ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ নামে পরিচিত।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝে তিনটি লরিতে করে জ্বালানির গাড়িবহর নাটোর-কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

গাড়িবহরটি প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকসহ কর্মকর্তাদের দ্বারা স্বাগত জানানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাড়িবহরটি ঈশ্বরদীর রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। নিরাপত্তার দায়িত্বে ছিল সেনাবাহিনী, এসআরবি, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তাবলয় ছিল। নিরাপত্তার কারণে সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানসহ মোট সাতটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরো দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ওইদিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় কেন্দ্রটিতে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ অর্জনকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, "এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।" তিনি বলেন, "দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া পুরো জাতির জন্য আনন্দের সংবাদ।"

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

মন্ত্রী আরো জানান, পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। কেন্দ্রটি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আটক, সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক অভিযোগে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে আটকা ৯৬ জাবিপ্রবি ও রাবির শিক্ষক-শিক্ষার্থী, খাদ্য সংকট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


সেন্ট মার্টিনে আটকা ৯৬ জাবিপ্রবি ও রাবির শিক্ষক-শিক্ষার্থী, খাদ্য সংকট

বৈরী আবহাওয়ার কারণে সাগরের উত্তাল অবস্থার ফলে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষার্থী এই দলে রয়েছেন।

জাবিপ্রবির আটকে পড়া শিক্ষার্থীদের মধ্যে মোজাহিদ সিফাত নামের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা (Patella) স্থানচ্যুত হয়ে গেছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে টেকনাফে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।

অন্যদিকে, দীর্ঘ সময় ধরে আটকে থাকার কারণে শিক্ষার্থীদের খাবারের জন্য বরাদ্দ করা অর্থও প্রায় শেষ হয়ে এসেছে। তারা কবে দ্বীপ ছাড়তে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক এবং ২৯ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী এবং ১৬ জন পুরুষ। তারা গত ১৭ নভেম্বর সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচ ট্যুরে সেন্ট মার্টিনে যান। তাদের ফিরে আসার কথা ছিল ১৯ নভেম্বর। কিন্তু আবহাওয়ার অবনতি হওয়ায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের দ্বীপে অবস্থান করতে হচ্ছে। বর্তমানে তারা উত্তর বিচের বিন্দু ইকো রিসোর্টে অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৩১ জন সেন্ট মার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছেন। ভ্রমণের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় তারা আর্থিক সংকটেও পড়েছেন। দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আহত শিক্ষার্থীকে সকালে টেকনাফ হাসপাতালে নেওয়ার কথা রয়েছে।’

সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, ‘আমরা গত মঙ্গলবার সেন্ট মার্টিনে এসেছিলাম। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। কিন্তু বুধবার রাত ৮টার দিকে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। বিষয়টি আগে জানানো হলে আমরা আসার টিকিট বাতিল করতে পারতাম। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে ফরম পূরণের বিষয়টিও রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় দ্বীপে আটকে পড়ার কারণে সেটিও বিলম্বিত হচ্ছে।’

বিভাগটির শিক্ষার্থী আমান উল্লাহ বলেন, ‘আমরা ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে এসেছিলাম। ১৯ নভেম্বর ফেরার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আমাদের একজন সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়ে আহত হয়েছে। এখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া ফেরার জন্য বিভিন্ন জায়গায় আগাম টিকিট করা রয়েছে। খাবারের জন্য বরাদ্দ বাজেটও প্রায় শেষ। সব মিলিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সিফাত নামে এক পর্যটক হাসপাতালে আসে। মোটরসাইকেল দুর্ঘটনায় তার হাঁটুর হাড় সরে গেছে। আমরা প্রাথমিকভাবে দেখেছি। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেই।’

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পর্যটককে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।’

একই দ্বীপে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থী। বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, ‘আমরা ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কবে ফিরতে পারব, তা নিয়ে সবাই উদ্বিগ্ন।’

এদিকে আটকে পড়া জাবিপ্রবির শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সমাজকর্ম বিভাগ। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন বিভাগের চেয়ারম্যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম: প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্টতম: প্রধান বিচারপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ‘ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি ওই রায়কে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার হিসেবে উল্লেখ করে বলেন, বিচারপতির আসনে বসে এমন রায় দেওয়া লজ্জার বিষয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। শুনানির প্রক্রিয়ায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সী একজনকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সে বিষয়েও আপিল বিভাগের বিচারপতিরা প্রশ্ন তোলেন।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিন ব্যক্তিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে তিনজনই আপিল করেছেন এবং তাঁরা বর্তমানে কারাগারে অবস্থান করছেন।

আপিল শুনানির সময় আমিনুজ্জামান ফারুকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাঁর বয়স মাত্র ১৩ বছর ছিল বলেও বিষয়টি উঠে আসে। ওই বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আইনগত ভিত্তি ও যৌক্তিকতা নিয়ে সর্বোচ্চ আদালত প্রশ্ন তুলেছে।

এর আগে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নকলার চার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৭ সালের ২৬ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং পরে মামলার বিচার শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন, থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


গোপালগঞ্জে বিএনপি এমপির বাড়িতে আগুন, থানাসহ বিভিন্ন স্থাপনায় হামলা

গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এই হামলা সংঘটিত হয়। এ ছাড়া মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে সংঘবদ্ধ হয়ে একদল লোক সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়। পরে তারা বাড়ির দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ উঠেছে যে হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানান, মিছিল নিয়ে আসা লোকজন সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এমপির প্রেস উইংয়ের সদস্য আম্মার মিয়া অসীমের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং তারা স্লোগান দিয়ে পেট্রল ও অক্টেন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় সংসদ সদস্যের স্বজনেরা নিরাপদ স্থানে চলে যান।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত জানা যায়নি।

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সরকারি গাড়ি ও থানায় জব্দ করে রাখা অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) গাড়ির দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। অন্যদিকে জেলা শহরের পোস্ট অফিস মোড়ে এফএনএফ সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন থানাপাড়া এলাকার আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হামলাকারীরা হাসপাতালের নিচতলায় প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ এবং সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় হাসপাতালে রোগী, প্রসূতি মা ও নবজাতক থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরপর কয়েক দিনে জেলার তিন সংসদ সদস্যের স্থাপনায় হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়, যার ফলে যান চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা ঋণের নামে আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই মামলায় তাঁর স্ত্রী এবং ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ আরও ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে জাবেদকে অর্থ পাচারের অভিযোগে ১০ বছর এবং অর্থ আত্মসাতের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রুকমীলা জামানকে দুই অভিযোগে পাঁচ বছর করে মোট ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। আদালত জাবেদের বিরুদ্ধে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ কোটি টাকা জরিমানার আদেশও দিয়েছে।

১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এমএ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত চার আসামির মধ্যে একজন খালাস পেয়েছেন।

যেভাবে নেওয়া হয় ২৫ কোটি টাকার ঋণ

মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিং নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো হয়। ওই প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে ইউসিবিএলের চট্টগ্রামের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।

২০১৯ সালের ১৩ অক্টোবর ব্যাংকটির পোর্ট শাখায় ভিশন ট্রেডিংয়ের নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকা ঋণের আবেদন করা হয়।

ঋণের বিপরীতে প্রতিষ্ঠানের মজুতপণ্য, ব্যবসায়িক অভিজ্ঞতা ও গুদামসংক্রান্ত তথ্য দেওয়া হলেও এসব নথিতে অসংগতি ছিল বলে দুদকের তদন্তে উঠে আসে। ব্যাংকের করপোরেট ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের যৌথ কমিটি ঋণ প্রস্তাবের বিষয়ে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ দিয়েছিল। এরপরও ২০২০ সালের ১২ মার্চ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় ঋণটি অনুমোদন করা হয়।

পরে পে-অর্ডারের মাধ্যমে ঋণের অর্থ আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। তদন্তে এসব প্রতিষ্ঠানের মালিক হিসেবে দেখানো ব্যক্তিদের সঙ্গে আরামিট গ্রুপের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে অর্থ স্থানান্তর ও নগদে উত্তোলনের পর হুন্ডির মাধ্যমে তা বিদেশে পাচার করা হয়েছে। পরে ওই অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি কেনার অভিযোগও রয়েছে। অভিযোগপত্রে ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের লেনদেনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মামলা ও বিচারপ্রক্রিয়া

২০২৫ সালের ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন। শুরুতে আসামি ছিলেন ৩১ জন। পরে তদন্ত শেষে চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে নতুন করে আরও সাতজনকে আসামি করা হলে মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। অভিযোগপত্রে সাক্ষী করা হয় ৯২ জনকে।

১১ মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৫ এপ্রিল থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। বিচারিক কার্যক্রমে ৫৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ১৮ নভেম্বর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য পরদিন দিন ধার্য করেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমের এই পর্যায় শেষ হলো। আদালতে ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%