ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ


যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবির মাহমুদ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ বিভাগের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাষক এস এম কদর এবং প্রভাষক হাসনাইন আনজুম।

কমিটির অন্যান্য পদগুলিতে সহ-সভাপতি হিসেবে রুপক কুমার মালী, যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) হিসেবে মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) হিসেবে খন্দকার নোশিন তাবাসসুম মৌলী এবং কোষাধ্যক্ষ হিসেবে দীপংকর হাওলাদার দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা

এছাড়া, কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল হাসিব, প্রকাশনা সম্পাদক হিসেবে নাজমুস সাদাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এস. এম. সিফাত আরেফিন, ক্রীড়া সম্পাদক (ছাত্র) হিসেবে মো. আব্দুল্লাহ শরীফ এবং ক্রীড়া সম্পাদক (ছাত্রী) হিসেবে আনিকা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার শেরপুরে সিএনজি টার্মিনাল নেই, তবু ইজারা দিয়ে টোল আদায়ের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


বগুড়ার শেরপুরে সিএনজি টার্মিনাল নেই, তবু ইজারা দিয়ে টোল আদায়ের উদ্যোগ

বগুড়ার শেরপুর পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্ধারিত কোনো টার্মিনাল কিংবা পার্কিংয়ের ব্যবস্থা নেই। তথাপি, পৌর কর্তৃপক্ষ কাগজে-কলমে টার্মিনাল দেখিয়ে ইজারা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা। তাঁদের অভিযোগ, পার্কিংয়ের জায়গা নিশ্চিত না করেই টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হলে তাঁরা অযৌক্তিকভাবে আর্থিক হয়রানির শিকার হবেন। তাই তাঁরা দাবি করেছেন, টার্মিনাল ও পার্কিংয়ের জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইজারা কার্যক্রম বন্ধ রাখতে হবে।

এ দাবিতে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় সিএনজি অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতারা। আবেদনে কয়েকশ মালিক-চালকের স্বাক্ষর অন্তর্ভুক্ত রয়েছে।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর বগুড়ার একটি দৈনিক পত্রিকায় শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর স্বাক্ষরিত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে ধুনট রোড মোড়কে পৌর টার্মিনাল হিসেবে উল্লেখ করে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার জন্য টার্মিনাল ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেখানে সিএনজি অটোরিকশা রাখার জন্য নির্ধারিত কোনো জায়গা নেই।

ধুনট মোড়ে ১০ থেকে ২০ শতক আয়তনের একটি খালি জায়গা থাকলেও সেটি দীর্ঘদিন ধরে ট্রাক টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে সেখানে সিএনজি অটোরিকশা রাখার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে চালকেরা ধুনট মোড়সংলগ্ন মহাসড়কের দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করছেন। এতে একদিকে যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।

আবেদনে আরও বলা হয়েছে, অতীতে সিএনজি অটোরিকশা রাখার জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছিল পৌর কর্তৃপক্ষ। সেই আশ্বাসে মালিক-চালকেরা নিয়মিত ইজারার টাকা পরিশোধ করে আসছিলেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পার্কিংয়ের জন্য কোনো জায়গা বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগও চোখে পড়েনি। ফলে বাধ্য হয়ে ব্যক্তিমালিকানাধীন জায়গা ভাড়া নিয়ে এবং বিভিন্ন স্থানের ফুটপাত ও সড়কের পাশে গাড়ি রেখে জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাঁদের।

সিএনজি অটোরিকশা রাখার জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে পাঁচটি স্থানের কথা। এগুলো হলো—ধুনট রোড মোড়ের ট্রাক টার্মিনাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কলেজ রোড, রণবীরবালা ঈদগাহ মাঠের জায়গা, শেরপুর বাসস্ট্যান্ডের সিএমবি অফিসের দক্ষিণ পাশে গফুর ভান্ডারের জায়গা, মহনা শপিং সেন্টারের সামনের ফুটপাত এবং ধুনট মোড়ের খাদ্যগুদামের উত্তর পাশে আঞ্চলিক সড়কের ফুটপাত।

বগুড়া জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম নুর ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ বলেন, পৌরসভায় সিএনজি অটোরিকশার জন্য স্থায়ী টার্মিনাল ও পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা জরুরি। গাড়ি রাখার ব্যবস্থা না করে টার্মিনালের নামে ইজারা দিয়ে টোল আদায় করা হলে মালিক-চালকেরা অযথা হয়রানির শিকার হবেন। তাই তাঁরা স্থায়ী টার্মিনাল ও পার্কিংয়ের জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত টোল আদায়ের ইজারা ও কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেরপুর পৌরসভার প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, ইতিপূর্বেও একই পদ্ধতিতে সিএনজি টার্মিনাল ইজারা দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর আগের পদ্ধতি অনুসরণ করেই ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তবে এ নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা, সাংবাদিককে হুমকির ঘটনায় কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা, সাংবাদিককে হুমকির ঘটনায় কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সিলেটের জকিগঞ্জে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জুবায়ের আহমদকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকির অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় করণীয় নির্ধারণের জন্য জরুরি সভা আয়োজন করেছে সংগঠনটি।

সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর জকিগঞ্জ মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা সাংবাদিক জুবায়ের আহমদ। সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাবাজার পত্রিকার জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক। সভায় হুমকির ঘটনা এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাংবাদিকরা বিভিন্ন মতাদর্শের অনুসারী এবং ভিন্ন ভিন্ন গণমাধ্যমে কাজ করলেও পেশাগত স্বার্থ ও নিরাপত্তার প্রশ্নে তাঁরা ঐক্যবদ্ধ। তাঁরা বলেন, জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংগঠন হিসেবে প্রেসক্লাব নীরব থাকতে পারে না।

নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিক জুবায়ের আহমদ একা নন। তিনি জকিগঞ্জে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সংগঠন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি। তাঁর প্রতি হুমকির বিষয়টি সংগঠনের সব সদস্য এবং উপজেলার অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উদ্বেগের সঙ্গে দেখছেন এবং সংহতি জানিয়েছেন। তাই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।

সভায় আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি ও জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ও জকিগঞ্জের ডাক সম্পাদক তারেক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সীমান্ত জার্নালের সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, অফিস সম্পাদক ও জেড টিভির সম্পাদক আব্দুশ শহীদ শাকির এবং সাপ্তাহিক সবুজ প্রান্তের স্টাফ রিপোর্টার উবেদুল্লাহ তালুকদার প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার নিন্দা জানালো ঢাবি সাদা দল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার নিন্দা জানালো ঢাবি সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার প্রস্তুতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. আবদুস সালাম এবং প্রফেসর ড. আবুল কালাম সরকার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন, সংবাদমাধ্যমের তথ্যানুসারে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা রাজধানীতে একত্রিত হয়ে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা করছিলেন। দেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার বাসভবনে এমন হামলার পরিকল্পনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

এছাড়া, বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় অস্থিতিশীলতা ও ভীতির পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে। কোনো সভ্য ও গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের আট মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার চুরির চেষ্টায় দুইজনের আট মাসের কারাদণ্ড

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার) চুরির চেষ্টা করার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযুক্ত দুইজনকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

সূত্র জানায়, খুলনা বিভাগীয় সিএসডি গুদামের সীমানা প্রাচীরের ভেতরে একটি টিনশেড গ্যারেজে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারটি রাখা ছিল। সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা জেলায় মোবাইল ল্যাবরেটরি ভ্যানের মাধ্যমে খাদ্য নমুনা পরীক্ষার পূর্বনির্ধারিত কর্মসূচির জন্য ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় নিরাপদ খাদ্য কর্মকর্তার অনুমতি নিয়ে গাড়িচালক গ্যারেজে যান। গ্যারেজের কাছে পৌঁছালে তিনি ভেতর থেকে মানুষের কথাবার্তার শব্দ শুনতে পান।

তিনি তাৎক্ষণিকভাবে নিরাপদ খাদ্য কর্মকর্তাকে বিষয়টি জানান। এরপর নিরাপদ খাদ্য কর্মকর্তা মোবাইল ফোনে সিএসডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবস্থাপককে অবহিত করেন। গাড়িচালক, নিরাপত্তাপ্রহরী এবং সিএসডির অন্যান্য কর্মচারীদের সহায়তায় রমজান শেখ (২৩) ও গোলাম রসুল (২৬) নামের দুইজনকে চুরির চেষ্টার সময় হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায়, ভ্রাম্যমাণ পরীক্ষাগারের বিভিন্ন নিরাপত্তা লক, জেনারেটরের কেবল, সার্কিট ব্রেকার ও মনিটরের লক বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এছাড়া, গাড়ির দুটি গ্লাস, ওপরের ভেন্টিলেশন ও সাউন্ড বক্স খুলে একত্রে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে আটক দুইজনকে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ১৪ নভেম্বর রাতে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ নভেম্বর দুপুর ১২টার দিকে অভিযুক্তদের খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয় আদালতে পাঠানো হয়।

পরবর্তী সময়ে ওই দিন বিকেল ৩টার দিকে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারিক পদ্ধতিতে মামলার বিচারকার্য সম্পন্ন করে অভিযুক্ত রমজান শেখ ও গোলাম রসুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা মালামাল নিরাপদ খাদ্য কর্মকর্তার হেফাজতে বুঝিয়ে দেওয়ার আদেশ দেন। খুলনা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%