ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুঃসময়ের ঘূর্ণাবর্তে ম্যানসিটি, ড্রয়ের ফাঁদে আর্সেনালও


দুঃসময়ের ঘূর্ণাবর্তে ম্যানসিটি, ড্রয়ের ফাঁদে আর্সেনালও

ম্যানচেস্টার সিটি জয়ের পথ ভুলে গেছে। নতুন কোচ এনজো মারেসকার অধীনে মৌসুমের শুরুতে দারুণ পারফরম্যান্স দেখালেও, প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ক্লাবটি দোষী সাব্যস্ত হওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। বাজে সময়ের ঘূর্ণাবর্তে থাকা সিটি শেষ মুহূর্তের গোলে হার এড়াতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাপোলির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। রায়ান শেরকির শেষ মুহূর্তের গোলে ড্রতে মাঠ ও মাঠের বাইরের ইংলিশ জায়ান্টদের মধ্যে অস্বস্তি দূর হয়নি।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে শেরকির অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যে করা গোল নাপোলিকে ইংল্যান্ডের মাটিতে প্রথম জয়ের স্বাদ থেকে বঞ্চিত করে। ইতালিয়ান ক্লাবটি দ্বিতীয়ার্ধে রাসমুস হইলুন্দ ও নোয়াহ ল্যাংয়ের গোলে দুইবার এগিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত

তবে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটি ওপেন প্লে থেকে মাত্র একবার জয় লাভ করেছে। ক্লাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলছে। এনজো মারেস্কার অধীনে প্রথম ১১ ম্যাচের ১০টিতেই জয়লাভ করেছিল সিটি। কিন্তু রায় প্রকাশের পর থেকেই সিটিজেনরা পথ হারিয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করে সিদ্ধান্ত পরিবর্তন করতে না পারলে বড় ধরনের পয়েন্ট কর্তন কিংবা প্রিমিয়ার লিগ থেকে অবনমন হতে পারে ইংলিশ চ্যাম্পিয়নদের।

২০০৮ সালের পর আবুধাবির মালিকানায় ক্লাবটির ভাগ্য বদলে যাওয়ার পর এই প্রথম টানা চারটি হোম ম্যাচে জয়হীন অবস্থায় রয়েছে সিটি।

আর্সেনাল, ভিয়ারিয়াল ও পোর্তোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ১২ পয়েন্টের মধ্যে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টারে এসেছিল নাপোলি। ১০ বছরের দীর্ঘ সময়ে সিটির হয়ে নিজেকে ক্লাবের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করা কেভিন ডি ব্রুইনা ১৮ মাস পর ইতিহাদ স্টেডিয়ামে ফিরেছিলেন। তাকে সমর্থকদের পক্ষ থেকে বীরোচিত অভ্যর্থনা জানানো হয়।

গোলের সুযোগহীন প্রথমার্ধে স্বল্পসংখ্যক দর্শকের মধ্যে সবচেয়ে প্রাণবন্ত প্রতিক্রিয়া দেখা গেছে ডি ব্রুইনার প্রত্যাবর্তনকে ঘিরে। ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সময়টা সুখকর ছিল না রাসমুস হইলুন্দের। তবে সিটির বিপক্ষে গোল করে ম্যাচে প্রাণ ফেরান ডেনিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন: পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না

বিলি গিলমোরের ব্যাকহিল পাস থেকে বল পেয়ে মার্ক গেহিকে কাটিয়ে নিচু ও জোরালো শটে জিয়ানলুইজি দোন্নারুম্মার জাল কাঁপান হইলুন্দ। এ নিয়ে টানা ১০ ম্যাচে ক্লিনশিট রাখতে ব্যর্থ হলো সিটি।

গোল হজমের পরপরই জেরেমি ডোকুকে মাঠে নামান মারেস্কা। এতে সিটির আক্রমণে কিছুটা প্রাণ ফিরে আসে। সমতা ফেরানো গোলের কারিগর ছিলেন ডোকু। তার নিচু ক্রস থেকে জোরালো শটে গোল করেন আয়ুব বুয়াদি। সিনিয়র ক্যারিয়ারে এটিই তার প্রথম গোল।

এরপর নাপোলিকে নিজেদের বক্সের ভেতর প্রায় আটকে ফেলে সিটি। মনে হচ্ছিল, স্বাগতিকদের পরবর্তী গোলটি কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের ১৪ মিনিট বাকি থাকতে পাল্টা আক্রমণে আবারও এগিয়ে যায় নাপোলি।

লিওনার্দো স্পিনাজ্জোলাকে পেছনের ফাঁকা জায়গায় দৌড়ানোর সুযোগ দিয়ে পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়ে সিটির রক্ষণ। স্পিনাজ্জোলার উঁচু করে দেওয়া ক্রস ভলি করে জালে পাঠান ল্যাং।

আরও পড়ুন: ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে কোপা আমেরিকা

ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল অবশ্য সেই লিড ধরে রাখতে পারেনি।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে নাপোলির জমাট রক্ষণ ভেদ করে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে সংকীর্ণ কোণ থেকে নিচু শটে ভানিয়া মিলিনকোভিচ-সাভিচকে পরাস্ত করেন শেরকি।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে সিটি।

অন্যদিকে ২৭তম স্থানে থাকা নাপোলি প্লে-অফের জায়গার বাইরে। প্রতিযোগিতায় আর তিনটি ম্যাচ বাকি, যেখানে পরবর্তী রাউন্ডে যেতে পারবে শীর্ষ ২৪ দল।

আরও পড়ুন: ব্যালন ডি’অরে মেসির ভোট তালিকায় চার আর্জেন্টাইন ছাড়াও এগিয়ে যারা

আর্সেনালের ড্র:

দুর্দান্ত গোল, এরপর সহজ সুযোগ নষ্ট; ভিক্তর ইয়োকেরেসকে নিয়ে কেন এত বিতর্ক, বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তা আরও একবার দেখা গেল। মঙ্গলবার (২৪ নভেম্বর) বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে আর্সেনালের এই স্ট্রাইকার আলোচনার কেন্দ্রে ছিলেন।

এমিরেটস স্টেডিয়ামে লিগ পর্বের ম্যাচে কাই হাভার্টজকে বাদ দিয়ে ইয়োকেরেসকে একাদশে রাখেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। সুযোগ কাজে লাগানোর তাগিদও দিয়েছিলেন সুইডিশ স্ট্রাইকারকে।

শুরুতে আর্তেতার আস্থার প্রতিদান দিচ্ছিলেন ইয়োকেরেস। চলতি মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে নিজের প্রথম গোল করেন তিনি, যা সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের হয়ে তার তৃতীয় গোল।

আরও পড়ুন: বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ইনফান্তিনোর গোপন পরিকল্পনা ফাঁস

তবে ২০২৫ সালে স্পোর্টিং লিসবন থেকে আসার পর অনিয়মিত পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। মঙ্গলবারের ম্যাচেও শেষ দিকে সহজ সুযোগ নষ্ট করে সমালোচকদের নতুন করে কথা বলার সুযোগ দিয়েছেন তিনি।

ততক্ষণে ম্যাক্সিমিলিয়ান বায়ারের গোলে সমতা ফিরিয়েছে ডর্টমুন্ড। গিয়োকেরেসের ওই ব্যর্থতায় ম্যাচে আস্থা রাখার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করতে হয়েছে আর্তেতাকে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত আর্সেনাল। তবে ইংলিশ ক্লাবটি চলতি মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠে জয়ের দেখা পেল না। বর্তমান প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগার শীর্ষ দল দুটির লড়াইয়ে আক্রমণে সুযোগ নষ্ট আর রক্ষণে ভুলের কারণে তিন পয়েন্ট পাওয়ার মতো খেলতে পারেনি আর্সেনাল।

পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। সপ্তম স্থানে থাকা ডর্টমুন্ড তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।

আরও পড়ুন: টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, লিটনও উন্নতি করলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে নিহত ২৭

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দেশটির সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে হুথি গোষ্ঠীর ২৭ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সেনাবাহিনীর ৩৫তম আর্মার্ড ব্রিগেডের একটি বিবৃতিতে জানানো হয়েছে, তাইজ প্রদেশের আল-মিসরাখ জেলায় হুথিদের অবস্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে সেনাবাহিনীর সঙ্গে পপুলার রেজিস্ট্যান্স বাহিনীও অংশ নেয়। অভিযানে হুথিদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে এবং তাদের প্রতিরক্ষাব্যবস্থারও ক্ষতি সাধিত হয়েছে।

এদিকে, তাইজের ইয়ানান গ্রামের একটি এলাকায় হুথিদের গোলাবর্ষণে এক কিশোরী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে।

অন্যদিকে, মধ্য ইয়েমেনের মারিব প্রদেশে বিস্ফোরক বহনকারী হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সেনাবাহিনী। পাশাপাশি, উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের আল-হাজম এলাকার দক্ষিণ-পূর্বে হুথিদের অবস্থানে সেনাবাহিনী ড্রোন হামলা চালানোর কথাও জানিয়েছে সামরিক বাহিনীর সংবাদমাধ্যম।

তবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ৭২টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে সংঘাত চলছে। ওই বছর হুতি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশের বিভিন্ন এলাকা দখল করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করে। এর ফলে দীর্ঘস্থায়ী সংঘাত এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়।

২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা ভেঙে যাওয়ার পর চলতি বছরের জুলাই থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত বৃদ্ধি পেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস পূর্ণিমায় মুখর রায়সাহেব বাড়িতে হাজারো ভক্তের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


রাস পূর্ণিমায় মুখর রায়সাহেব বাড়িতে হাজারো ভক্তের সমাগম

রায়সাহেব বাড়িতে তখন রাতের নিস্তব্ধতা ভেঙে গেছে। ঢাকের তাল ও শঙ্খধ্বনির সঙ্গে মিলিয়ে উলুধ্বনি এবং ভক্তদের মুখে হরিনাম উচ্চারণ শোনা যাচ্ছে। কিছু ভক্ত পূজার সামগ্রী নিয়ে এসেছেন, আবার কেউ রাস ঘুরিয়ে প্রার্থনায় মগ্ন হয়ে রয়েছেন।

হাজারো ভক্তের পদচারণায় এলাকা মুখর হয়ে উঠেছে। রাস পূর্ণিমার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর শহরের মুখর বাড়িটিতে রাস উৎসব শুরু হয়।

বাড়িটিতে বিশেষভাবে রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে রাস ঘোরানো হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা একে একে রাস ঘুরিয়ে প্রার্থনায় অংশ নেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের গণেশতলায় অবস্থিত রায় সাহেব বাড়ির শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। পূজা-অর্চনা ও আরতি বিকেল থেকেই চলতে থাকে। রাতের সঙ্গে সঙ্গে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ দলবেঁধে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন।

মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাস পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা, আরতি, নামসংকীর্তন ও রাস ঘোরানোর মধ্য দিয়ে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

উৎসবে আসা দিথী গাঙ্গুলী বলেন, "প্রতিবছরই এখানে (রায় সাহেব বাড়ি) আসা হয়। রাস পূর্ণিমায় এখানে এসে পূজা দিতে পারলে মনে প্রশান্তি আসে। সংসার ও পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।"

দিলীপ কুমার জানান, ‘আমি ছোটবেলা থেকেই এই রাস উৎসব দেখে আসছি। আগে পরিবারের বড়দের সঙ্গে আসতাম, এখন নিজের সন্তানদের নিয়ে আসি। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।’

নবমিতা রায় বলেন, ‘প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে এসে পূজা দিয়ে থাকি এবং রাস ঘুরিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি।’

আয়োজক কমিটির আহ্বায়ক সুশীল চন্দ্র দাস জানান, ৩২ বছর ধরে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসবের আয়োজন হয়ে আসছে। প্রতিবছর হাজারো ভক্তের অংশগ্রহণে এ উৎসব উদ্‌যাপন করা হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা রাস পূর্ণিমায় পূজা-অর্চনার মাধ্যমে প্রার্থনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের পাঁচ রাজ্যে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ে নতুন সার্ভিস সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ভারতের পাঁচ রাজ্যে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ে নতুন সার্ভিস সেন্টার

বাংলাদেশ, ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও গতিশীল করার উদ্দেশ্যে নতুন ভিসা প্রসেসিং সার্ভিস সেন্টার অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)-কে দায়িত্ব প্রদান করা হয়েছে।

১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি কলকাতা ও শিলিগুড়িতে তাদের নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু করবে। নতুন ব্যবস্থার আওতায় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়-এই পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকরা ভিসার আবেদন করতে পারবেন।

এছাড়া, এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও এই কেন্দ্রগুলোর মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন জমা দেয়ার সুযোগ পাবেন।

নতুন ভিসা কেন্দ্রের ঠিকানা

কলকাতা: সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১।

শিলিগুড়ি: সিটি মল (প্রথম তলা), সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।

বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসা আবেদনকারীদের আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা ‘ডিইউ ডিজিটাল’। কলকাতার সল্টলেক ও শিলিগুড়ির কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহের পর তা উপ-হাইকমিশনে পাঠানো হতো এবং প্রক্রিয়াকরণ শেষে সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন আবেদনকারীরা।

চলতি মাসের ৩০ নভেম্বর সংস্থাটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব হস্তান্তরের ফলে ভিসা আবেদন প্রক্রিয়ায় গতি আসবে এবং সেবাপ্রার্থীরা আরও উন্নত পরিষেবা পাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মা-মেয়ের মরদেহ মিলল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদীতে মা-মেয়ের মরদেহ মিলল

সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হন ওই মা ও মেয়ে।

মৃত মা ও মেয়ের নাম হলো: সিলেটের দক্ষিণ সুরমার পিরোজপুর আবাসিক এলাকার জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তার ১১ মাসের মেয়ে জয়স্মিতা বিশ্বাস।

এ বিষয়ে মঞ্জুশ্রী চক্রবর্তীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, ‘আমার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। আমাদের ১১ মাস বয়সের মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স যখন মাত্র তিন মাস, তখনই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে আমার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরিয়ে যান তার স্ত্রী। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।’

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ মা ও মেয়ের মরদেহ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%