ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী রাস উৎসব


সুন্দরবনের দুবলার চরে শুরু হলো তিন দিনব্যাপী রাস উৎসব

বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পূর্ণার্থীদের দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু হয়। পরে দুপুরের পর দুবলার চরের আলোরকোলে অস্থায়ী মন্দিরে রাস পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের লোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসব।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

তবে এবারের রাস উৎসবের সঙ্গে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষ এবং পর্যটকদের দুবলার চরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূজা ও পূণ্যস্নান শেষে পূর্ণার্থীদের নির্ধারিত পথেই ফিরে আসতে হবে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, নির্ধারিত রাজস্ব জমা, জাতীয় পরিচয়পত্র প্রদান এবং বনবিভাগের অনুমতিপত্র বা পাস সংগ্রহের মাধ্যমে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পূর্ণার্থীদের যাত্রার অনুমতি দেওয়া হয়েছে। বনবিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করে তাদের দুবলার চরে নেওয়া হচ্ছে এবং একই পথে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জ্যের দূষণ নিয়ন্ত্রণে এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

উৎসবকে কেন্দ্র করে বনবিভাগের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

বনবিভাগের অনুমোদিত পাঁচটি নৌপথের মধ্যে রয়েছে বুড়িগোয়ালিনী ও কোবাদক হয়ে হংসরাজ নদী, কয়রা ও কাশিয়াবাদ হয়ে শিবসা ও মরজাত নদী, নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদী, চাঁদপাই ও ঢাংমারী স্টেশন হয়ে পশুর নদী এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী ও শেলার চর হয়ে সুন্দরবনের বাইরের পথ।

ইতিহাস থেকে জানা যায়, ১৮ শতকের শেষভাগ কিংবা ১৯ শতকের শুরুর দিকে হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী দুবলার চরে রাস পূজার সূচনা করেন। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে এটি পালিত হয়ে আসছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও বিশ্বাসের মেলবন্ধনে প্রতিবছরই এই রাস উৎসব ঘিরে সুন্দরবনের দুবলার চর হয়ে ওঠে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশেষ তীর্থস্থান। সূত্র: বাসস

আরও পড়ুন: ঢাকা ত্যাগ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইসলামাবাদের উদ্দেশে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হলো

৭ নভেম্বর ১৯৭৫ সাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি পূর্ববর্তী ঘটনাবলীর সঙ্গে এক মেলবন্ধন হিসেবে কাজ করে। দুটি বিপরীত রাজনৈতিক সমীকরণের মধ্যে একটি ঐতিহাসিক মোহনা সৃষ্টি হয়। স্বাধীনতা অর্জনের তুলনায় স্বাধীনতা রক্ষা করা অধিক কঠিন; শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্ব ইতিহাসে এই কঠিন রাজনৈতিক পরীক্ষার একটি অবিস্মরণীয় মুহূর্ত হলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর।

পঁচাত্তরের ৭ নভেম্বর বাংলাদেশের নিপীড়িত, বঞ্চিত ও শোষিত জনগণের শৃঙ্খলমুক্তির একটি অধ্যায় ছিল; যা এতদিন পর্যন্ত বাকশালের নাগপাশে বন্দি ছিল।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় যে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলেও ৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কারণ ৭২-৭৫ সালের মধ্যে জনগণ মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা থেকেও বঞ্চিত ছিল।

স্বাধীন দেশে আওয়ামী লীগ এমন এক দুঃশাসন কায়েম করেছিল, যার ফলে দুর্ভিক্ষ, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, শিক্ষাঙ্গণে অরাজকতা, কালোবাজারি, মুনাফাখোরি, মজুতদারি, চোরাকারবারি এবং সবশেষে বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেয়।

সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির ওপর ৭ নভেম্বর দাঁড়িয়ে যায় জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান। সিপাহি-জনতা কাঁধে কাঁধ রেখে দেশের ও নিজেদের প্রয়োজনে জিয়াউর রহমানকে কারাগারের অন্ধকার জিঞ্জির ভেঙে বের করে নিয়ে আসে আলোয়।

আওয়ামী লীগ-বিএনপি সম্পর্ক বিশেষত জিয়াউর রহমানের প্রতি যে বিরূপ মনোভাব রয়েছে, তার প্রধান কারণ হলো শেখ মুজিবের পলায়নপর মনোবৃত্তি এবং নেতাদের ব্যর্থতার কারণে ১৯৭১ সালেই আওয়ামী লীগের হাত থেকে রাজনৈতিক ট্রফি জিয়াউর রহমানের হাতে চলে যায়।

৭ নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান হয়ে ওঠেন দেশের মুকুটহীন সম্রাট; যা তাকে পরবর্তীতে রাজনৈতিক ময়দানে অপ্রতিদ্বন্দ্বী এক মহান নেতায় পরিণত করে। অসীম সাহস, প্রগাঢ় দেশপ্রেম, দূরদৃষ্টি, ন্যায়বান ও সত্যনিষ্ঠায় জিয়াউর রহমান হয়ে ওঠেন সময়ের বরপুত্র।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সত্যিই সময়ের বরপুত্র হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি সময়কে কর্মের অধীন করে কালপ্রবাহকে ধাবিত করেছেন অনাধিকালের স্বার্থকতার এক যৌক্তিক মোহনায়।

স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত মুক্তির প্রয়োজনে জিয়াউর রহমান এমন একজন আলোচিত ব্যক্তি হয়ে উঠেন, যার মতো অন্য কোনো রাজনৈতিক নেতার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তিনি তার দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা ও দৃঢ়তা দিয়ে দেশকে নিশ্চিত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করেন।

আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা যখন জিয়াউর রহমানের নাম স্মরণ করেন, তখন তাদের হাজার ব্যর্থতার ঘটনাগুলি তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে এবং কোটি মানুষের ভালোবাসার সফল সারথি জিয়াউর রহমান তাদের কাছে হয়ে যান অগ্রহণযোগ্য। তাদের বক্তব্য হয়ে যায় অরাজনৈতিক, অসংলগ্ন, পরশ্রীকাতর ও হিংসাত্মক। হাসিনার জিদ যায় পারদের ব্যরোমিটারের শেষ অঙ্কে।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি হৃদয়ের সবটুকু ভালোবাসা সঞ্চিত করে স্যালুট ও অভিনন্দন জানাই স্বাধীনতার মহান ঘোষক লোকান্তরিত মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে; যিনি জীবন ঝুঁকি নিয়ে সশরীরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশিদের একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন ও স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের অভিযাত্রার সূচনা করেছেন। পৃথিবীর ইতিহাসে বিশ্বের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, স্বাধিকার রক্ষার আন্দোলনকারী ও প্রকৃত দেশপ্রেমের পূজারিদের কাছে আমার নেতা জিয়াউর রহমান আইকন হয়ে থাকবেন।

লেখক : সংসদ সদস্য; সাবেক সভাপতি- জাতীয়তাবাদী ছাত্রদল; সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কেন্দ্রীয় নেতা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার (২৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে সুইডেন আসলাম দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইমিগ্রেশনে প্রবেশ করার পর তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানাচ্ছে, আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিবিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ডুবল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


লিবিয়ার বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ডুবল

লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।

২২ নভেম্বর রবিবার ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এ হামলা সংঘটিত হয়। বন্দরের অবস্থান একটি নৌঘাঁটির নিকটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে লিবীয় এবং রুশ নাগরিক রয়েছে বলে জানা যায়।

সূত্রগুলো দাবি করছে, হামলার সময় জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হামলার সময় তিনটি ড্রোন জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানতে দেখা যায়।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটর জানায়, হামলার শিকার জাহাজটি রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’।

রবিবারের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধুমাত্র সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের উপরিভাগের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পাশাপাশি বন্দরের জেটিতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ধ্বংসাবশেষ।

এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলীয় সরকারের সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে ভিড়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে রবিবার রাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে কয়েকটি সামুদ্রিক ড্রোন জাহাজটিতে হামলা চালানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’ হিসেবে অভিহিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে কিসমিসকে ‘ঝিঁঝিঁ পোকা’ ও হরীতকীকে ‘ওল্ড পাওয়ার’ হিসেবে অভিহিত

ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। চারপাশে নীরবতা বিরাজ করছে, অধিকাংশ মানুষ গভীর ঘুমে আছেন। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ‘হু হা’ শব্দ ভেসে আসে। ওই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে শিক্ষক-শিক্ষার্থীরা ঘুম থেকে বেরিয়ে আসেন। তবে তাদের গন্তব্য ক্লাস বা কোনো জরুরি কাজ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।

সেখানে সবাই একত্রিত হলেই শুরু হয় দৌড়। বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ে আবার ফিরে আসেন তারা। এরপর চলে ব্যায়াম, যোগব্যায়াম ও আত্মরক্ষার অনুশীলন। এর মাঝে যোগ হয় হাসি-কান্নার ব্যায়াম, গান এবং নানা মজার আয়োজন। কিন্তু এখানেই শেষ নয়, শরীরচর্চার পর্ব শেষ হলে তাদের জন্য অপেক্ষা করে আরও কিছু ভিন্নধর্মী কার্যক্রম।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক সংগঠন ‘কালমেঘ’-এর কথা বলছি। সংগঠনটির নামকরণ করা হয়েছে একটি ঔষধি গাছের নাম থেকে। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকতের উদ্যোগে এর যাত্রা শুরু হয়। প্রথম দিকে তিনি একাই ভোরে উঠে হাঁটতেন এবং দৌড়াতেন। পরে ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বর্তমানে সাবেক ও বর্তমান সদস্য মিলিয়ে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৫০০ জন।

প্রতিদিনের এই আয়োজন শুরু হয় ভোরে সবাই একত্র হওয়ার মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ান সদস্যরা। দৌড় শেষে বিভিন্ন স্থানে চলে শরীরচর্চা। ব্যায়াম ও যোগব্যায়ামের পাশাপাশি অনুশীলন করা হয় মার্শাল আর্ট ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল। এর মধ্যে রয়েছে ‘হাসি-কান্নার ব্যায়াম’। সদস্যদের বিশ্বাস, এ ধরনের অনুশীলন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সহায়তা করে।

শরীরচর্চার শেষ পর্যায়ে সবাই মিলে দেশের গান গেয়ে আনুষ্ঠানিকভাবে ব্যায়ামের পর্ব শেষ করেন। এরপর সকালের নাস্তা প্রস্তুতির কাজ শুরু হয়। একদল সদস্য ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুত করেন, অন্য দল ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন নানা ধরনের গাছের পাতা ও লতাপাতা।

নাস্তার তালিকায় থাকে আমলকী, হরীতকী, থানকুনি, আমপাতা, বটপাতা, তেঁতুলপাতা, তুলসীপাতা ও কালমেঘের পাতাসহ বিভিন্ন ফল ও পাতা। পাশাপাশি থাকে ছোলা, বাদাম, খেজুর, কিসমিস ও কালোজিরা। এসব খাবারের রয়েছে সংগঠনের নিজস্ব কিছু নাম। যেমন কিসমিসকে বলা হয় ‘ঝিঁঝিঁ পোকা’ আর হরীতকীকে বলা হয় ‘ওল্ড পাওয়ার’। প্রতিষ্ঠার শুরু থেকেই এসব খাবারের আয়োজন ও দেখভাল করছেন প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত।

শুধু প্রতিদিনের শরীরচর্চা নয়, শুক্রবারে সংগঠনের সদস্যরা সাপ্তাহিক পদযাত্রার আয়োজন করেন। এ সময় ত্রিশালের বিভিন্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পান তারা।

কালমেঘের সদস্যদের মতে, নিয়মিত ভোরে ঘুম থেকে ওঠা এবং শরীরচর্চার অভ্যাস তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।

কালমেঘের সেক্টর কমান্ডার মোস্তাফা কামাল বলেন, ‘২০১২ সাল থেকে কালমেঘ শরীরচর্চাবিষয়ক সংগঠন হিসেবে কাজ করছে। প্রতিদিন ভোরে নজরুল ভাস্কর্যের সামনে একত্র হয়ে ‘সুজালো’ ধ্বনির মাধ্যমে কার্যক্রম শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ে বিভিন্ন ব্যায়াম করি। পরে নতুন ভবনের সামনে যোগব্যায়াম, মার্শাল আর্ট ও ‘হাসি-কান্নার ব্যায়াম’ অনুশীলন করি। সবশেষে দেশের গান গেয়ে ব্যায়াম শেষ করি। এরপর সবাই মিলে ফল, পাতা ও অন্যান্য খাবার খাই, যার আয়োজন দেখভাল করেন দ্রাবিড় সৈকত স্যার। প্রতি শুক্রবার সাপ্তাহিক পদযাত্রার মাধ্যমে ত্রিশালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি।’

কালমেঘের নারী সদস্য নাবিলা বলেন, ‘আমিও আগে কখনও মর্নিং পারসন ছিলাম না। কালমেঘে আসার পর সকালে ঘুম থেকে ওঠার ভালো অভ্যাস তৈরি হয়েছে। সকালে উঠলে এমনিতেই দিনটা অনেক ভালো যায়। আমরা যেসব ব্যায়াম ও যোগব্যায়াম করি, সেগুলো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি মনে করি, প্রত্যেক মানুষেরই সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা উচিত। এতে মন ও শরীর দুটোই সুস্থ থাকে।’

কালমেঘের প্রতিষ্ঠাতা ও চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত বলেন, ‘একজন শিক্ষক হিসেবে দেখি, অনেক শিক্ষার্থী রাতে দেরি করে ঘুমায়, হতাশায় ভোগে এবং অনিয়মিত জীবনযাপন করে। সকালে ঘুম থেকে উঠে ভোরের আলো ও নির্মল বাতাসে কিছু সময় কাটালে মন প্রফুল্ল থাকে। এরপর ব্যায়াম করলে শরীরে ডোপামিন নিঃসরণ হয়, যা সারাদিন ভালো অনুভূতি নিয়ে কাজ করতে সহায়তা করে। আমি সবাইকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিই। কারণ, এই অভ্যাস জীবনকে নিয়মের মধ্যে আনার পাশাপাশি দিনের সময়কে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%