প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের সড়কে ‘গেট টুগেদার রান’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ‘কমলগঞ্জ রানার্স’-এর আয়োজনে এই দৌড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দুই শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেন। সুস্থতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
ভোরের মেঘলা আকাশ, গুঁড়িগুঁড়ি বৃষ্টি, ভেজা সড়ক এবং পাহাড়ি পথের চড়াই-উতরাই দৌড়বিদদের উৎসাহে কোনো প্রভাব ফেলতে পারেনি। আয়োজনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার দুটি ক্যাটাগরি ছিল।
দৌড়ের সময় অংশগ্রহণকারীরা একে অপরকে উৎসাহিত করেছেন। যদি কারো গতি কমে যায়, তবে অন্যরা পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করেছেন। ফলে প্রতিযোগিতার চেয়ে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের বার্তাই হয়ে ওঠে এই আয়োজনের প্রধান আকর্ষণ। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকদের মতে, ব্যস্ত ও প্রযুক্তিনির্ভর জীবনে শারীরিক পরিশ্রমের সুযোগ কমছে এবং তরুণদের একটি অংশ নানা আসক্তি ও অনিয়মিত জীবনযাপনের দিকে ঝুঁকছে। নিয়মিত দৌড় ও শরীরচর্চার মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর জীবনে উদ্বুদ্ধ করাই এই ধরনের আয়োজনের লক্ষ্য। প্রকৃতির কাছাকাছি দৌড়ানোর পাশাপাশি বন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যে লাউয়াছড়াকে ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।
কমলগঞ্জ রানার্সের অ্যাডমিন সৈয়দ জামাল হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে রেখে সুস্থ ও কর্মঠ জীবন গঠনে অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু দৌড় নয়, এর মাধ্যমে একটি ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করতে চান তারা। প্রকৃতির কাছাকাছি মানুষকে আনা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ানোও তাদের লক্ষ্য বলে জানান তিনি। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান সৈয়দ জামাল।
দৌড়ে অংশ নেওয়া শিক্ষার্থী তামিম আহমদ বলেন, দৌড়ে শুধু শারীরিক ফিটনেস বাড়ে না, ইতিবাচক মানসিক শক্তি ও ভ্রাতৃত্ববোধও তৈরি হয়। লাউয়াছড়ার মতো প্রকৃতির মাঝে দৌড়ানোর অভিজ্ঞতা অসাধারণ উল্লেখ করে তিনি জানান, বৈরী আবহাওয়ায় এত মানুষের অংশগ্রহণ সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়ার প্রমাণ। নিয়মিত এমন আয়োজন হোক, এটাই তার প্রত্যাশা।
আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা দিকনির্দেশনা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজকান্দি রানার্সের এডমিন মো. জাকির হোসেন, কমলগঞ্জ রানার্সের এডমিন সৈয়দ জামাল হোসেন, এবাদুর রহমান, সুলেমান হোসেন, মনজুরুল ইসলাম ও ফয়সল ইসলামসহ আয়োজক ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন