প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
৭ নভেম্বর ১৯৭৫ সাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। এটি পূর্ববর্তী ঘটনাবলীর সঙ্গে এক মেলবন্ধন হিসেবে কাজ করে। দুটি বিপরীত রাজনৈতিক সমীকরণের মধ্যে একটি ঐতিহাসিক মোহনা সৃষ্টি হয়। স্বাধীনতা অর্জনের তুলনায় স্বাধীনতা রক্ষা করা অধিক কঠিন; শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্ব ইতিহাসে এই কঠিন রাজনৈতিক পরীক্ষার একটি অবিস্মরণীয় মুহূর্ত হলো ১৯৭৫ সালের ৭ নভেম্বর।
পঁচাত্তরের ৭ নভেম্বর বাংলাদেশের নিপীড়িত, বঞ্চিত ও শোষিত জনগণের শৃঙ্খলমুক্তির একটি অধ্যায় ছিল; যা এতদিন পর্যন্ত বাকশালের নাগপাশে বন্দি ছিল।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় যে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করলেও ৭৫ সালের ৭ নভেম্বর পর্যন্ত দেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। কারণ ৭২-৭৫ সালের মধ্যে জনগণ মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা থেকেও বঞ্চিত ছিল।
স্বাধীন দেশে আওয়ামী লীগ এমন এক দুঃশাসন কায়েম করেছিল, যার ফলে দুর্ভিক্ষ, চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, শিক্ষাঙ্গণে অরাজকতা, কালোবাজারি, মুনাফাখোরি, মজুতদারি, চোরাকারবারি এবং সবশেষে বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকারকে হরণ করে নেয়।
সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির ওপর ৭ নভেম্বর দাঁড়িয়ে যায় জনগণের আকাঙ্ক্ষিত স্বপ্নের সোপান। সিপাহি-জনতা কাঁধে কাঁধ রেখে দেশের ও নিজেদের প্রয়োজনে জিয়াউর রহমানকে কারাগারের অন্ধকার জিঞ্জির ভেঙে বের করে নিয়ে আসে আলোয়।
আওয়ামী লীগ-বিএনপি সম্পর্ক বিশেষত জিয়াউর রহমানের প্রতি যে বিরূপ মনোভাব রয়েছে, তার প্রধান কারণ হলো শেখ মুজিবের পলায়নপর মনোবৃত্তি এবং নেতাদের ব্যর্থতার কারণে ১৯৭১ সালেই আওয়ামী লীগের হাত থেকে রাজনৈতিক ট্রফি জিয়াউর রহমানের হাতে চলে যায়।
৭ নভেম্বর কারাগারের বন্দিদশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান হয়ে ওঠেন দেশের মুকুটহীন সম্রাট; যা তাকে পরবর্তীতে রাজনৈতিক ময়দানে অপ্রতিদ্বন্দ্বী এক মহান নেতায় পরিণত করে। অসীম সাহস, প্রগাঢ় দেশপ্রেম, দূরদৃষ্টি, ন্যায়বান ও সত্যনিষ্ঠায় জিয়াউর রহমান হয়ে ওঠেন সময়ের বরপুত্র।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সত্যিই সময়ের বরপুত্র হয়ে উঠেছিলেন, কিন্তু তিনি সময়কে কর্মের অধীন করে কালপ্রবাহকে ধাবিত করেছেন অনাধিকালের স্বার্থকতার এক যৌক্তিক মোহনায়।
স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত মুক্তির প্রয়োজনে জিয়াউর রহমান এমন একজন আলোচিত ব্যক্তি হয়ে উঠেন, যার মতো অন্য কোনো রাজনৈতিক নেতার মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর। তিনি তার দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা ও দৃঢ়তা দিয়ে দেশকে নিশ্চিত ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করেন।
আওয়ামী লীগ বিশেষ করে শেখ হাসিনা যখন জিয়াউর রহমানের নাম স্মরণ করেন, তখন তাদের হাজার ব্যর্থতার ঘটনাগুলি তাদের কাছে অসহনীয় হয়ে ওঠে এবং কোটি মানুষের ভালোবাসার সফল সারথি জিয়াউর রহমান তাদের কাছে হয়ে যান অগ্রহণযোগ্য। তাদের বক্তব্য হয়ে যায় অরাজনৈতিক, অসংলগ্ন, পরশ্রীকাতর ও হিংসাত্মক। হাসিনার জিদ যায় পারদের ব্যরোমিটারের শেষ অঙ্কে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি হৃদয়ের সবটুকু ভালোবাসা সঞ্চিত করে স্যালুট ও অভিনন্দন জানাই স্বাধীনতার মহান ঘোষক লোকান্তরিত মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে; যিনি জীবন ঝুঁকি নিয়ে সশরীরে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশিদের একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন ও স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রের অভিযাত্রার সূচনা করেছেন। পৃথিবীর ইতিহাসে বিশ্বের গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী, স্বাধিকার রক্ষার আন্দোলনকারী ও প্রকৃত দেশপ্রেমের পূজারিদের কাছে আমার নেতা জিয়াউর রহমান আইকন হয়ে থাকবেন।
লেখক : সংসদ সদস্য; সাবেক সভাপতি- জাতীয়তাবাদী ছাত্রদল; সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কেন্দ্রীয় নেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন