প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রায়সাহেব বাড়িতে তখন রাতের নিস্তব্ধতা ভেঙে গেছে। ঢাকের তাল ও শঙ্খধ্বনির সঙ্গে মিলিয়ে উলুধ্বনি এবং ভক্তদের মুখে হরিনাম উচ্চারণ শোনা যাচ্ছে। কিছু ভক্ত পূজার সামগ্রী নিয়ে এসেছেন, আবার কেউ রাস ঘুরিয়ে প্রার্থনায় মগ্ন হয়ে রয়েছেন।
হাজারো ভক্তের পদচারণায় এলাকা মুখর হয়ে উঠেছে। রাস পূর্ণিমার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর শহরের মুখর বাড়িটিতে রাস উৎসব শুরু হয়।
বাড়িটিতে বিশেষভাবে রাধাগোবিন্দের বিগ্রহ স্থাপন করে রাস ঘোরানো হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা একে একে রাস ঘুরিয়ে প্রার্থনায় অংশ নেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে শহরের গণেশতলায় অবস্থিত রায় সাহেব বাড়ির শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়। পূজা-অর্চনা ও আরতি বিকেল থেকেই চলতে থাকে। রাতের সঙ্গে সঙ্গে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ দলবেঁধে মন্দির প্রাঙ্গণে ভিড় করেন।
মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাস পূর্ণিমা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজা, আরতি, নামসংকীর্তন ও রাস ঘোরানোর মধ্য দিয়ে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
উৎসবে আসা দিথী গাঙ্গুলী বলেন, "প্রতিবছরই এখানে (রায় সাহেব বাড়ি) আসা হয়। রাস পূর্ণিমায় এখানে এসে পূজা দিতে পারলে মনে প্রশান্তি আসে। সংসার ও পরিবারের সুখ-শান্তি, সুস্বাস্থ্য এবং সবার মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেছি।"
দিলীপ কুমার জানান, ‘আমি ছোটবেলা থেকেই এই রাস উৎসব দেখে আসছি। আগে পরিবারের বড়দের সঙ্গে আসতাম, এখন নিজের সন্তানদের নিয়ে আসি। এভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে চাই।’
নবমিতা রায় বলেন, ‘প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে এসে পূজা দিয়ে থাকি এবং রাস ঘুরিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করি।’
আয়োজক কমিটির আহ্বায়ক সুশীল চন্দ্র দাস জানান, ৩২ বছর ধরে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসবের আয়োজন হয়ে আসছে। প্রতিবছর হাজারো ভক্তের অংশগ্রহণে এ উৎসব উদ্যাপন করা হয়। পূর্ণতা ও পুণ্যলাভের আশায় ভক্তরা রাস পূর্ণিমায় পূজা-অর্চনার মাধ্যমে প্রার্থনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন