ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলের স্থানীয়রা হিন্দুদের বাড়িঘরে হামলার খবরকে গুজব বলছেন


নড়াইলের স্থানীয়রা হিন্দুদের বাড়িঘরে হামলার খবরকে গুজব বলছেন

নড়াইল, ২২ নভেম্বর, ২০২৬ : নড়াইলের কালিয়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা গুজব ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

তারা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বাসসকে জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বড়কালিয়া ঘোষপাড়াসহ হিন্দু অধ্যুষিত এলাকায় কোনো ধরনের ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। বরং সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করছেন।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও স্থানীয় বণিক সমিতির সভাপতি অশোক ঘোষ মন্তব্য করেন, ‘আমরা সবাই নিরাপদে আছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়ার বানোয়াট খবর দেখে এবং লোকমুখে গুজব শুনে অবাক হচ্ছি। বাস্তবতাকে পাশ কাটিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’

ঘোষপাড়ার দীর্ঘদিনের বাসিন্দা গোপী ঘোষ ও বিমান ঘোষ তাদের এলাকায় কোনো বাড়িঘরে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি বলে জানান।

কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরূপ ঘোষ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এইরকম খবর দেখামাত্র আশপাশে খোঁজ নিয়ে দেখি ও স্বজনদের সঙ্গে কথা বলি। তবে এখন পর্যন্ত এলাকার কোনো সনাতন ধর্মালম্বী বাসিন্দার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য পাইনি।

এ বিষয়ে বিএনপির কালিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু বাসসকে বলেন, বর্তমান সরকার ও বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মিথ্যা ঘটনা ছড়ানোর মতন ন্যাক্কারজনক কাজ করা হচ্ছে। এখানে আমাদের বিএনপির দুই নেতাকর্মী অন্যায়ের প্রতিরোধ করতে গিয়ে আওয়ামী লীগের কর্মীদের দ্বারা নৃশংসভাবে খুন হন। এরপরও যেন কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে সজাগ আছি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বলেন, ‘ফেসবুকে যা ছড়ানো হয়েছে তা সবই গুজব। নড়াইলকে আমরা নিরাপদ রাখতে চাই। আর সে লক্ষ্যে অবিচল আমরা দুইজন নিষ্ঠাবান সহযোদ্ধাদের হারিয়েও শোক বুকে নিয়ে কাজ করে যাচ্ছি।’

চলতি বছরের সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এলাকার সনাতন ধর্মালম্বীদের বিপুল সমর্থনের কথা স্মরণ করে বলেন, ‘আমরা তাদের সঙ্গে আছি, তারাও আমাদের সঙ্গে আছেন। এআই দিয়ে তৈরি ছবি প্রচার করে বিএনপির ঘাড়ে মিথ্যা দায় চাপানো হচ্ছে। বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে এসব অপপ্রচার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের লোকজন করছে। আমরা সকলে মিলে অন্যায়কে প্রতিহত করবোই। কোনভাবেই এই গর্হিত কাজে তাদের সফল হতে দেবো না।’

বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে কালিয়ায় মিছিল বের করেন।

মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় পৌরসভার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এ সময় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে জখম করা হয়। খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামক দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বেন্দারচর কিংবা কালিয়া উপজেলা সদরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি গুজব বলে উল্লেখ করে তিনি বলেন, এর সঙ্গে এলাকায় বিদ্যমান বাস্তব পরিস্থিতির কোনও মিল নেই।

একইসঙ্গে, তিনি জনসাধারণকে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন খবর জানামাত্র তার সত্যতা যাচাই করে গুজব রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: জামালপুর সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


মানবতাবিরোধী অপরাধ: আমুসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুসহ ছয়জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া, এই মামলার পলাতক আসামি মির্জা আজমের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান।

গত ৫ নভেম্বর এই মামলায় যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়, তাদের মধ্যে রয়েছেন— সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এই সাত আসামি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উঠানে নতুন ধান, ঠাকুরগাঁওয়ে নবান্নের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


উঠানে নতুন ধান, ঠাকুরগাঁওয়ে নবান্নের প্রস্তুতি

ষড়ঋতুর দেশে অগ্রহায়ণ মানে নতুন ধানের সুগন্ধ, কৃষকদের মুখে হাসির ঝিলিক এবং গ্রামবাংলায় উৎসবের আবহ। মাঠজুড়ে আমনের সোনালী শীষ, কৃষকদের ব্যস্ততা এবং ঘরে ঘরে নতুন চালের প্রস্তুতির দৃশ্য দেখা যাচ্ছে।

এই আবহের মধ্য দিয়ে উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁওয়ে নবান্নের আনন্দ উদযাপন শুরু হয়। এই জেলার মানুষের জীবন-জীবিকা, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই নবান্ন এখানে শুধুমাত্র নতুন ফসল ঘরে তোলার উৎসব নয়, বরং হাজারো কৃষক পরিবারের এক বছরের পরিশ্রমের ফল পাওয়ার উপলক্ষও।

এছাড়া, নবান্ন পুরো ঠাকুরগাঁওয়ের স্থানীয় অর্থনীতিকে সচল করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই সময়টির দিকে জেলার সব শ্রেণি-পেশার মানুষ নজর রাখে।

জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে বর্তমানে আমন ধান কাটার মৌসুম চলছে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও আঁটি বাঁধা হচ্ছে; আবার কোথাও মাড়াই ও নতুন ধান বাড়িতে তোলার প্রস্তুতি চলছে। কৃষকদের উঠানে নতুন ধান জমা হতে শুরু করেছে। সেই সঙ্গে তাদের ব্যস্ততা বেড়েছে ধান মাড়াই, শুকানো এবং সংরক্ষণের কাজে।

নতুন চালের ভাত, পিঠা-পুলি, পায়েস এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের প্রস্তুতিও চলছে।

ঠাকুরগাঁওয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। জেলার অধিকাংশ গ্রামীণ পরিবারের প্রত্যক্ষ অথবা পরোক্ষ আয়ের সঙ্গে কৃষিকাজ জড়িত। ধান, গম, ভুট্টা, আলু, বিভিন্ন ধরনের সবজি এবং অন্যান্য ফসল উৎপাদনের মাধ্যমে এখানকার অর্থনীতির চাকা সচল থাকে।

আমন ধান ঘরে উঠলে কৃষকের হাতে নগদ অর্থ আসে। বছরের বিভিন্ন সময়ে নেওয়া ঋণ পরিশোধ করা, পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, সন্তানদের পড়াশোনার খরচ এবং পরবর্তী মৌসুমের চাষাবাদের প্রস্তুতি - সবকিছুর জন্য নতুন ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে প্রায় এক লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ছয় লাখ ৪৪ হাজার ৫৭৪ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান থেকে চাল উৎপাদনের সম্ভাব্য পরিমাণ প্রায় চার লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন হতে পারে।

জেলা সদরের আকচা এলাকার কৃষক সোহেল রানা জানান, তিনি এবার ছয় বিঘা জমিতে আমন আবাদ করেছেন। এখন হাতে টাকা এলেই তিনি পরিবারের জন্য কেনাকাটা করবেন, ঋণ শোধ করবেন এবং পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি নেবেন।

একই এলাকার কৃষক আবু সুফিয়ানের বক্তব্য অনুযায়ী, তার পরিবারে ছয় সদস্য রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সবাই এই আমন কাটার মৌসুমের অপেক্ষায় থাকেন। ধান বিক্রির টাকা থেকে তিনি ইতিমধ্যে সবার জন্য নতুন পোশাক কিনেছেন। বাসায় পিঠা তৈরির কাজ চলছে এবং আত্মীয়-স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও রোড এলাকার কাপড় ব্যবসায়ী রিয়াদ তালুকদার জানান, ‘আমরা আমন ধান কাটার সময়ের জন্য অপেক্ষা করি। এই সময় বেচাকেনা কয়েকগুণ বাড়ে। মন্দার সময়ের ঘাটতি পূরণে এই সময়টা বিশেষ ভূমিকা রাখে।’

এদিকে, চলতি মৌসুমেও ঠাকুরগাঁওয়ে আমনের ভালো ফলনের খবর পাওয়া গেলেও ধানের ন্যায্য দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

স্থানীয় কৃষক তানভীর হাসান বলেন, স্থানীয় বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে নবান্নের উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকের কাছে ফসলের সঠিক বাজারমূল্যের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

নবান্নের দিকগুলো নিয়ে প্রবীণ কৃষক খোরশেদ আলমের সঙ্গে কথা হয়। এ বছর আমনের আবাদ নিয়ে তিনি খুশি। খোরশেদ জানান, নবান্নের আনন্দের একটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রামীণ ঐতিহ্য এবং সামাজিক বন্ধন। নতুন ধান ঘরে উঠলে অনেক পরিবারে প্রস্তুত হয় চিতই পিঠা, ভাপা পিঠা, পায়েসসহ নানা ধরনের খাবার।

তিনি জানান, একসময় নবান্ন উপলক্ষে গ্রামে গ্রামে নানা উৎসব এবং মিলনমেলার আয়োজন হতো। আধুনিকতার প্রভাবে এসব আয়োজন কিছুটা কমলেও নতুন ধান ঘরে তোলার আনন্দ এখনো মানুষের আবেগের সঙ্গে মিশে আছে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মনে করেন, ভালো ফলন হলেই যে কৃষকের মুখে হাসি থাকবে, বাস্তবতা সব সময় এমন নয়। উৎপাদন খরচ, সার-বীজ, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি মেটানোর পর ধানের ন্যায্য দাম পাওয়া কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ফসল ঘরে তোলার পরপরই অনেক কৃষক ঋণ পরিশোধ কিংবা সংসারের প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করেন। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও প্রত্যাশিত আয় থেকে কৃষক বঞ্চিত হন। এ অবস্থায় কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উৎপাদন ব্যবস্থা আধুনিক করা, কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা এবং বাজারজাত করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষি শুধু এ জেলার মানুষের খাদ্যের জোগান দেয় না, বরং দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষির ওপর নির্ভরশীল এ জেলার অর্থনীতি আরো গতিশীল হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে মা ও শিশুপুত্রকে গলাকেটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


নাটোরে মা ও শিশুপুত্রকে গলাকেটে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নাটোরে নিজের মা ও শিশু পূত্রকে হত্যার অভিযোগে শাহ আলম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় তার সহযোগী সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে। অপর অভিযুক্ত মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় প্রদান করেন। আদালতের আদেশে অভিযুক্ত শাহ আলমকে ৫০ হাজার টাকা এবং সোহাগকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন, তবে অপর অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদ মাহমুদ টিটু জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামের শাহ আলম তার মা বিলকিস বেগম ও শিশুপুত্র আলিফকে সম্পত্তি লিখে না দেয়ায় গলাকেটে হত্যা করে। এই ঘটনার সময় তার বাবা শাহাদৎ সরদারকে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে বাবা শাহাদৎ সরদার তার স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে ছেলে শাহ আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শাহ আলম, সোহাগ ও মিন্টুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর ঘটনার ৯ বছর পর বিচারক এই রায় দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


পেনাংয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পাসপোর্ট এবং জরুরি কনস্যুলার সেবা পৌঁছে দিতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন দুই দিনব্যাপী একটি বিশেষ ক্যাম্প আয়োজন করেছে। এই ক্যাম্পটি ২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিবিএল মানি ট্রান্সফার কেন্দ্রে অনুষ্ঠিত হয়, যেখানে পাঁচ শতাধিক বাংলাদেশিকে সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা করে। ক্যাম্পে প্রবাসীদের জন্য ই-পাসপোর্টের আবেদন গ্রহণ এবং প্রস্তুতকৃত পাসপোর্ট বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হয়। এর মধ্যে ভ্রমণ অনুমতিপত্র বা ট্রাভেল পারমিট, পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্র প্রদান অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া, প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের নিয়মাবলি সম্পর্কে হাতে-কলমে পরামর্শ দেওয়া হয়।

পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানে প্রয়োজনীয় পাসপোর্ট ও কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে প্রবাসীদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি, সময় এবং যাতায়াত খরচ সাশ্রয় করা সম্ভব হয়েছে, পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত জরুরি কার্যক্রম সহজে সম্পন্ন করা হয়েছে।

ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়মিত এ ধরনের বিশেষ ক্যাম্প জরুরি কনস্যুলার সেবাকে আরও সহজলভ্য করবে। পাশাপাশি, প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%