের সফরে ইতালি যান। এবারের ভারত সফরটি ক্যানসার শনাক্ত হওয়ার পর উইলিয়াম ও কেটের প্রথম যৌথ বিদেশ সফর। তথ্যসূত্র: রয়টার্স, এপি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%