০৪:৫৮ পি.এম
ষড়ঋতুর দেশে অগ্রহায়ণ মানে নতুন ধানের সুগন্ধ, কৃষকদের মুখে হাসির ঝিলিক এবং গ্রামবাংলায় উৎসবের আবহ। মাঠজুড়ে আমনের সোনালী শীষ, কৃষকদের ব্যস্ততা এবং ঘরে ঘরে নতুন চালের প্রস্তুতির দৃশ্য দেখা যাচ্ছে।
এই আবহের মধ্য দিয়ে উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁওয়ে নবান্নের আনন্দ উদযাপন শুরু হয়। এই জেলার মানুষের জীবন-জীবিকা, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাই নবান্ন এখানে শুধুমাত্র নতুন ফসল ঘরে তোলার উৎসব নয়, বরং হাজারো কৃষক পরিবারের এক বছরের পরিশ্রমের ফল পাওয়ার উপলক্ষও।
এছাড়া, নবান্ন পুরো ঠাকুরগাঁওয়ের স্থানীয় অর্থনীতিকে সচল করার একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এই সময়টির দিকে জেলার সব শ্রেণি-পেশার মানুষ নজর রাখে।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে বর্তমানে আমন ধান কাটার মৌসুম চলছে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও আঁটি বাঁধা হচ্ছে; আবার কোথাও মাড়াই ও নতুন ধান বাড়িতে তোলার প্রস্তুতি চলছে। কৃষকদের উঠানে নতুন ধান জমা হতে শুরু করেছে। সেই সঙ্গে তাদের ব্যস্ততা বেড়েছে ধান মাড়াই, শুকানো এবং সংরক্ষণের কাজে।
নতুন চালের ভাত, পিঠা-পুলি, পায়েস এবং আত্মীয়-স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের প্রস্তুতিও চলছে।
ঠাকুরগাঁওয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি। জেলার অধিকাংশ গ্রামীণ পরিবারের প্রত্যক্ষ অথবা পরোক্ষ আয়ের সঙ্গে কৃষিকাজ জড়িত। ধান, গম, ভুট্টা, আলু, বিভিন্ন ধরনের সবজি এবং অন্যান্য ফসল উৎপাদনের মাধ্যমে এখানকার অর্থনীতির চাকা সচল থাকে।
আমন ধান ঘরে উঠলে কৃষকের হাতে নগদ অর্থ আসে। বছরের বিভিন্ন সময়ে নেওয়া ঋণ পরিশোধ করা, পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, সন্তানদের পড়াশোনার খরচ এবং পরবর্তী মৌসুমের চাষাবাদের প্রস্তুতি - সবকিছুর জন্য নতুন ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের যুবক মো. আলমকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে প্রায় এক লাখ ৩৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ছয় লাখ ৪৪ হাজার ৫৭৪ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধান থেকে চাল উৎপাদনের সম্ভাব্য পরিমাণ প্রায় চার লাখ ২৯ হাজার ৭১৬ মেট্রিক টন হতে পারে।
জেলা সদরের আকচা এলাকার কৃষক সোহেল রানা জানান, তিনি এবার ছয় বিঘা জমিতে আমন আবাদ করেছেন। এখন হাতে টাকা এলেই তিনি পরিবারের জন্য কেনাকাটা করবেন, ঋণ শোধ করবেন এবং পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি নেবেন।
একই এলাকার কৃষক আবু সুফিয়ানের বক্তব্য অনুযায়ী, তার পরিবারে ছয় সদস্য রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সবাই এই আমন কাটার মৌসুমের অপেক্ষায় থাকেন। ধান বিক্রির টাকা থেকে তিনি ইতিমধ্যে সবার জন্য নতুন পোশাক কিনেছেন। বাসায় পিঠা তৈরির কাজ চলছে এবং আত্মীয়-স্বজনদেরও দাওয়াত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ
ঠাকুরগাঁও রোড এলাকার কাপড় ব্যবসায়ী রিয়াদ তালুকদার জানান, ‘আমরা আমন ধান কাটার সময়ের জন্য অপেক্ষা করি। এই সময় বেচাকেনা কয়েকগুণ বাড়ে। মন্দার সময়ের ঘাটতি পূরণে এই সময়টা বিশেষ ভূমিকা রাখে।’
এদিকে, চলতি মৌসুমেও ঠাকুরগাঁওয়ে আমনের ভালো ফলনের খবর পাওয়া গেলেও ধানের ন্যায্য দাম নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।
স্থানীয় কৃষক তানভীর হাসান বলেন, স্থানীয় বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফলে নবান্নের উৎসবের আনন্দের পাশাপাশি কৃষকের কাছে ফসলের সঠিক বাজারমূল্যের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নবান্নের দিকগুলো নিয়ে প্রবীণ কৃষক খোরশেদ আলমের সঙ্গে কথা হয়। এ বছর আমনের আবাদ নিয়ে তিনি খুশি। খোরশেদ জানান, নবান্নের আনন্দের একটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রামীণ ঐতিহ্য এবং সামাজিক বন্ধন। নতুন ধান ঘরে উঠলে অনেক পরিবারে প্রস্তুত হয় চিতই পিঠা, ভাপা পিঠা, পায়েসসহ নানা ধরনের খাবার।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড
তিনি জানান, একসময় নবান্ন উপলক্ষে গ্রামে গ্রামে নানা উৎসব এবং মিলনমেলার আয়োজন হতো। আধুনিকতার প্রভাবে এসব আয়োজন কিছুটা কমলেও নতুন ধান ঘরে তোলার আনন্দ এখনো মানুষের আবেগের সঙ্গে মিশে আছে।
সুশাসনের জন্য নাগরিক সুজনের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মনে করেন, ভালো ফলন হলেই যে কৃষকের মুখে হাসি থাকবে, বাস্তবতা সব সময় এমন নয়। উৎপাদন খরচ, সার-বীজ, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি মেটানোর পর ধানের ন্যায্য দাম পাওয়া কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ফসল ঘরে তোলার পরপরই অনেক কৃষক ঋণ পরিশোধ কিংবা সংসারের প্রয়োজন মেটাতে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করেন। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও প্রত্যাশিত আয় থেকে কৃষক বঞ্চিত হন। এ অবস্থায় কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করতে উৎপাদন ব্যবস্থা আধুনিক করা, কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা এবং বাজারজাত করার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষি শুধু এ জেলার মানুষের খাদ্যের জোগান দেয় না, বরং দেশের খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষির ওপর নির্ভরশীল এ জেলার অর্থনীতি আরো গতিশীল হবে।
আরও পড়ুন: জামালপুর সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন