প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারী ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তারা নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। যদিও ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল ৮টায়, তবুও তার আগেই ভোট দিতে আসা নারীরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন।
ভোট দিতে আসা বৃদ্ধা শান্তি বালা বলেন, "সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাড়ির কাজ শেষ করেছি। এরপর রান্নাবান্না ও খাওয়াদাওয়া সেরে ভোট দিতে এসেছি। সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছি। কেন্দ্রে এসে দেখি, আরও অনেকে ভোট দিতে এসেছেন। ভোটগ্রহণ শুরু না হওয়ায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভোট শুরু হলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।"
আরেক ভোটার প্রতিমা রানী জানান, "সকালে ভিড় কম থাকে বলে আগেভাগেই ভোট দিতে কেন্দ্রে এসেছি। ভোটগ্রহণ শুরুর আগেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।"
বুড়িহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম বলেন, "এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৮৭ জন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।"
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, "ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করছেন।"
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আফতাব উজ্জামান জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৮৫টি কেন্দ্রে ৩৬ শতাংশ ভোট পড়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।
গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।
এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন