শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে ‘গেট টুগেদার রান’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ‘কমলগঞ্জ রানার্স’-এর আয়োজনে এই দৌড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দুই শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন। সুস্থতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
ভোরের মেঘলা আকাশ, গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভেজা সড়ক এবং পাহাড়ি পথের চড়াই-উতরাই দৌড়বিদদের উৎসাহে কোনো প্রভাব ফেলতে পারেনি। আয়োজনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুটি ক্যাটাগরি ছিল।
দৌড়ের সময় অংশগ্রহণকারীরা একে অপরকে উৎসাহিত করেছেন। যদি কারো গতি কমে যায়, তবে অন্যরা পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করেছেন। ফলে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বার্তাই হয়ে ওঠে এই আয়োজনের প্রধান আকর্ষণ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকদের মতে, ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর জীবনে শারীরিক পরিশ্রমের সুযোগ কমছে এবং তরুণদের একটি অংশ নানা আসক্তি ও অনিয়মিত জীবনযাপনের দিকে ঝুঁকছে। নিয়মিত দৌড় ও শরীরচর্চার মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর জীবনে উদ্বুদ্ধ করাই এই ধরনের আয়োজনের লক্ষ্য। প্রকৃতির কাছাকাছি দৌড়ানোর পাশাপাশি বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যে লাউয়াছড়াকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু দৌড় নয়, এর মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করতে চান তারা। প্রকৃতির কাছাকাছি মানুষকে আনা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোও তাদের লক্ষ্য বলে জানান তিনি। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান সৈয়দ জামাল।
দৌড়ে অংশ নেওয়া শিক্ষার্থী তামিম আহমদ বলেন, দৌড়ে শুধু শারীরিক ফিটনেস বাড়ে না, ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। লাউয়াছড়ার মতো প্রকৃতির মাঝে দৌড়ানোর অভিজ্ঞতা অসাধারণ উল্লেখ করে তিনি জানান, বৈরী আবহাওয়ায় এত মানুষের অংশগ্রহণ সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়ার প্রমাণ। নিয়মিত এমন আয়োজন হোক, এটাই তার প্রত্যাশা।
আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা দিকনির্দেশনা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের এডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের এডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকার বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করছে। এই উদ্দেশ্যে সারা দেশে জিওগ্রাফিক ম্যাপ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে ‘বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই তথ্য প্রকাশ করেন। সভায় আলুচাষি ও রপ্তানিকারকেরা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার নির্ধারণ করছে কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, এবং সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, আলুর ভালো দাম পেলে পরবর্তী মৌসুমে অনেক কৃষক বেশি আলু উৎপাদনে ঝুঁকে পড়েন। এর ফলে বাজারে সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে যায়। শেষ পর্যন্ত কৃষকেরা লোকসানের মুখে পড়েন। তাই বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়ার এই অঞ্চল কৃষিতে উদ্বৃত্ত। শিবগঞ্জ উপজেলাতে দেশ-বিদেশের চাহিদা মেটানোর পর প্রায় ৬ হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে। চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করা উচিত। কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষকেরা লোকসানের ঝুঁকি এড়াতে সক্ষম হবেন।
এ সময় আলুচাষিদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান প্রতিমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্যও দোয়া কামনা করেন।
সভায় জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইজিপি মো. আলী হোসেন ফকির স্থানীয় জনগণের কাছে গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি সহযোগিতা চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, আগামীতেও ভালো থাকবে।"
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
আইজিপি থানায় অগ্নিসংযোগের বিষয়ে মন্তব্য করে বলেন, "থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কিভাবে সেবা দেবে?" তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, "একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা সীমিত।" তিনি বলেন, "কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।" তাই আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
আইজিপি আরো বলেন, "যদি জনগণ মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে।" সরকারের সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, "জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।"
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, "এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচির পরিণতি সবার জানা।" তিনি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান, যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা থেকে বাগেরহাটের দিকে ফেরার সময় গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মনিরুল হক ফরাজি জানিয়েছেন যে, তিনি টাকা দিয়ে মুক্তি পেয়েছেন। তার দাবি, মুক্তির জন্য দেড় লাখ টাকা দিতে হয়েছে। মনিরুল আরও জানান, অপহরণের সময় তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেভিড ও ক্রেডিট কার্ড, একটি প্লাটিনামের আংটি, গলার চেইন এবং একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে তাকে একটি গাড়ি থেকে তুলে নেওয়া হয়। মুক্তি পাওয়ার পর রাত ৯টার দিকে তিনি ঢাকার বাসায় ফিরে আসেন। মনিরুল হক ফরাজি বাগেরহাট জেলা বিএনপির সদস্য এবং একজন ব্যবসায়ী।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মনিরুল হক বলেন, ‘সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।’ তবে তিনি এখনো এই ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেননি। তিনি জানান, ‘বিষয়টি এখনো আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’ তিনি ব্যক্তিগতভাবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে চেনেন না বলেও উল্লেখ করেন।
বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজিকে তার ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নেওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন উপস্থিত ছিলেন এবং গাড়িটি চালাচ্ছিলেন হাসান নামের একজন। ঘটনার পর শেখ মঈন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা সড়ক অবরোধ করে রাখেন। ঘোনাপাড়া এলাকায় অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল এবং টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মনিরুল হক ফরাজিকে তারা আটক রেখে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানিয়েছেন যে, মনিরুল হক ফরাজি মুক্তি পেয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘মনিরুল এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাটহাজারী (চট্টগ্রাম), ২০ নভেম্বর, ২০২৬ : হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এই বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মানুষ।
আজ শুক্রবার, জুমার নামাজের পর উপস্থিত মুসল্লি ও আলেম-উলামার কাছে প্রধানমন্ত্রীকে স্মরণ করে দোয়া কামনা করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী হাটহাজারীর ৩২৬ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের মাসিক সম্মানীর ব্যবস্থা করাসহ ধর্মীয় ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে চলেছেন।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ