ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সেন্টমার্টিনে আটকে পড়া ৪৫০ পর্যটক ট্রলারে টেকনাফে ফিরলেন


সেন্টমার্টিনে আটকে পড়া ৪৫০ পর্যটক ট্রলারে টেকনাফে ফিরলেন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে আটকে থাকা প্রায় ৪৫০ পর্যটক অবশেষে ট্রলারে করে টেকনাফে ফিরেছেন। বৈরী আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শনিবার (২১ নভেম্বর) বিকল্প নৌযানে তাঁদের ফিরিয়ে আনা হয়, যা পর্যটকদের মধ্যে স্বস্তি নিয়ে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়া এবং সাগরের উত্তাল অবস্থার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ে ফিরে আসা অনিশ্চিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে বিকল্প হিসেবে ট্রলারের ব্যবস্থা করা হয়।

দ্বীপে কয়েক দিন আটকে থাকার ফলে পর্যটকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। বিশেষ করে কর্মস্থলে যোগদান, জরুরি কাজ এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর বিষয়ে তাঁদের দুশ্চিন্তা ছিল। দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির পর টেকনাফে পৌঁছাতে পেরে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে পর্যটক আটকে পড়ার ঘটনায় দ্বীপে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নৌযান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দ্বীপে অবস্থানরত পর্যটকদের জরুরি সহায়তা, খাবার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাদের মতে, পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প ও নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য সমন্বিত প্রস্তুতি থাকা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, হতাহতের খবর নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা, হতাহতের খবর নেই

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শনিবার হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে চিহ্নিত। এই তথ্যটি যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও প্রকাশ করেছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী দিয়ে বের হওয়ার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। একই সময়ে আরেকটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত হানা হয়েছে।

এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা ঘটে। এর আগে, বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।

যুদ্ধের শুরু থেকেই ইরান এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। দেশটির অনুমতি ছাড়া যেসব জাহাজ এই জলপথ অতিক্রমের চেষ্টা করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে। পাশাপাশি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নৌবাহিনী পাহারা দিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার হাসপাতালে ছয় লাখ শিশুর চিকিৎসায় দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


ভোলার হাসপাতালে ছয় লাখ শিশুর চিকিৎসায় দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক

হাসপাতালের বারান্দা, হাঁটার পথ এবং সিঁড়িকোঠা- কোথাও খালি জায়গা নেই। শিশু রোগীদের শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীরা আশানুরূপ চিকিৎসা পাচ্ছে না।

এটি ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অবস্থা, কিন্তু এই হাসপাতাল একমাত্র নয়, জেলার সরকারি হাসপাতালগুলোর প্রতিদিনের চিত্র এটি।

জেলায় সাতটি হাসপাতালের মধ্যে পাঁচটিতে দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে জেলার ছয় লাখের বেশি শিশুর চিকিৎসার দায়িত্ব বর্তমানে মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপর নির্ভরশীল।

জেলার বাসিন্দাদের মতে, উপজেলা হাসপাতালে চিকিৎসক না থাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে জেলা শহরে আসলেও কাঙ্খিত সেবা মিলছে না। ফলে নামমাত্র চিকিৎসা নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের শিশুদের।

ভোলার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ শিশু হলেও বছরের পর বছর ধরে তাদের চিকিৎসায় এই অবস্থার অব্যাহত রয়েছে। এই সংকট সমাধানে কোনো দৃশ্যমান পদক্ষেপও নেই।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা ৬০টি, কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে এ ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগী ভর্তি থাকে। ওয়ার্ডে জায়গা সংকুলান না হওয়ায় শিশুদের মতো সংবেদনশীল রোগীদের হাসপাতালের বারান্দা, চলাচলের রাস্তা ও সিঁড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেখানে দৈনিক গড়ে ৩০০ থেকে ৩৫০ জন শিশু ভর্তি হয়। আউটডোরে চিকিৎসা নিচ্ছে পাঁচ শতাধিক শিশু। এই বিপুল সংখ্যক শিশু রোগীর চিকিৎসার জন্য শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র একজন।

সম্প্রতি সরেজমিনে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক মো. সালাহউদ্দীন হাসপাতালজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোগীদের দেখতে ছুটোছুটি করছেন। শিশু ওয়ার্ড থেকে হাম ও ডেঙ্গু ওয়ার্ডে, সেখান থেকে আবার ডায়রিয়া ওয়ার্ডে। ইনডোরের রোগী দেখা শুরু হয় সকাল থেকে, দুপুর গড়িয়ে গেলেও রোগী দেখা শেষ হচ্ছে না।

অন্যদিকে, বহির্বিভাগেও অসুস্থ শিশু নিয়ে অপেক্ষা করছেন অনেক অভিভাবক। অক্লান্ত পরিশ্রম করেও রোগীর অভিভাবকদের মন জয় করতে পারছেন না এ চিকিৎসক।

২০২২ সালের শেষ জনশুমারি অনুযায়ী, ভোলা জেলায় শূন্য থেকে ১৪ বছর বয়সী মোট শিশুর সংখ্যা ছয় লাখ ৪১ হাজার, যা মোট জনসংখ্যার ৩৩ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা চার লাখ ২৭ হাজার।

তবে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে পাঁচ বছরের নিচে শিশুর সংখ্যা দুই লাখ ২৫ হাজার। এসব শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা ও উপজেলার সাতটি হাসপাতালে মোট আটজন শিশু বিশেষজ্ঞের পদ রয়েছে। এর মধ্যে সদরে জেনারেল হাসপাতালে একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ এবং লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত রয়েছেন। বাকি ছয়টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

উপজেলা পর্যায়ে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অসুস্থ শিশুদের নিয়ে জেলা সদরে ছুটতে হচ্ছে অভিভাবকদের। আর সদর হাসপাতালের একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষে বিপুল সংখ্যক শিশু রোগীর কাঙ্খিত সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

শিশু নিয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি ফারিয়া আক্তার ও ইকবাল হোসেনসহ চার-পাঁচজন অভিভাবক জানান, উপজেলা হাসপাতালে আশানুরূপ চিকিৎসা না পেয়ে জেলা শহরের হাসপাতালে এসেছেন, কিন্তু এখানেও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশুদের সঠিক চিকিৎসা মিলছে না।

হাসপাতালে ভর্তি এক শিশুর মা মরিয়ম বেগমের ভাষ্য, ‘তিন বছর বয়সী অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু হাসপাতালেও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক নাই। বেসরকারিভাবে চিকিৎসা করানোর সামর্থ্যও আমাদের নাই। তাহলে আমরা কই যামু?’

ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু সন্তানকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন কামরুল ইসলাম। তিনি জানান, তার বাড়ির পাশেই তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোলা জেনারেল হাসপাতালে এসেছেন, কিন্তু কোনো শয্যা পাচ্ছেন না। বসার জায়গা পর্যন্ত নেই শিশু ওয়ার্ডে। ভর্তির ২৪ ঘণ্টা পরও চিকিৎসকের দেখাও পাচ্ছেন না। তাই উৎকণ্ঠায় রয়েছেন তিনি।

ভোলা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. সালাহউদ্দিনের বক্তব্য, তার একার পক্ষে এত রোগীর সঠিক চিকিৎসা দেওয়া অসম্ভব। শিশুর অভিভাবকদের সব কথা শোনাও সম্ভব হচ্ছে না। তার পরও সামর্থ্য অনুযায়ী যথাযথ চিকিৎসা দিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।

ডা. সালাহউদ্দিন বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালে শিশুরোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় জেলা সদরে সবসময় রোগীর চাপ বেশি থাকে। রোগীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিকল্প নেই।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান কালের কণ্ঠকে বলেন, চিকিৎসক সংকটের কারণে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা চ্যালেঞ্জ মুখে পড়ছে। শিশু বিভাগের দুইজন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন একজন। স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে শিশুরোগের চিকিৎসক প্রয়োজন।

ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সদর জেনারেল হাসপাতাল ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। বাকি ছয়টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। এতে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা কষ্টকর। শূন্য পদে চিকিৎসক দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


আশুলিয়ায় শ্রমিকদের আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শিল্পাঞ্চল আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় এই ঘটনা ঘটে, যা নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মজুরি বৃদ্ধির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কাঠগড়া এলাকার কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এক পর্যায়ে কারখানাগুলো ছুটি ঘোষণা করার পর পৌনে ১১টার দিকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ার পর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, "পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে।" তিনি আরও বলেন, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কাঠগড়া এলাকার চলমান পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ ও অন্যান্য বাহিনী মোতায়েন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ইয়েমেনে সউদী জোটের হামলায় ৪১ জন নিহতের দাবি করেছে হুথি গোষ্ঠী

হুথি গোষ্ঠী দাবি করেছে যে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ বিভিন্ন স্থানে হামলা চালানো হয়। জোটের ভাষায়, এটি ছিল একটি ‘বিশেষ অভিযান’ বলে উল্লেখ করা হয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র পরিবহণের কার্যক্রম লক্ষ্য করে হামলা করা হয়েছে। পাশাপাশি, রাজধানী সানা, সা'দা এবং তাইজ প্রদেশেও হামলা চালানো হয়েছে।

হুদাইদাহ বন্দরে হামলার পর, হুথিরা জেদ্দাসহ সউদী আরবের লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে, সউদী আকাশসীমাকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে গোষ্ঠীটি। তারা সউদী আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলাসহ আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রেও হামলার হুমকি দিয়েছে।

সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, হুদাইদাহ বন্দরে চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহণে ব্যবহৃত কার্যক্রমের সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

পরে দেওয়া আরেক পোস্টে আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সউদী আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।

এদিকে, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। তবে হামলায় নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে হুথিদের দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%