প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।
২২ নভেম্বর রবিবার ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এ হামলা সংঘটিত হয়। বন্দরের অবস্থান একটি নৌঘাঁটির নিকটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে লিবীয় এবং রুশ নাগরিক রয়েছে বলে জানা যায়।
সূত্রগুলো দাবি করছে, হামলার সময় জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হামলার সময় তিনটি ড্রোন জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানতে দেখা যায়।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটর জানায়, হামলার শিকার জাহাজটি রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’।
রবিবারের স্যাটেলাইট চিত্রে দেখা যায়, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধুমাত্র সামনের অংশ পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের উপরিভাগের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পাশাপাশি বন্দরের জেটিতে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ধ্বংসাবশেষ।
এর আগে বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলীয় সরকারের সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে ভিড়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে রবিবার রাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে কয়েকটি সামুদ্রিক ড্রোন জাহাজটিতে হামলা চালানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন