০৫:৩৪ পি.এম
নারী-পুরুষ, ছেলে-মেয়ে সকলেই সমাজের সমান অংশীদার। প্রত্যেকের জন্য সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা আবশ্যক। সামাজিক অবক্ষয় ও পারিবারিক ভুলের কারণে কেউ বিপথগামী হলে তাকে শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানিকগঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। এই উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও সংগ্রামের স্বীকৃতিস্বরূপ ১৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
“নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত করো, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো”—এ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
জেলা নারী উন্নয়ন কমিটির সহসভাপতি ও নারীনেত্রী আঁখি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নাসরিন সুলতানা, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক বজলু, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, গ্রিন কোয়ালিশনের সদস্য জয়নাল আবেদীনসহ সম্মাননাপ্রাপ্ত পাঁচজন নারী।
অনুষ্ঠানে উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন উন্নয়নকর্মী ও নারীনেত্রী খোদেজা সুলতানা লোপা। স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার ও রিনা সিকদার।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা আরও বলেন, অনেক ছেলে-মেয়ে পারিবারিক ভুল ও সামাজিক অবক্ষয়ের কারণে ভুল পথে পা বাড়ায়। তাদের মারধর না করে সংশোধনের জন্য সময় দেওয়ার প্রয়োজন রয়েছে এবং প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে। যদি কেউ নিজ উদ্যোগে সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়, তাহলে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। বাল্যবিবাহ ও মাদকের কুফল সম্পর্কে অডিও-ভিডিও এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করার উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ এবং সামাজিক বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও নাগরিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নারী নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা এবং নির্যাতিত নারীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
আলোচনা শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও প্রতিকূলতা জয় করে এগিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ ১৫ জন সংগ্রামী নারীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকেরা মনে করেন, এ সম্মাননা নারীদের আত্মবিশ্বাস ও সাহস বাড়ানোর পাশাপাশি অন্য নারীদেরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন