প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মো. আবদুল মালেকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। গত বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এবং থানায় সোপর্দ করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে বোর্ডের সচিব দায়িত্বরত রয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- প্রোগ্রামার মো. আবদুল মালেক, স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম এবং শহিদুল আলম জিসান। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি মহানগরীর হালিশহরে এবং মো. আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবস্থিত।
সিআইডির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রাসেল জানিয়েছেন, জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। সিআইডি তদন্ত করছে, জালিয়াতির সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না।
প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করলেও তাতে নানা অসঙ্গতি থাকায় আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেননি। ফলে ওই মামলার তদন্ত নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন