০৪:২৮ পি.এম
॥ শফিকুল ইসলাম বেবু ॥
কুড়িগ্রাম, ২৫ নভেম্বর, ২০২৬ : কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর এবং সংকোষসহ ১৬টি নদ-নদীতে তীব্র নাব্যতা সংকটের কারণে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
নদ-নদীর পানি কমে যাওয়ার পাশাপাশি অসংখ্য বালুচর জেগে ওঠার ফলে জেলার চরাঞ্চলের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন। এতে শতাধিক নৌ ঘাট বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
সরেজমিনে দেখা গেছে, প্রতিবেশী দেশ নেপাল, চিন ও ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত বর্ষার প্রবল ব্রহ্মপুত্র নদে এখন অসংখ্য বালুচর সৃষ্টি হয়েছে। এর ফলে নদীপথ সংকীর্ণ হয়ে যাওয়ায় মাঝেমধ্যে নৌকা আটকে যাচ্ছে। এই কারণে যাতায়াতে সময় ও অর্থ দুটোই বেশি লাগছে। মূল ভূখণ্ড থেকে নৌঘাটে পৌঁছাতে যাত্রীদের মাইলের পর মাইল বালুচর ধরে হাঁটতে হচ্ছে। ধরলা, তিস্তা ও দুধকুমারসহ অন্যান্য নদ-নদীতে একই পরিস্থিতি বিরাজ করছে। ফলে পণ্য ও জরুরি রোগী পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং চরাঞ্চলের মানুষ জেলা ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রাখতে হিমশিম খাচ্ছেন।
কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌ ঘাটটি বর্তমানে তার মূল স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে। এই ঘাটের সঙ্গে অন্তত ৫০টি ছোট-বড় নৌঘাটের সরাসরি যোগাযোগ রয়েছে। আগে প্রতিদিন এই ঘাটে পাঁচ শতাধিক নৌকা চলাচল করলেও বর্তমানে নাব্যতা সংকটের কারণে তা অর্ধেকে নেমে এসেছে।
নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন নারায়ণপুর ইউনিয়নের আমিনুল ইসলাম বাসস’কে জানান, নদীপথে চর জেগে ওঠার কারণে বর্তমানে যাত্রাপুর ঘাট থেকে নারায়ণপুর যেতে আড়াই ঘণ্টা সময় লাগছে। তাও নৌকা সরাসরি ঘাটে ভিড়তে পারছে না। ফলে দীর্ঘ বালু পথ পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া যাত্রাপুর নৌঘাট থেকে বাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি বা পায়ে হেঁটে যেতে হওয়ায় জেলা সদরে গিয়ে অফিস-আদালতের কাজ সময়মতো করা সম্ভব হচ্ছে না। জরুরি প্রয়োজনে নৌকা রিজার্ভ করতে হলে ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
যাত্রাপুর ঘাট থেকে ভগবতিপুর, রলাকাটা, অষ্টআশিরচর, কালির আলগা, খেওয়ার আলগার চর, চিড়াখাওয়া ও গোয়ালপুরিসহ বিভিন্ন চরে সরাসরি নৌকায় যেতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। নাব্যতা সংকটের নেতিবাচক প্রভাবে জেলার প্রায় শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার পথে। এতে কয়েক হাজার নৌকার মাঝি ও জেলে বেকার হয়ে পড়েছেন। পারাপারের সময় ও জ্বালানি খরচ বেশি হওয়ায় মাঝিদের আয় কমে গেছে এবং পণ্য পরিবহনও স্থবির হয়ে পড়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
যাত্রাপুর ঘাটের যাত্রী আনোয়ার হোসেন জানান, নৌরুটে চর পড়ায় এবং ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতিটি রুটে নৌকা ভাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
কালির আলগা চরের বাসিন্দা হোসেন আলী বলেন, ‘চরে যাওয়ার জন্য সারাদিনে মাত্র একটি নৌকা পাওয়া যায়। তাতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগছে। সরকারি ব্যবস্থাপনায় নৌকা চলাচল করলে চরের দরিদ্র মানুষের অনেক উপকার হতো।’
যাত্রাপুর ঘাটের নৌকার মাঝি শাহ আলম ও জহুরুল জানান, পানি কমে যাওয়ায় ডুবোচরগুলো জেগে ওঠায় অনেক পথ ঘুরে নৌকা চালাতে হচ্ছে। এতে সময় ও ডিজেল খরচ বাড়ার পাশাপাশি ডুবোচরে লেগে নৌকার পাখা (ফ্যান) ভেঙে যাচ্ছে। খরচ বাড়ায় যাত্রীসংখ্যাও কমে গেছে।
নৌকার মালিক আব্দুস সামাদ জানান, যাত্রাপুর থেকে দৈ খাওয়ার চরে যেতে আগে ৪৫ মিনিট সময় লাগলেও এখন আড়াই ঘণ্টা লাগছে। পরিবহন জটিলতার কারণে চর থেকে কৃষিপণ্য ও মালপত্র কম আসায় নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির চালক ও ঘাটের কুলিরা কর্মহীন হয়ে পড়ছেন।
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বাসস’কে বলেন, ‘নদ-নদীতে ড্রেজিং করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনা নদী খননের জন্য একটি মেগা প্রকল্প গ্রহণের সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নাব্যতা সংকট দূর হওয়ার পাশাপাশি চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন