প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ নামে পরিচিত।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝে তিনটি লরিতে করে জ্বালানির গাড়িবহর নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
গাড়িবহরটি প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ কর্মকর্তাদের দ্বারা স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার কারণে সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, "এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।" তিনি বলেন, "দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।"
মন্ত্রী আরো জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।
দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন