০৪:৫৮ পি.এম
নাটোরে নিজের মা ও শিশু পূত্রকে হত্যার অভিযোগে শাহ আলম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। একই মামলায় তার সহযোগী সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে। অপর অভিযুক্ত মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এই রায় প্রদান করেন। আদালতের আদেশে অভিযুক্ত শাহ আলমকে ৫০ হাজার টাকা এবং সোহাগকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন, তবে অপর অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহেদ মাহমুদ টিটু জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলার দস্তনাবাদ গ্রামের শাহ আলম তার মা বিলকিস বেগম ও শিশুপুত্র আলিফকে সম্পত্তি লিখে না দেয়ায় গলাকেটে হত্যা করে। এই ঘটনার সময় তার বাবা শাহাদৎ সরদারকে কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে বাবা শাহাদৎ সরদার তার স্ত্রী ও নাতিকে হত্যার অভিযোগে ছেলে শাহ আলমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ শাহ আলম, সোহাগ ও মিন্টুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর ঘটনার ৯ বছর পর বিচারক এই রায় দেন।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন