প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শরীরের বয়সের ভারে নুয়ে পড়েছে। চলাফেরার জন্য লাঠি অথবা অন্যের সহায়তা প্রয়োজন। তবে ভোট দেয়ার আগ্রহে কোনো কমতি নেই। ৯৮ বছর বয়সী মো. জসিম উদ্দিন ও ৮৯ বছর বয়সী অমেলা বেওয়া ভোট দিতে লাঠি ও অন্যের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসেছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তাদের উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তারা ভোট দিতে আসেন।
কেন্দ্রে প্রবেশের সময় দেখা যায়, ৯৮ বছর বয়সী জসিম উদ্দিন এক আনসার সদস্যের সহায়তায় ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। বয়সের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হলেও ভোট দেয়ার জন্য তিনি কেন্দ্রে এসেছেন।
অন্যদিকে, ৮৯ বছর বয়সী অমেলা বেওয়া তার ভাগনে আব্দুল রশিদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে আসেন। শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে ভোট দিতে তাদের এই আগ্রহ ভোটাধিকারের গুরুত্বকে তুলে ধরে।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৬ জন।
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন রয়েছেন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন