শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫৯ এম
ভারতের ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে ঘূর্ণিঝড় আকভানের স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টির বাইরের মেঘমালা উপকূলীয় এলাকায় প্রবেশ করে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগবে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টি গোপালপুরের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করছে। এ সময় বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইএমডি।
ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। তাঁদের জন্য ২ হাজার ৫২৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৪২৩টি দল মোতায়েন করা হয়েছে। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
শুক্রবার ভোরে ঘূর্ণিঝড় আকভান শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আইএমডির তথ্য অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথে পরিবর্তন এসেছে। আগে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে সম্ভাব্য স্থলভাগে প্রবেশের এলাকা উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে সরে এসেছে। ফলে ওড়িশার উপকূলীয় এলাকায় সতর্কতা ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ নামে পরিচিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝে তিনটি লরিতে করে জ্বালানির গাড়িবহর নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
গাড়িবহরটি প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ কর্মকর্তাদের দ্বারা স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার কারণে সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, "এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।" তিনি বলেন, "দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।"
মন্ত্রী আরো জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বৈরী আবহাওয়ার কারণে সাগরের উত্তাল অবস্থার ফলে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষার্থী এই দলে রয়েছেন।
জাবিপ্রবির আটকে পড়া শিক্ষার্থীদের মধ্যে মোজাহিদ সিফাত নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা (Patella) স্থানচ্যুত হয়ে গেছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে টেকনাফে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।
অন্যদিকে, দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ করা অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। তারা কবে দ্বীপ ছাড়তে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক এবং ২৯ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী এবং ১৬ জন পুরুষ। তারা গত ১৭ নভেম্বর সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচ ট্যুরে সেন্ট মার্টিনে যান। তাদের ফিরে আসার কথা ছিল ১৯ নভেম্বর। কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের দ্বীপে অবস্থান করতে হচ্ছে। বর্তমানে তারা উত্তর বিচের বিন্দু ইকো রিসোর্টে অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৩১ জন সেন্ট মার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন। ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটেও পড়েছেন। দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহত শিক্ষার্থীকে সকালে টেকনাফ হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।’
সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, ‘আমরা গত মঙ্গলবার সেন্ট মার্টিনে এসেছিলাম। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। কিন্তু বুধবার রাত ৮টার দিকে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। বিষয়টি আগে জানানো হলে আমরা আসার টিকিট বাতিল করতে পারতাম। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে ফরম পূরণের বিষয়টিও রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় দ্বীপে আটকে পড়ার কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।’
বিভাগটির শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, ‘আমরা ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে এসেছিলাম। ১৯ নভেম্বর ফেরার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আমাদের একজন সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়ে আহত হয়েছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া ফেরার জন্য বিভিন্ন জায়গায় আগাম টিকিট করা রয়েছে। খাবারের জন্য বরাদ্দ বাজেটও প্রায় শেষ। সব মিলিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সিফাত নামে এক পর্যটক হাসপাতালে আসে। মোটরসাইকেল দুর্ঘটনায় তার হাঁটুর হাড় সরে গেছে। আমরা প্রাথমিকভাবে দেখেছি। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেই।’
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পর্যটককে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।’
একই দ্বীপে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থী। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, ‘আমরা ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কবে ফিরতে পারব, তা নিয়ে সবাই উদ্বিগ্ন।’
এদিকে আটকে পড়া জাবিপ্রবির শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সমাজকর্ম বিভাগ। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন বিভাগের চেয়ারম্যান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে উল্লেখ করে বলেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জার বিষয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। শুনানির প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সে বিষয়েও আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তোলেন।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে তিনজনই আপিল করেছেন এবং তাঁরা বর্তমানে কারাগারে অবস্থান করছেন।
আপিল শুনানির সময় আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল বলেও বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছে।
এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরে মামলার বিচার শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই হামলা সংঘটিত হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে সংঘবদ্ধ হয়ে একদল লোক সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়। পরে তারা বাড়ির দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ উঠেছে যে হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানান, মিছিল নিয়ে আসা লোকজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমপির প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীমের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং তারা স্লোগান দিয়ে পেট্রল ও অক্টেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় সংসদ সদস্যের স্বজনেরা নিরাপদ স্থানে চলে যান।
এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি।
একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাড়ির দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এফএনএফ সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।
এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাসপাতালের নিচতলায় প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ এবং সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হাসপাতালে রোগী, প্রসূতি মা ও নবজাতক থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর কয়েক দিনে জেলার তিন সংসদ সদস্যের স্থাপনায় হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ