০৪:২৭ পি.এম
সিলেট নগরের একটি আবাসিক হোটেল রাতভর ঘিরে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে তাদের নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পুলিশ ও সংশ্লিষ্ট হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মহানগর পুলিশ। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিচয় নিশ্চিত হয়ে ভোর পাঁচটার দিকে ওই চারজনকে আটক করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন সংবাদ ছিল যে ওই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে চারজনকে আটক করা হয়েছে।’
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন