প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। চারপাশে নীরবতা বিরাজ করছে, অধিকাংশ মানুষ গভীর ঘুমে আছেন। এমন সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমিটরি থেকে ‘হু হা’ শব্দ ভেসে আসে। ওই শব্দে সাড়া দেন অন্যরাও। ধীরে ধীরে শিক্ষক-শিক্ষার্থীরা ঘুম থেকে বেরিয়ে আসেন। তবে তাদের গন্তব্য ক্লাস বা কোনো জরুরি কাজ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে।
সেখানে সবাই একত্রিত হলেই শুরু হয় দৌড়। বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ে আবার ফিরে আসেন তারা। এরপর চলে ব্যায়াম, যোগব্যায়াম ও আত্মরক্ষার অনুশীলন। এর মাঝে যোগ হয় হাসি-কান্নার ব্যায়াম, গান এবং নানা মজার আয়োজন। কিন্তু এখানেই শেষ নয়, শরীরচর্চার পর্ব শেষ হলে তাদের জন্য অপেক্ষা করে আরও কিছু ভিন্নধর্মী কার্যক্রম।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চাবিষয়ক সংগঠন ‘কালমেঘ’-এর কথা বলছি। সংগঠনটির নামকরণ করা হয়েছে একটি ঔষধি গাছের নাম থেকে। ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকতের উদ্যোগে এর যাত্রা শুরু হয়। প্রথম দিকে তিনি একাই ভোরে উঠে হাঁটতেন এবং দৌড়াতেন। পরে ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বর্তমানে সাবেক ও বর্তমান সদস্য মিলিয়ে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৫০০ জন।
প্রতিদিনের এই আয়োজন শুরু হয় ভোরে সবাই একত্র হওয়ার মাধ্যমে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ান সদস্যরা। দৌড় শেষে বিভিন্ন স্থানে চলে শরীরচর্চা। ব্যায়াম ও যোগব্যায়ামের পাশাপাশি অনুশীলন করা হয় মার্শাল আর্ট ও আত্মরক্ষার বিভিন্ন কৌশল। এর মধ্যে রয়েছে ‘হাসি-কান্নার ব্যায়াম’। সদস্যদের বিশ্বাস, এ ধরনের অনুশীলন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সহায়তা করে।
শরীরচর্চার শেষ পর্যায়ে সবাই মিলে দেশের গান গেয়ে আনুষ্ঠানিকভাবে ব্যায়ামের পর্ব শেষ করেন। এরপর সকালের নাস্তা প্রস্তুতির কাজ শুরু হয়। একদল সদস্য ক্যাফেটেরিয়ায় খাবার প্রস্তুত করেন, অন্য দল ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেন নানা ধরনের গাছের পাতা ও লতাপাতা।
নাস্তার তালিকায় থাকে আমলকী, হরীতকী, থানকুনি, আমপাতা, বটপাতা, তেঁতুলপাতা, তুলসীপাতা ও কালমেঘের পাতাসহ বিভিন্ন ফল ও পাতা। পাশাপাশি থাকে ছোলা, বাদাম, খেজুর, কিসমিস ও কালোজিরা। এসব খাবারের রয়েছে সংগঠনের নিজস্ব কিছু নাম। যেমন কিসমিসকে বলা হয় ‘ঝিঁঝিঁ পোকা’ আর হরীতকীকে বলা হয় ‘ওল্ড পাওয়ার’। প্রতিষ্ঠার শুরু থেকেই এসব খাবারের আয়োজন ও দেখভাল করছেন প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত।
শুধু প্রতিদিনের শরীরচর্চা নয়, শুক্রবারে সংগঠনের সদস্যরা সাপ্তাহিক পদযাত্রার আয়োজন করেন। এ সময় ত্রিশালের বিভিন্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পান তারা।
কালমেঘের সদস্যদের মতে, নিয়মিত ভোরে ঘুম থেকে ওঠা এবং শরীরচর্চার অভ্যাস তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।
কালমেঘের সেক্টর কমান্ডার মোস্তাফা কামাল বলেন, ‘২০১২ সাল থেকে কালমেঘ শরীরচর্চাবিষয়ক সংগঠন হিসেবে কাজ করছে। প্রতিদিন ভোরে নজরুল ভাস্কর্যের সামনে একত্র হয়ে ‘সুজালো’ ধ্বনির মাধ্যমে কার্যক্রম শুরু করি। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক থেকে চিকনা পর্যন্ত দৌড়ে বিভিন্ন ব্যায়াম করি। পরে নতুন ভবনের সামনে যোগব্যায়াম, মার্শাল আর্ট ও ‘হাসি-কান্নার ব্যায়াম’ অনুশীলন করি। সবশেষে দেশের গান গেয়ে ব্যায়াম শেষ করি। এরপর সবাই মিলে ফল, পাতা ও অন্যান্য খাবার খাই, যার আয়োজন দেখভাল করেন দ্রাবিড় সৈকত স্যার। প্রতি শুক্রবার সাপ্তাহিক পদযাত্রার মাধ্যমে ত্রিশালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি।’
কালমেঘের নারী সদস্য নাবিলা বলেন, ‘আমিও আগে কখনও মর্নিং পারসন ছিলাম না। কালমেঘে আসার পর সকালে ঘুম থেকে ওঠার ভালো অভ্যাস তৈরি হয়েছে। সকালে উঠলে এমনিতেই দিনটা অনেক ভালো যায়। আমরা যেসব ব্যায়াম ও যোগব্যায়াম করি, সেগুলো মানসিক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি মনে করি, প্রত্যেক মানুষেরই সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করা উচিত। এতে মন ও শরীর দুটোই সুস্থ থাকে।’
কালমেঘের প্রতিষ্ঠাতা ও চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত বলেন, ‘একজন শিক্ষক হিসেবে দেখি, অনেক শিক্ষার্থী রাতে দেরি করে ঘুমায়, হতাশায় ভোগে এবং অনিয়মিত জীবনযাপন করে। সকালে ঘুম থেকে উঠে ভোরের আলো ও নির্মল বাতাসে কিছু সময় কাটালে মন প্রফুল্ল থাকে। এরপর ব্যায়াম করলে শরীরে ডোপামিন নিঃসরণ হয়, যা সারাদিন ভালো অনুভূতি নিয়ে কাজ করতে সহায়তা করে। আমি সবাইকে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিই। কারণ, এই অভ্যাস জীবনকে নিয়মের মধ্যে আনার পাশাপাশি দিনের সময়কে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন