প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো পাঁচ শ থেকে সাত শ জনকে আসামি করা হয়েছে। বাদী হিসেবে মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন নাজিরপুর থানায় এই এজাহার দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোটভাই সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ির ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, মালীখালীর আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী, জাকির খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, এজাহারে অজ্ঞাতনামা আরো পাঁচ শ থেকে সাত শ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের সমর্থকদের একটি অংশ আগ্নেয়াস্ত্র, পেট্রল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
নাজিরপুর থানার সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন