শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪১ পি.এম
আজ শুক্রবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম হয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম সন্তান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানতে চান, তাদের কোন খেলা পছন্দ। পরে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন। শিশুরা তখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রেক্সিট ভোটের দশ বছর পর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্কের নতুন গতি আনার উদ্দেশ্যে একটি ‘রিসেট’ চুক্তিতে দুই পক্ষ সম্মত হয়েছে। শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের দপ্তর জানায়, আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, তিনটি গুরুত্বপূর্ণ নীতিগত খাতে সমঝোতা হয়েছে এবং এগুলোর কার্যকরের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। খাতগুলো হলো—তরুণদের যাতায়াত বা ‘ইয়ুথ মবিলিটি স্কিম’, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) চুক্তি এবং উভয় পক্ষের এমিশনস ট্রেডিং সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন। চুক্তিগুলোর বিস্তারিত তথ্য একটি যৌথ বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে।
আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, “চুক্তি সম্পন্ন হয়েছে—আলোচনা শেষ হয়েছে। এখন উভয় পক্ষ এটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে।”
মুখপাত্র আরও জানান, “অন্য সব আন্তর্জাতিক চুক্তির মতোই, প্রতিটি দেশে নিজস্ব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। পাশাপাশি কিছু নির্দিষ্ট বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।” সূত্র: আল জাজিরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ কবরস্থান থেকে পারকচুয়া বোরাগাছ পর্যন্ত ৫০০ মিটার কাঁচা রাস্তার নির্মাণ কাজ চলছে। এই কাজটি তিনটি গ্রামের ৪,০০০ থেকে ৫,০০০ লোক নিজেদের অর্থায়নে বেকু ব্যবহার করে সম্পন্ন করছে।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ত্রিশ বছর ধরে রাস্তা না থাকার কারণে বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে গ্রামবাসীদের নৌকা দিয়ে ধান আনতে হতো। যদিও কয়েকটি সরকার পরিবর্তিত হয়েছে, কিন্তু তাদের এই রাস্তার সমস্যার সমাধান কেউ করতে পারেনি।
রাস্তার সমস্যা সমাধান না হওয়ায়, তিনটি গ্রামের লোকজন গত তিন দিন ধরে নিজেদের অর্থায়নে কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাইজচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া, চেয়ারম্যান প্রার্থী মিজবাহ উদ্দীন মিজান, মোঃ কবির হোসেন এবং অসংখ্য গ্রামবাসী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি করা নিরপেক্ষ সরকারের বিষয়টি মূলত আরেকটি এক-এগারো সরকারের সংকেত হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “বিএনপির মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত স্পষ্ট যে, তারা নিরপেক্ষ সরকারের নামে ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটি এক-এগারো সরকারের পরিকল্পনা করছে। এটি গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও ছাত্র-জনতার চেতনার বিপক্ষে।”
তিনি অভিযোগ করেন যে, বিএনপি ‘মাইনাস টু’ আলোচনা থেকে সরে এসে এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে চাইছে। তবে, তিনি উল্লেখ করেন যে, এ ধরনের পরিকল্পনা ছাত্র-জনতা ও সচেতন মহল মেনে নেবে না।
বৃহস্পতিবার বিকেলে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে নাহিদ ইসলাম দাবি করেন, “এক-এগারো সরকারের সময় জাতীয় সরকারের প্রয়োজনীয়তা থাকলেও বিএনপি তাতে সম্মতি দেয়নি। অথচ এখন তারা নিরপেক্ষ সরকারের দাবি তুলেছে, যা মূলত আরেকটি জরুরি সরকারের জন্য ষড়যন্ত্র।”
তিনি আরও লেখেন, “সরকারে বিএনপিপন্থী অনেক লোক রয়েছেন। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে।”
এর আগে, বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ হয়, তাহলেই তারা নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে। তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।”
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছে। বর্তমান সরকারের প্রকৃতি এবং ছাত্রদের ভূমিকা এক-এগারোর সরকারের থেকে ভিন্ন। বিএনপির উচিত গণতন্ত্র ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।”
নাহিদ ইসলাম আরও বলেন, “বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে ঐক্য গড়ে তোলা সম্ভব হয়নি। অথচ ভারতের প্রধান দলগুলো ঐক্য করেছে। এ ধরনের বিভাজন বাংলাদেশকে দুর্বল করে। দেশের বড় বড় মানুষ অল্পমূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে।”
নাহিদ ইসলাম বিএনপির দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্বের প্রতি আহ্বান জানান, তারা যেন ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে বৃহত্তর ঐক্য এবং সংহতির পথ বেছে নেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় অবস্থিত আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, বার্ষিক মিলাদ, ক্রীড়া এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা। সভাপতির দায়িত্ব পালন করেন আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (অব.) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক মল্লিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান, দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম, আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াছমিন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন আজাদ, বিদ্যালয়ের দাতা সদস্য মো. আজহারুল ইসলাম মল্লিক, লাউহাটী আরফান আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ চন্দ্র দে (দুলাল), বিদ্যালয়ের সাবেক সভাপতি সুনীল কুমার দে, আটিয়া ইউনিয়ন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও আটিয়া মহিলা মাহাবিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল বারেক মিয়া, সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার পাল এবং বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ ও গান উপস্থাপন করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ