শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫২ এম
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩। আজকের আরটিভির আয়োজন সম্পর্কে একনজরে জানুন—
সকাল ৯টায় প্রচারিত হবে টকশো ‘আজ পত্রিকায়’।
সকাল ৯টা ৪৫ মিনিটে দেখা যাবে ‘সকালের সংবাদ’।
সকাল ১১টা ০২ মিনিটে সম্প্রচারিত হবে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’।
দুপুর ১২টা ১০ মিনিটে আসছে ‘চায়না আওয়ার’।
দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম কী বুঝিনি’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন শুভশ্রী, ওম প্রমুখ।
সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’ দেখানো হবে।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ সম্প্রচারিত হবে।
রাত ৮টায় নির্বাচিত একক নাটক ‘পুস্প শুনছো?’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ।
রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’ দেখানো হবে। এর রচনা করেছেন এথেম ওজিস্ক এবং পরিচালনা করেছেন চাগরি ভিলা লোস্ত্তভালি ও ওসমান তাসি।
রাত ১০টায় প্রচারিত হবে শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। এর রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন সাব্বির অর্নব, সালহা, নাবিলা বিনতে ইসলাম, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।
রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘রাতের সংবাদ’।
রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’ দেখা যাবে।
রাত ১২টায় সম্প্রচারিত হবে ‘নিউজ টপ টেন’।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশালে এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসভবনের নিচে থাকা গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পাকিস্তানের লাহোর বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৩৬৮। অপরদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় ১৫তম স্থানে রয়েছে। শুক্রবার সকালে ঢাকার বায়ুমান সূচক ছিল ১১২, যা সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই চিত্র দেখা যায়।
আইকিউএয়ারের তালিকায় বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি অবস্থান করছে, যার একিউআই স্কোর ২৫৪। তৃতীয় স্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল রয়েছে, যার স্কোর ১৯৫। চতুর্থ স্থানে মিশরের রাজধানী কায়রোর স্কোর ১৮৭। পঞ্চম স্থানে বাগদাদের স্কোর ১৮১।
ষষ্ঠ স্থানে মানামা রয়েছে, যার স্কোর ১৬৭। সপ্তম স্থানে দোহা, স্কোর ১৬৫। অষ্টম স্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৪৩। নবম স্থানে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৪০। দশম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১২৮।
এছাড়া ১১তম স্থানে কাজাখস্তানের আলমাটি (১২৫), ১২তম স্থানে চীনের চেংদু (১২৪), ১৩তম স্থানে পাকিস্তানের করাচি (১২২) এবং ১৪তম স্থানে সউদী আরবের রিয়াদ (১১৭) রয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য ও দূষণের মাত্রা প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বায়ুর নির্দেশক।
এই হিসাবে, শুক্রবার সকালে ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। অন্যদিকে, লাহোরের বায়ুর মান ছিল দুর্যোগপূর্ণ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের জাতীয় সাইবার পরিচালকের পদে নিয়োগ পেয়েছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। তিনি শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
শন কেয়ার্নক্রসের পদ ছাড়ার খবর প্রকাশিত হওয়ার পরপরই ডেভিসের নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে ডেভিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী স্টিফেন মিলারকে আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নেতৃত্বের প্রশংসাও করেন।
ডেভিস মন্তব্য করেন, ‘আগামী প্রজন্মের পর প্রজন্ম সাইবার জগতে আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ আমাদের সামনে রয়েছে। তবে সে লক্ষ্য অর্জন করতে হলে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়ন এবং সাইবার নিরাপত্তা ও যেকোনো বিপর্যয় মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলোর ভিত্তি আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় কার্স্টেন ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
এর আগে জাতীয় সাইবার পরিচালকের পদ ছাড়ার খবর সামনে আসে শন কেয়ার্নক্রসের। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল, ব্যাংকিং ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত বিপর্যয়ের প্রেক্ষাপটে তাঁর বিদায়ের খবর প্রকাশিত হয়। এরপরই তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ডেভিসের নাম ঘোষণা করা হয়। তথ্যসূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জন্মদিন সাধারণত ব্যক্তিগত একটি মাইলফলক হলেও, জাতীয় নেতাদের ক্ষেত্রে এটি দেশের গতিপথ এবং নেতৃত্বের দায়বদ্ধতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ নভেম্বরের জন্মদিনের প্রেক্ষাপটে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতিগুলি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে দেশবাসীর প্রত্যাশা নতুন করে আলোচনায় উঠে এসেছে।
তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বের আসনে আসা একটি দীর্ঘ ও কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথপরিক্রমার ফল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন এবং ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে দল গঠন, জাতীয় নির্বাচনী প্রচারণা, কারাবরণ এবং লন্ডনে প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন, সব মিলিয়ে তাঁর রাজনৈতিক জীবন নানা চড়াই-উতরাই পেরিয়ে এসেছে।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটে। এর মাত্র পাঁচ দিন পর, মায়ের মৃত্যুর শোক সামলে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং ব্যক্তিগত প্রতিকূলতা তাঁর পথচলাকে গড়ে দিলেও, ১৮ কোটি মানুষের এই দেশ পরিচালনার দায়িত্ব ভিন্ন এক রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার দাবি রাখে। বর্তমান প্রশাসনের সামনে মূল প্রশ্ন হলো, তিনি কীভাবে সর্বোচ্চ পদে পৌঁছেছেন; বরং গণতান্ত্রিক সুশাসন, অর্থনৈতিক পুনরুদ্ধার, জনকল্যাণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে অর্পিত এই ক্ষমতা তিনি কীভাবে প্রয়োগ করবেন, সেটিই এখন মুখ্য।
রাজনৈতিক উত্তরাধিকার থেকে স্বতন্ত্র কীর্তির পথে
তারেক রহমানের রাজনৈতিক পরিচয় দীর্ঘকাল ধরে তাঁর বাবা-মায়ের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তাঁর পিতা জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। অন্যদিকে, তাঁর মাতা বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতেই ছিলেন, জনপ্রিয়তায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে আনুষ্ঠানিক রাজনীতি শুরু করার পর, তারেক রহমান দলের সাংগঠনিক ভিত্তি বিস্তারে কাজ করেন এবং ১৯৯১ ও ২০০১ সালের সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তবে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর রাজনৈতিক জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ২০০৭ সালের মার্চে গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দী হন এবং সেখানে নির্মম ও নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। মেরুদণ্ডের গুরুতর আঘাতের চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে তিনি লন্ডনে যান এবং দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাসে থেকেই দলের কৌশল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। এসময় বারবার ষ্টো করেও দেশে ফিরতে পারেননি। গণমাধ্যমে তাঁর বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়।
২০২৫ সালের ডিসেম্বরে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে এবং এর কয়েক দিন পর বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের নেতৃত্বের পূর্ণ ভার তাঁর কাঁধে এসে পড়ে। তবে কেবল রাজনৈতিক উত্তরাধিকার কোনো নেতাকে ইতিহাসে অমরত্ব দিতে পারে না। তারেক রহমানের স্থায়ী কীর্তি নির্ভর করবে তাঁর প্রশাসনের গুণগত মান, নীতিনির্ধারণী সিদ্ধান্তের স্বচ্ছতা এবং দল-মত নির্বিশেষে সব নাগরিকের সেবায় শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকারের ওপর।
প্রথম নয় মাসের মূল্যায়ন: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নভেম্বর নাগাদ প্রশাসনের প্রায় নয় মাস পূর্ণ হচ্ছে। এই সময়ে সংসদ সচল হওয়া, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার অনুভূতি তৈরি হওয়া এবং প্রধানমন্ত্রীর তুলনামূলক সংযত ও অনাড়ম্বর জনসম্পৃক্ততার মতো ইতিবাচক দিকগুলো নজরে এসেছে। প্রথম ১০০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত কিছু উদ্যোগও দৃশ্যমান হয়েছে।
তবে প্রথম নয় মাসের অভিজ্ঞতায় প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে কিছুটা ব্যবধানও রয়েছে। মূল্যস্ফীতির চাপ, কর্মসংস্থানের ধীরগতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় এখনও দুশ্চিন্তার কারণ হয়ে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেভাবে নাশকতা ও মানুষ হত্যায় মত্ত হয়ে উঠেছে, তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার ও বিরোধী দলের ভূমিকা
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার ও শক্তিশালী করাই বর্তমান সরকারের প্রতি জনগণের প্রধান প্রত্যাশা। ‘সবার আগে বাংলাদেশ’ (বাংলাদেশ ফার্স্ট) মূলমন্ত্রকে সামনে রেখে গত ৬ ফেব্রুয়ারি তারেক রহমান বিএনপির যে ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, তাতে পাঁচটি বৃহৎ খাতে ৫১টি অঙ্গীকার তুলে ধরা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন, আইনের শাসন, জবাবদিহিতা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন- এই নয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই সংস্কার কর্মসূচির কেন্দ্রে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং সুদূরপ্রসারী সাংবিধানিক ও নির্বাচনী পরিবর্তন। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার প্রস্তাব অন্যতম। নির্বাহী ক্ষমতার অতি-কেন্দ্রীকরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন হওয়া নিয়ে দীর্ঘদিনের জন-উদ্বেগের প্রেক্ষাপটে এই প্রতিশ্রুতিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এগুলো বাস্তবায়নে কেবল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বদলীয় সংলাপ, স্বচ্ছ প্রক্রিয়া এবং সাংবিধানিক রক্ষাকবচগুলোর সমান প্রয়োগ। লাগবে বিরোধী দলের সহযোগিতা।
দুর্নীতি দমন ও জনআস্থা পুনরুদ্ধার
সর্বগ্রাসী দুর্নীতি দেশের উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। এটি ব্যবসার খরচ বাড়ায়, বিনিয়োগকে নিরুৎসাহিত করে, সরকারি সংস্থাগুলোকে দুর্বল করে এবং নাগরিকদের মৌলিক সেবা থেকে বঞ্চিত করে। ইশতেহার ঘোষণার সময় তারেক রহমান দুর্নীতি নির্মূল, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক জবাবদিহিতাকে জাতীয় অগ্রগতির পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেছেন।
দুর্নীতিবিরোধী পদক্ষেপকে বিশ্বাসযোগ্য করতে হলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি সরকারি ক্রয়, অবকাঠামো প্রকল্প, সরকারি নিয়োগ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছ তদারকি প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে রাজনৈতিক তদবির বা ঘুষ ছাড়াই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নাগরিক সনদ পেতে পারেন, সে জন্য দৈনন্দিন সেবাদান ব্যবস্থার সংস্কার অপরিহার্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কড়া নির্দেশনা দিয়েছেন।
অর্থনৈতিক স্বস্তি, ব্যাংকিং খাত ও সামাজিক সুরক্ষা
সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্যের প্রধান মাপকাঠি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা—বিশেষত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মজুরি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। তৈরি পোশাক খাতের ওপর অতি-নির্ভরতা কমাতে বিএনপির ইশতেহারে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সহায়তা, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সম্প্রসারণ, ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের প্রসার এবং ওষুধ, কৃষি-প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতে রপ্তানি বৈচিত্র্য আনার ওপর জোর দেওয়া হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ ধরে রাখতে হলে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার এখন অন্যতম প্রধান অগ্রাধিকার। খেলাপি ঋণের চাপ, মূলধন ঘাটতি এবং সুশাসনের ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করা, রাষ্ট্রীয় ও দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগগুলোকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। আর্থিক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরলে তবেই ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে।
সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সরকার সুনির্দিষ্ট সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই প্রশাসন নিম্নআয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষক, মৎস্যচাষি ও খামারিদের ভর্তুকি, স্বল্পসুদে ঋণ, শস্যবীমা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে। এ ছাড়া ধর্মীয় নেতাদের সম্মানী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলোকে টেকসই ও কার্যকর রাখতে হলে স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছ ও তথ্যভিত্তিক উপায়ে প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে হবে, যাতে এগুলো কর্মসংস্থানের বিকল্প না হয়ে মানুষের স্বাবলম্বী হওয়ার সোপান হিসেবে কাজ করে।
মানবসম্পদ উন্নয়ন, জলবায়ু ও পররাষ্ট্রনীতি
দীর্ঘমেয়াদি সমৃদ্ধির জন্য দেশের তরুণ প্রজন্মের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ অত্যন্ত জরুরি। ইশতেহারে ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষা সংস্কার, শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার, স্কুল মিল কর্মসূচি এবং নারী শিক্ষার প্রসারের পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা পর্যায়ে মাতৃ, শিশু ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তরুণদের ডিজিটাল সাক্ষরতা, কারিগরি প্রশিক্ষণ এবং জাতীয় নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তার জনমিতিক লভ্যাংশ পুরোপুরি কাজে লাগাতে পারবে।
গ্রামীণ জীবনজীবিকা ও খাদ্য নিরাপত্তা পরিবেশ সুরক্ষা এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সেচ, নিষ্কাশন ও পানি সংরক্ষণের লক্ষ্যে ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের যে অঙ্গীকার সরকার করেছে, প্রাথমিক মাসগুলোতেই তার কাজ শুরু হয়েছে। তবে বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং নদীভাঙনের মতো জলবায়ু ঝুঁকি মোকাবিলায় খনন কাজের পাশাপাশি বৈজ্ঞানিক পরিকল্পনা, কঠোরভাবে নদী দখল রোধ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক মেরুকরণ কাটিয়ে উঠতে সমান নাগরিক অধিকারের চর্চা অপরিহার্য। রাজনৈতিক প্রভাব নির্বিশেষে ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও প্রান্তিক জনগণের পূর্ণ নিরাপত্তা, মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইভাবে ইশতেহারে প্রস্তাবিত ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’কে সম্পূর্ণ স্বাধীনভাবে ও যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কাজ করতে হবে, যাতে প্রতিহিংসার চক্র চিরতরে বন্ধ করা যায়।
আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সাফল্য নির্ভর করবে জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বাস্তববাদী ও গঠনমূলক কূটনীতি পরিচালনার ওপর। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক পরাশক্তি, জাতিসংঘ, জলবায়ু ফোরাম এবং প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় শ্রমবাজার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক সম্পর্কই সরকারের পররাষ্ট্রনীতির সাফল্য নির্ধারণ করবে।
কাজের মাধ্যমেই অর্জিত হবে উত্তরাধিকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর প্রশাসনের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা দলীয় গণ্ডি ছাড়িয়ে সমগ্র জাতির প্রত্যাশায় রূপ নিয়েছে। নাগরিকরা এমন একটি রাষ্ট্র চান, যেখানে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিমূলক হবে, ন্যায়বিচার সবার জন্য সমান হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক এবং ভিন্নমতকে শ্রদ্ধা জানানো হবে। দিনশেষে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের অবস্থান নির্ধারিত হবে তাঁর অতীতের সংগ্রাম বা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়; বরং দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনমান ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁর সরকার কতটা বাস্তবসম্মত পরিবর্তন আনতে পারল, তার ওপরই।
আমরা আশাবাদী। পালিয়ে যাওয়া সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তপ থেকে তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরিয়ে এনে চাঙা করার নানান উদ্যোগ নিয়েছেন। অর্থনীতিকে খাদের কিনারা থেকে সমৃদ্ধির সরণিতে ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রেখেছেন। গণমাধ্যম অতীতের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বাকস্বাধীনতা অবারিত। এটি অব্যাহত রাখতে হবে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ