০৫:৩০ পি.এম
গাজীপুরের "কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের" উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজন করা হয়। ২৫ নভেম্বর বুধবার সকালে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম।
সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; বরং কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি মোঃ জাকির হোসেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, উপস্থিতি ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অভিভাবকদের আহ্বান জানান যে, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি অভিভাবক ও সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষাকে আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। পারস্পরিক মতবিনিময় ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাবেশটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
সমাবেশে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কারিগরি শিক্ষা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন