প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে উল্লেখ করে বলেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জার বিষয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। শুনানির প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সে বিষয়েও আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তোলেন।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে তিনজনই আপিল করেছেন এবং তাঁরা বর্তমানে কারাগারে অবস্থান করছেন।
আপিল শুনানির সময় আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল বলেও বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছে।
এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরে মামলার বিচার শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন